মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রী হতে চাননি, জানালেন আত্মজীবনীতে

সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রী হতে চাননি, জানালেন আত্মজীবনীতে

ভারতের সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কখনোই দেশের প্রধানমন্ত্রী হতে চাননি। তার ব্যক্তিগত মূল্যবোধের পাশাপাশি সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও চাননি, তাদের মা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করুন।২০০৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে এ বিষয়ে ছেলেমেয়ের সঙ্গে কথা বলেছিলেন সোনিয়া। নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। তার এই লেখার কিছু অংশ প্রকাশ করেছে ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।সোনিয়া লিখেছেন, নির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তা নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা করেছিলেন। এ সময় একজন সরাসরি তাকে প্রশ্ন করেন, দল জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। জবাবে সোনিয়া স্পষ্টভাবে জানান, তিনি মোটেও প্রধানমন্ত্রী হতে চান না এবং এ বিষয়ে তার মনে কোনো দ্বিধা নেই।তিনি আরও লেখেন, রাহুল ও প্রিয়াঙ্কা কেউই চাননি তাদের মা প্রধানমন্ত্রী হোন। কারণ, তাদের দাদি ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড এবং বাবা রাজীব গান্ধীর নৃশংস হত্যার ঘটনা তাদের মনে গভীর প্রভাব ফেলেছিল। এসব অভিজ্ঞতা থেকে তারা প্রধানমন্ত্রীর দায়িত্বের ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন।সোনিয়া জানান, প্রধানমন্ত্রী হতে চান না—তার এই সিদ্ধান্তে সন্তানরা স্বস্তি পেয়েছিলেন। তাদের দুশ্চিন্তা অনেকটাই কমে গিয়েছিল। একই সঙ্গে নিজের মন থেকেও যেন একটি বড় চাপ নেমে গিয়েছিল। সেই প্রথম কারও কাছে নিজের অবস্থান এত স্পষ্ট করে জানিয়েছিলেন সোনিয়া। বিষয়টি সীমাবদ্ধ ছিল তাদের তিনজনের মধ্যেই। অন্য কারও সঙ্গে এ নিয়ে আলোচনা করেননি তিনি। সোনিয়া লিখেছেন, ‘আর কারও সঙ্গে ওই নিয়ে আলোচনা করিনি। গোটা নির্বাচন পর্বে যখনই কেউ ও নিয়ে প্রশ্ন করেছেন, আমি স্পষ্টভাবে কোনো উত্তর দিইনি। আমরা তখন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছি। সেই লড়াই ছিল নিজেদের বাঁচার জন্য। দলকে অটুট ও ঐক্যবদ্ধ রেখে প্রতিপক্ষের মোকাবিলা করছি তখন। নেতৃত্ব নিয়ে আলোচনার সময় সেটা ছিল না। দলে নেতৃত্বের লড়াইও শুরু হতে দিইনি। নিজের অভিমত, আমি কী চাই, তা পুরোপুরি নিজের মধ্যেই রেখে দিয়েছি। অতি ঘনিষ্ঠদেরও কিছু বুঝতে দিইনি। আমি জানতাম, কংগ্রেসের ঐতিহ্য তিনিই বইবেন, যিনি সরকার পরিচালনার অভিজ্ঞতায় ভরপুর এবং যাঁর সততার রেকর্ড নিখুঁত।’ শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীর প্রত্যাশা সম্পর্কেও সচেতন ছিলেন সোনিয়া। তারা সারা জীবন যে আদর্শ ও লক্ষ্য নিয়ে কাজ করেছেন, তার প্রতি তার কর্তব্যবোধও ছিল। কিন্তু তখন তিনি এক জটিল সিদ্ধান্তের মুখোমুখি। একটা সত্তা ওই সম্ভাবনা খারিজ করে দেয় তো অন্য সত্তা বলে, দলীয় কর্মীদের প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে। প্রত্যাখ্যান করলে তারা আহত হবে। যারা ভোট দেবেন তাদেরও আশাহত করা হবে। অন্যদিকে, নিজের অবস্থান থেকে সরে আসতেও মন সায় দিচ্ছিল না। যুক্তি ও আবেগের এই টানাপোড়েনে কখনো একটি সিদ্ধান্ত সঠিক বলে মনে হচ্ছিল, পরক্ষণেই অন্য যুক্তি তাকে নতুন করে ভাবাচ্ছিল। এরই মধ্যে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয় সোনিয়ার বাসভবনে। সেখানে যাওয়ার আগে কংগ্রেসের সহকর্মীদের আশ্বস্ত করে শরিক নেতারা বলেছিলেন, ‘আমরা ঠিকই রাজি করিয়ে নেব।’ রাজীব গান্ধীর কনফারেন্স রুমে শুরু হয় বৈঠক। একের পর এক নেতা সোনিয়াকে প্রধানমন্ত্রিত্ব গ্রহণের অনুরোধ জানাতে থাকেন। তিনি নীরবে তাদের কথা শুনছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে অনুরোধ চলার পর নেতারা তার মতামত জানতে চান। সোনিয়া লিখেছেন, ‘আমি মনে বল এনে মনের কথা জানালাম। তা শোনামাত্র ঘরের মধ্যে একটা গর্জন উঠল যেন। শরিক দলের নেতারা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমিও দাঁড়িয়ে পড়েছি। তারা আমাকে ঘিরে ধরলেন। একজন বললেন, এটা আমরা মানবো না। আরেকজন বললেন, ম্যাডাম, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। ‘তাদের স্বর ছিল কঠিন, দৃঢ়, আগ্রাসী। তারা বললেন, আমরা এখানে “না” শুনতে আসিনি। আমি ভয় পেলাম। কেঁপে গেলাম। কোনো রকমে বিড়বিড় করে বললাম, ঠিক আছে। তারা আমাকে কথা শেষ করতে দিলেন না। একের পর এক সবাই অভিনন্দন জানাতে লাগলেন। কেউ কেউ বলে উঠলেন, উনি রাজি হয়েছেন, রাজি হয়েছেন। আমি নির্বাক, নিশ্চল, অনুভূতিহীন দাঁড়িয়ে রইলাম। তারা সন্তুষ্ট হয়ে চলে গেলেন।’ সোনিয়া তখনো খেয়াল করেননি, কনফারেন্স রুমের জানালাগুলো খোলা ছিল। একটি জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রিয়াঙ্কা। পরে মাকে তিনি জানান, পুরো বৈঠকটাই শুনেছেন। শরিক নেতারা যখন সোনিয়াকে ঘিরে ধরেছিলেন, তখন প্রিয়াঙ্কার মনে হয়েছিল, তারা যেন জোর করেই মাকে প্রস্তাব মেনে নিতে বাধ্য করছেন। কাঁদতে কাঁদতে প্রিয়াঙ্কা তখন রাহুলকে খুঁজে যাচ্ছিলেন। প্রিয়াঙ্কাকে ওই অবস্থায় দেখে রাহুল জানতে চান কী হয়েছে? প্রিয়াঙ্কার উত্তর ছিল, তাঁরা মাকে ঘিরে ধরেছিলেন। মা ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। বিচলিত দুই ভাই–বোন মায়ের কাছে ছুটে যান। চিৎকার করে রাহুল প্রশ্ন করেন, ‘তুমি হ্যাঁ বলে দিয়েছ?’। ‘আমি হ্যাঁ বলতে চাইনি। কিন্তু তারা শুনছিলেন না। আমি হতে চাই না। তোমরা জানো। কিন্তু তারা চাপ দিচ্ছিলেন।’ ‘চাপ? তারা তোমাকে চাপ দিচ্ছিলেন? আমরা তাহলে কোথায়?’ রাহুলের চোখেমুখে ক্রোধের আগুন। ‘দেখো মা, তুমি বরাবর এই বিষয়ে পরিষ্কার ছিলে।’ প্রিয়াঙ্কার চোখও লাল। সে বলল, ‘জোর করে কিছু কোরো না। যা সিদ্ধান্ত নিয়েছ, সেই অনুযায়ী কাজ কোরো। আমরা দু’জনেই তোমাকে সাহায্য করব।’ আমারও কান্না পাচ্ছিল। বেডরুম–লাগোয়া করিডরের আবছায়ায় দাঁড়িয়ে আমার মনে হলো, একটা অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিল। কে যেন সাবধান করে দিতে লাগল, আমার সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হবে। শুধু দলের জন্য নয়, দেশের জন্যও। আমাদের প্রয়োজন এক দৃঢ় সরকারের, সক্ষম প্রশাসনের, যাতে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি থেকে ভারতকে আলাদা রাখা যায়। সবচেয়ে বেশি প্রয়োজন উন্নয়ন ও প্রগতি। রাজনীতিতে আমি এসেছিলাম এক লক্ষ্য নিয়ে। জানতাম, আরএসএস ও তাদের উন্মত্ত শাখা–প্রশাখা দ্বারা উদ্বেলিত বিজেপি ক্ষমতায় এলে সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করবে, সংবিধানের অবমাননা করবে। সোনিয়া তার উপলব্ধির কথা লিখে জানিয়েছেন, তিনি নিশ্চিত, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলেই বিজেপি তার বিদেশিনী চরিত্রকে সামনে টেনে আনবে। এমন হাওয়া তুলবে যা অতীতের সব ভালো অর্জন নষ্ট করে দেবে। তিনি লিখেছেন, ‘জেনেশুনে কী করে আমি এমন দায়িত্ব নেব, যা আমার দেশকে আহত করবে? সেই দেশ যাকে আমি ভালোবাসি। না, কক্ষনো তা হতে পারে না।’ সেই রাতেই নিজের মনের সঙ্গে দ্বন্দ্ব করে ভোররাতে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সোনিয়া। প্রিয়াঙ্কা ও রবার্ট নিজেদের বাড়ি চলে গিয়েছিল। সকালে উঠে সোজা রাহুলের কামরায় গিয়ে সোনিয়া তাকে বলেন, ‘আমি মনস্থির করে ফেলেছি। নিজের নেওয়া সিদ্ধান্তেই অটল থাকব।’ রাহুল তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘এটাই ঠিক সিদ্ধান্ত।’ নির্বাচনী ফল ততক্ষণে প্রকাশিত হয়েছে। সোনিয়া প্রশান্তিতে ডুবে গেলেন। নেতা নির্বাচনের দিন সোনিয়া পার্লামেন্টের সেন্ট্রাল হলে ঢুকলেন। সবাই দাঁড়িয়ে উঠে টেবিল চাপড়ে তাকে সংবর্ধিত করলেন। একজন তার ভাষণে আরও একবার দায়িত্ব গ্রহণের কথা মনে করিয়ে দিলেন। একে একে অন্য সবাই। প্রত্যেকের এক আরজি। সোনিয়া যেন দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি অবিচল। তিনি জানেন কী তার করণীয়। আত্মকথায় সোনিয়া লিখেছেন, ‘আমি লিখিত ভাষণ পড়া শুরু করলাম। গত ছয় বছরের রাজনৈতিক জীবনে একটা বিষয়ে আমি সব সময় পরিষ্কার থেকেছি। সেই কথা বারবার বলেওছি, প্রধানমন্ত্রিত্ব লাভ আমার জীবনের লক্ষ্য নয়। সব সময় নিশ্চিত থেকেছি এই বিষয়ে যে আজকের এই পরিস্থিতি যখনই আসুক সব সময় আমি আমার অন্তরাত্মার কথা শুনব। সেই অন্তরাত্মা আজ বলছে, আমার উচিত বিনীতভাবে এই পদ প্রত্যাখ্যান করা।’ ‘শোনা মাত্র সবাই না না করতে করতে এগিয়ে এলেন। কেউ কেউ কাঁদতে থাকলেন। কেউ পাগলের মতো আচরণ করতে লাগলেন। আমি ভাষণ থামিয়ে দিয়েছি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একজন আমাকে হাত ধরে হলের বাইরে নিয়ে এলেন। আমার ছেলেমেয়েরা চলে এল। আমার পাশে তারা দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর আবার আমি সেন্ট্রাল হলে ঢুকলাম, বাকি ভাষণটুকু শেষ করতে।’ ‘আপনারা আমাকে সর্বসম্মতিতে নেতা বেছেছেন। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাস আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় চাপ সৃষ্টি করেছে। তবু আমি সেই নীতিই আঁকড়ে থাকব, যা এত বছর ধরে আমায় চালিয়ে এসেছে। ক্ষমতা কখনো আমাকে আকর্ষণ করেনি। আমার লক্ষ্যও স্থির করেনি। আমার বরাবরের লক্ষ্য এ দেশের ধর্মনিরপেক্ষতার ভিত রক্ষা করা। গরিবদের রক্ষা করা, ইন্দিরাজি ও রাজীবজি যা চিরকাল করে এসেছেন।’ সবাই ততক্ষণে বুঝে গেছেন কী ঘটতে চলেছে। তবু কেউ কেউ প্রতিবাদে সরব হচ্ছিলেন। সোনিয়া তাদের সবার কাছে অনুমতি চাইলেন নেতা নির্বাচনের জন্য। সবাই রাজি হলেন। সোনিয়া ঘোষণা করলেন মনমোহন সিংয়ের নাম। সবাই হাততালি দিয়ে উঠলেন। রাহুল, প্রিয়াঙ্কাও। সোনিয়া লিখেছেন, ‘ভাষণের কপি নিয়ে সরে এলাম। অবশেষে অগ্নিপরীক্ষা শেষ হলো।’

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream