রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি

সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা ‘২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ প্রদর্শনীতে নিজেদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে বৈশ্বিক জ্বালানিপ্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীতে নিজেদের তৈরি আবাসিক এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল এনার্জি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে ব্যবহার উপযোগী পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে আইটেল এনার্জি। প্রদর্শনীকেন্দ্রের হল ৩-এ অবস্থিত আইটেল এনার্জির স্টলে দর্শনার্থীরা সরাসরি পণ্য ও প্রযুক্তির কার্যকারিতা পরখ করতে পারবেন। আইটেল এনার্জির সব পণ্য ও প্রযুক্তি ব্যবহারে কারিগরি সহায়তা পাওয়ার পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবা এবং বিক্রয়োত্তর সুবিধাও মিলবে। আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, ‘বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হলো পণ্য, কারিগরি দক্ষতা এবং স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবাকাঠামো গড়ে তোলা। আমরা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা অনুযায়ী দৈনন্দিন জ্বালানিসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানে সহায়তা করার পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখতে চাই।’ আইটেল এনার্জির আঞ্চলিক বিপণন পরিচালক ঝেং ঝিলিয়াং বলেন, ‘আইটেল এনার্জি একটি বৈশ্বিক জ্বালানিপ্রযুক্তি ব্র্যান্ড, যা নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি–সুবিধা সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বাজারে অর্জিত সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের জ্বালানিসংক্রান্ত চাহিদা পূরণে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা দিতে চাই। পণ্য নির্বাচনের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সব পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।’ বাংলাদেশে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর বলেন, ‘আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের কারণে আমরা ব্র্যান্ডটি বেছে নিয়েছি। বাংলাদেশের গ্রাহকদের কাছে এসব পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও আমরা আত্মবিশ্বাসী।’

কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখতে এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই। আগামীকাল বৃহস্পতিবার ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ উপলক্ষ্যে আজ বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সনাতন কৃষিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় শুধু উৎপাদনশীলতা বাড়াবে না, বরং পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে এবং তরুণ প্রজন্ম নতুন উদ্যোক্তা হিসেবে কৃষিতে আগ্রহী হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে কৃষি ও কৃষকের অবদান অপরিসীম। কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে কৃষকের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া, উৎপাদন ব্যয় হ্রাস, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা বিকাশের কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। কৃষি গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশেও এ আয়োজন ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শস্য সংরক্ষণ, দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রে রয়েছে জনগণ। নির্বাচনি ইশতেহারে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন সুবিধা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে আধুনিক কৃষিপ্রযুক্তি, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি কৃষিব্যবস্থা গড়ে তোলা, যেখানে কৃষক তার শ্রমের ন্যায্য প্রতিদান পাবেন, উৎপাদন হবে অধিকতর লাভজনক এবং গ্রামীণ অর্থনীতি হবে সমৃদ্ধ ও স্বনির্ভর। কৃষক ও কৃষির সমৃদ্ধির মধ্য দিয়েই সরকার একটি স্বনির্ভর, উৎপাদনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

আদিম ব্ল্যাক হোলে সন্ধান মিলতে পারে পঞ্চম মাত্রার, দাবি বিজ্ঞানীদের

স্থান ও কালের পরিচিত চার মাত্রার বাইরে মহাবিশ্বে অতিরিক্ত কোনো মাত্রার অস্তিত্ব রয়েছে কি না, তা জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেহম্যান কলেজের একদল বিজ্ঞানী দাবি করেছেন, বিগ ব্যাংয়ের ঠিক পরপরই তৈরি হওয়া অতি ক্ষুদ্র আদিম ব্ল্যাক হোল বা প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল বিশ্লেষণ করে মহাবিশ্বে লুকিয়ে থাকা পঞ্চম মাত্রা বা ফাইভ ডাইমেনশনের সন্ধান মিলতে পারে। বিজ্ঞানীদের এ দাবি সত্য হলে মহাজাগতিক গঠন, অন্ধকার বস্তু বা ডার্ক ম্যাটার ও স্পেসটাইমের মৌলিক রহস্য উন্মোচনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের দৃশ্যমান বিশ্ব দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও সময়সমন্বিত চার মাত্রার স্পেসটাইমে অবস্থিত হলেও বিজ্ঞানীরা মনে করেন, মহাবিশ্বের গঠন আরও জটিল হতে পারে। তাঁদের মতে, আমাদের চার মাত্রার মহাবিশ্ব মূলত একটি বড় পাঁচ মাত্রার মহাজাগতিক পেছনের পটভূমির ভেতরে অবস্থান করছে। একে বিজ্ঞানীরা ডার্ক ডাইমেনশন বা ‘বাল্ক’ নামে ডাকেন। বিজ্ঞানীরা ফিজিক্যাল রিভিউ ডি নামের আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখিয়েছেন, বিগ ব্যাংয়ের পরপরই তৈরি হওয়া ক্ষুদ্র প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল এ পঞ্চম মাত্রায় প্রবেশ করতে পারে। অতি ঘন এসব আদিম ধ্বংসাবশেষ আকারে এতই ছোট যে এদের অভিকর্ষ বল চার মাত্রার বাস্তবতা থেকে পাঁচ মাত্রার ডার্ক ডাইমেনশনে ছড়িয়ে পড়তে সক্ষম। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে আমাদের পরিচিত ফোর-ডি মহাবিশ্ব মূলত একটি কাঠামো যা পাঁচ মাত্রার বাল্কের ভেতর ভেসে আছে। বিজ্ঞানী লুইস এ অ্যানকোরদোকি, অ্যালেক বেদ্রোয়া ও ডিটার লুস্ট এ গবেষণা পরিচালনা করেন। সাধারণ ব্ল্যাক হোল বিশালাকার নক্ষত্রগুলোর জ্বালানি শেষ হয়ে পতনের মাধ্যমে গঠিত হলেও প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল বিগ ব্যাংয়ের প্রথম সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে তৈরি হয়েছিল। বিজ্ঞানীদের দুটি প্রধান তত্ত্বের প্রথমটিতে বলা হয়েছে, আদি মহাবিশ্বের অতিরিক্ত ঘন পদার্থের পতন ঘটে চার মাত্রার আদিম ব্ল্যাক হোল গঠিত হলেও আকারে অত্যন্ত ছোট হওয়ার কারণে তা দ্রুত অস্থিতিশীল হয়ে পাঁচ মাত্রার বস্তুতে রূপান্তরিত হয়। দ্বিতীয় তত্ত্বে বলা হয়েছে, মহাবিশ্বের জন্মের সময় তৈরি হওয়া অতি পাতলা কসমিক স্ট্রিং নামক ওয়ান-ডি বা একমাত্রার কাঠামোর লুপ একত্র হয়ে সরাসরি পাঁচ মাত্রার আদিম ব্ল্যাক হোল তৈরি করেছিল। উভয় গণনাই নির্দেশ করছে, আমাদের মহাবিশ্বে কোনো অন্ধকার মাত্রা থাকলে বিদ্যমান প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোলগুলো মূলত পাঁচ মাত্রার বস্তু হিসেবেই টিকে রয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, পাঁচ মাত্রার ব্ল্যাক হোলগুলো চার মাত্রার সাধারণ ব্ল্যাক হোলের তুলনায় অনেক ধীরে ধীরে বাষ্পীভূত হয়। কসমিক স্ট্রিং ভেঙে তৈরি হওয়া ব্ল্যাক হোলগুলোর আয়ুষ্কাল মহাবিশ্বের ১৩ দশমিক ৮ বিলিয়ন বছরের সমান হতে পারে। এর অর্থ, এ ব্ল্যাক হোল আজও আমাদের চারপাশে অবস্থান করতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে কণার বাষ্প তৈরি করে বিলীন হয়ে যেতে পারে। ২০২৩ সালে ভূমধ্যসাগরের গভীরে অবস্থিত কেএমথ্রিনেট ডিটেক্টরে আঘাত হানা রহস্যময় ভুতুড়ে কণা বা ঘোস্ট পার্টিকেলের উৎস পাঁচ মাত্রার কোনো আদিম ব্ল্যাক হোলের বাষ্পীভবন হতে পারে বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা। যদিও প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলকে সরাসরি এখনো পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি, তবে মহাবিশ্বের ২৭ শতাংশ গঠনকারী রহস্যময় ডার্ক ম্যাটারের অন্যতম প্রধান দাবিদার হিসেবে এগুলোকে বিবেচনা করা হয়। যদি সত্যি এ অন্ধকার মাত্রার অস্তিত্ব থেকে থাকে, তাহলে আদিম ব্ল্যাক হোলসংক্রান্ত এ গবেষণা স্পেসটাইমের মৌলিক গঠন বুঝতে বিজ্ঞানীদের এক নতুন পথ দেখাবে। সূত্র: ডেইলি মেইল

আদিম ব্ল্যাক হোলে সন্ধান মিলতে পারে পঞ্চম মাত্রার, দাবি বিজ্ঞানীদের
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream