বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরিফ-আর-রাফি। তিনি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।আদেশনামায় জানানো হয়, অধ্যাপক শরিফ-আর-রাফিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম যেন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলমান থাকে, সে বিষয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।'