পোশাকশ্রমিকদের বেতন পর্যালোচনায় নতুন বোর্ড ঘোষণা
পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করতে পাঁচ সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, দ্রুত বোর্ডের সভা ডেকে নতুন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী গঠিত এই বোর্ড আজ থেকেই কাজ শুরু করবে। বোর্ড শ্রমিকদের বর্তমান নিম্নতম মজুরি পর্যালোচনা করে নতুন বেতন নির্ধারণের সুপারিশ করবে। তবে কবে নাগাদ নতুন মজুরি ঘোষণা করা হবে, তা জানাননি তিনি।বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও বিভিন্ন কারখানা বন্ধ থাকার মধ্যেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো।বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের দাবি, এই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। তাদের অভিযোগ, খাদ্য, বাসস্থান, যাতায়াত ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের জেরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শনিবার গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকেন্দ্র আশুলিয়ার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক মোড় অবরোধ করেন কয়েকশ শ্রমিক। অন্যান্য শিল্পাঞ্চলেও বিক্ষোভের কারণে যান চলাচল ও কারখানার কার্যক্রম ব্যাহত হয়। আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আজ রোববারও রাজধানীর অনেক স্থানে আন্দোলন চলছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক নেতা ও শিল্পমালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে উৎপাদন ব্যাহত হবে। এতে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ ও অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে।