আয়াতুল কুরসি লেখা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দীপাবলি উদ্যাপনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন কারিনা। ছবিতে তাকে বেইজ রঙের একটি বিশেষ নকশার পোশাক, মাথায় রত্নখচিত পাগড়ি এবং গলায় একটি লকেট পরতে দেখা যায়।জানা গেছে, লকেটটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। এটি ভোপাল রাজপরিবারের প্রায় ১০০ বছরের পুরোনো একটি লকেট।কারিনার এই লকেট পরা নিয়ে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) জাতীয় মিডিয়া সমন্বয়ক আব্বাস হাফিজ এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতেই অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।তবে এ বিষয়ে কারিনা কাপুর খানের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কারিনাকে সাজান প্রখ্যাত স্টাইলিস্ট রিয়া কাপুর। তিনি সোশ্যাল মিডিয়ায় এই রাজকীয় অলংকারের ঐতিহ্য ও বিবরণ তুলে ধরেন। রিয়া জানান, কারিনার পাগড়িতে ব্যবহৃত কালগিটি ২০০ বছরের পুরোনো, যা ভোপালের নবাবের বংশানুক্রমিক রাজকীয় অলংকার। এটি ২০১২ সালে নিজের বিয়ের দিনেও পরেছিলেন কারিনার স্বামী সাইফ আলি খান।
কারিনার গলার লকেটটিতে ছিল ভোপালের বেগমের ৩০ ক্যারেটের এক বিরল সবুজ পান্না, যাতে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।
সাইফ আলি খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ নবাবের কন্যা। সেই সূত্র ধরেই এই মূল্যবান ঐতিহ্যবাহী রাজকীয় গয়না কারিনা কাপুরের কাছে হস্তান্তর হয়। ছবি পোস্ট করে কারিনা ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রথাগত ঐতিহ্য সঠিকভাবে মানাই হলো দিওয়ালি।’
পবিত্র কোরআনের অত্যন্ত মর্যাদাপূর্ণ বাণী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরে উৎসব ও ফ্যাশন শুটে অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোপালের অনেক বাসিন্দা। আব্বাস হাফিজ ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বদের অভিযোগ, পবিত্র ধর্মীয় আয়াত খোদাই করা অলংকার এভাবে ফ্যাশন অনুষঙ্গ বা উৎসবের অংশ হিসেবে পরিধান করা অত্যন্ত স্পর্শকাতর এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই প্রেক্ষিতেই কারিনাকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি