নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা
বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর দক্ষিণ কিছামত দোগাছি মাদকবিরোধী কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিছামত দোগাছি বাইপাস মসজিদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ। টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান।বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তাঁরা।এছাড়াও টুপামারী ইউনিয়নের বিট অফিসার এসআই সুমন ইসলাম, ইউপি সদস্য মো. মকবুল হোসেন, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমেদ রায়হান, মাদকবিরোধী কমিটির সদস্য শেখ প্রান্ত আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এ সময় স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শফিজুল ইসলাম ওরফে লাঙ্গল নামে এক ব্যক্তি আর মাদক বিক্রি না করার শপথ নেন।