রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের নিরাপত্তাপ্রধান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের নিরাপত্তাপ্রধান

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাইম আবু নাহেলসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির পশ্চিমাঞ্চলে চালানো হামলার লক্ষ্য ছিলেন ৫০ বছর বয়সী নাইম আবু নাহেল।গত সেপ্টেম্বর মাসে তিনি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ইসরায়েলি বিশেষ বাহিনীর এক অভিযানে তাঁর আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আটক করা হয়েছিল।এ হামলায় নাইম আবু নাহেলসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ ও জরুরি উদ্ধারকর্মীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবু নাহেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো সম্পর্কে তাঁর ব্যাপক প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল। তাঁর মৃত্যুতে সংগঠনটির ব্যবস্থাপনা ও পরিচালন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া যুদ্ধের সময় ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনায় তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা সিটির একটি বাস্তুচ্যুত মানুষের তাঁবুশিবিরের কাছে একটি গলিপথ দিয়ে হাঁটার সময় ড্রোন থেকে আবু নাহেলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এর আগে গাজার অন্য দুটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গাজা সিটির দক্ষিণে ওয়াদি গাজা এলাকায় নিহত তিনজনের মধ্যে এক কিশোরও রয়েছে। অন্য তিনজন নিহত হন খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি পুলিশ স্টেশনে হামলায়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে গাজার পুলিশ বাহিনী। তাদের অভিযোগ, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ইসরায়েল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ওই দুই এলাকায় সামরিক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৩ মাসে অন্তত ১ হাজার ৬৭৯ জন নিহত হয়েছে। একই সময়ে গাজায় ছয় ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে শীত ও মানবিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চলতি মাসের ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ ইসরায়েলকে তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা, ওষুধসহ জরুরি ত্রাণ সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন ২৭২ জন, যা স্বাভাবিক মাসিক গড়ের প্রায় আট গুণ। এ বছর এ রোগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৭৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার হবেন পলাতক আসামি

বিতর্কিত কোনো ব্যক্তি কিংবা পলাতক আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় সীমান্তের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।কর্নেল নাসির উদ্দিন বলেন, সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।তিনি আরও জানান, ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত কাজ করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে।সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি (অল-টেরেন ভেহিকেল) ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় ভারতে পলাতক লোকজনের তৎপরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবির এই সেক্টর কমান্ডার বলেন, এ বিষয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ে তৎপরতার মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত ওই সব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি। তবে কর্নেল নাসির উদ্দিন বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিরোধ করা হয়েছে বলে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার বলেন, এই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে কর্নেল নাসির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে কিংবা কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে দ্রুত বিজিবিকে জানাবেন।

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার হবেন পলাতক আসামি

জননিরাপত্তায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য।সোমবার (২৩ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।মোতায়েন করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি করছেন। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

জননিরাপত্তায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ সাত জেলায় বিজিবির ৯৬ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব সদস্য দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা কাজ করছেন। বিজিবি বলছে, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবির সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, তারা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোয়ও সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা, ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

ঢাকাসহ সাত জেলায় বিজিবির ৯৬ প্লাটুন মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে।এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে ১৫ প্লাটুন। আর নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় রয়েছে ৭ প্লাটুন বিজিবি।শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল বিজিবি সদর দপ্তরে চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিজিবি জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বিদেশি শিক্ষার্থীরা, দেশে ফিরছেন ৮ চীনা নাগরিক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশে আসা আট চীনা শিক্ষার্থী।ইতোমধ্যে তাঁদের মধ্যে দুজন বুধবার (১২ নভেম্বর) চীনে ফিরে গেছেন। বাকি ছয়জনের আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে।বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার।তিনি জানান, বুধবার সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেছেন। এ সময় তাঁদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মতামতও জানতে চেয়েছেন তিনি। জানা গেছে, চীনের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তাঁরা এই কোর্সের অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন। স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা সম্পন্ন করে তাঁদের যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণেই তাঁরা আগেভাগে চলে যাচ্ছেন। দুজন ইতিমধ্যে চলে গেছেন এবং বাকি ছয়জনও বিমানের টিকিট নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও বৈঠক হয়েছে। তাঁরা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোনো সিদ্ধান্ত নিলে তা হল প্রশাসনকে অবহিত করবেন। প্রাধ্যক্ষ বলেন, ককটেল বিস্ফোরণের দিন ওই বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দুজন ঘটনাটি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। মূলত এর পর থেকেই তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছিল। উল্লেখ্য, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করেছে এবং প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে।

ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বিদেশি শিক্ষার্থীরা, দেশে ফিরছেন ৮ চীনা নাগরিক

কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার, যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এসআরবি-১৩, রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ৫৬৬টি মন্দির-মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩-এর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সব সময় সমন্বয় বজায় রাখা হচ্ছে। মেজর সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখা গেলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানান। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা সম্ভব হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। প্রেস ব্রিফিং শেষে তারা জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। বিডি-প্রতিদিন/এমই

কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার, যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান

দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট দিন তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে। আজ বৃহস্পতিবার এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রাজধানীর খিলগাঁওয়ে আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তাঁরা প্রত্যাশা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে আনসার-ভিডিপির সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এদিকে আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রম তদারকি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। অ্যাপটির তিনটি অংশ—এন্ড-ইউজার, রেসপন্ডার ও ওভারসাইট প্যানেল। পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী ভিডিপি সদস্যরা তথ্য সরবরাহ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন জরুরি পরিস্থিতিতে সমন্বিত ব্যবস্থা নেবে। আর ওভারসাইট প্যানেলের মাধ্যমে সার্বিক কার্যক্রম তদারকি, ঘটনা ও দুর্ঘটনা মোকাবিলা এবং গুজব প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।

দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি সম্পর্কে যথাসময়ে হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমান। এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে রিয়াদগামী যাত্রীদের যাত্রাসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream