স্মৃতি মান্ধানাকে সরিয়ে আবারও শীর্ষে লরা উলভার্ট
আইসিসির নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা।মঙ্গলবার (২৭ অক্টোবর) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে প্রথম স্থানে উঠে এসেছেন উলভার্ট। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৮২। অন্যদিকে, ৭৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন মান্ধানা।২০২৫ সালের নভেম্বরের পর আবারও ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা। সব মিলিয়ে নবমবারের মতো র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখল করলেন তিনি। এর আগে ২০২২ সালের মার্চে প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন লরা উলভার্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে মান্ধানা করেন যথাক্রমে ৩২ ও শূন্য রান। দুই ইনিংসে প্রত্যাশা পূরণ করতে না পারায় রেটিং পয়েন্ট হারাতে হয় তাঁকে।
র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মার। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
এই পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন দীপ্তি। বোলারদের তালিকায় এক ধাপ উন্নতি করে তাঁর অবস্থান এখন অষ্টম। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।