বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফিরে আসার গল্পে ফিরছেন না সুমাইয়া শিমু

ফিরে আসার গল্পে ফিরছেন না সুমাইয়া শিমু

মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। উচ্ছ্বসিত ছিলেন তিনি নাটকটি নিয়ে। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি। তবে হঠাৎ জানা গেল, ধারাবাহিকটিতে সুমাইয়া শিমু থাকছেন না। ফিরে আসার গল্পে রুকাইয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল শিমুর। চরিত্রটি নিয়ে শিমু বলেছিলেন, ‘বিরতির পর ফেরার মতো গল্প ও চরিত্র।’ তবে পর্দায় আর রুকাইয়া হয়ে ওঠা হলো না তাঁর। সুমাইয়া শিমুর পরিবর্তে এই চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার। আগে থেকেই এই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন দীপা। তাঁর অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে। সেই চরিত্রে সম্প্রতি যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী। ফিরে আসার গল্প ধারাবাহিকের অভিনয়শিল্পী পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে সুমাইয়া শিমুর ফটোশুটের সব ছবি। নতুন করে মরিয়ম চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে রোজী সিদ্দিকীকে। ফিরে আসার গল্প ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে সুমাইয়া শিমুর সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। নির্মাতার সঙ্গে যোগাযোগ করেও মেলেনি উত্তর। জানা গেছে, অসুস্থতার কারণে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শিমু। চোখের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ফিরে আসার গল্প দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজু প্রমুখ। আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ফিরে আসার গল্প ধারাবাহিকের। দেখা যাবে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায়। এখন পুরোদমে চলছে শুটিং।

২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার চার বিশেষ নাটক

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর চয়নিকা চৌধুরী প্রথম নাটকের শুটিং করেন। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে চার শতাধিক নাটক বানিয়েছেন। ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা পরিচালনা করেছেন। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি। ১৮ সেপ্টেম্বর নাটকগুলো প্রচারিত হবে চারটি ভিন্ন টিভি চ্যানেলে, পরদিন প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেলে। চ্যানেল আইয়ে প্রচারিত হবে ইফফাত আরেফিন তন্বির লেখা ‘সময় একটু থামো’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রোজী সিদ্দিকী, ফারজানা ছবি প্রমুখ। টিভিতে প্রচারের পর নাটকটি দেখা যাবে গানচিল ইউটিউব চ্যানেলে। এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘বিষণ্ন মেঘ’। চয়নিকা চৌধুরীর দেখা সত্য ঘটনা অবলম্বনে নাটকটি লিখেছেন ইফফাত আরেফিন তন্বি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, সাদিয়া আয়মান, ডলি জহুর প্রমুখ। এটিএনে প্রচারের পর প্রকাশ পাবে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে। বৈশাখী টিভিতে দেখা যাবে নাটক ‘জোছনায় ফেরা’। এটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকার প্রমুখ। এটি দেখা যাবে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে। আহমেদ তৌকীরের লেখা ‘প্রথম দেখার পর’ দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত ও ডলি জহুর। টিভিতে প্রচারের পর প্রকাশ পাবে জি সিরিজ ইউটিউব চ্যানেলে। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তির এই আয়োজন নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘সময় আসলে কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে, এই তো সেদিন ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর নির্মাতা হিসেবে প্রথম শুটিং করেছিলাম। অনেক ভয়ে ছিলাম। সেদিনের কথা মনে পড়লে আজও ভয় করে। দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। নির্মাণ আমার কাছে প্রার্থনার মতো। রজতজয়ন্তী উপলক্ষে অনেকে বড় ধরনের আয়োজন করে। আমার মনে হয়েছে এখনো সেই সময় হয়নি। মনে হলো নাটক বানাব। যে দর্শকের ভালোবাসায় নাটক বানিয়ে যাচ্ছি, তাদের জন্যই এই চারটি নাটক।’

২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার চার বিশেষ নাটক

তরুণদের নিয়ে নতুন যাত্রায় মোশাররফ করিম

মোশাররফ করিমের পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই। ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেবেন মোশাররফ। ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী অভিনয় কর্মশালা। একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস আয়োজিত এই কর্মশালায় অভিনয়ের পাঠ দেবেন মোশাররফ করিম। তিনি ছাড়াও থাকবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক। কর্মশালাটি ভাগ করা হয়েছে দুই ভাগে। প্রথম ভাগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘থিওরি অব অ্যাকটিং’ সেশনে ইউসুফ হাসান অর্ক তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন। অর্কের আলোচনার বিষয়বস্তু—অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণ (স্তানিস্লাভস্কি), টেম্পো, রিদম ও শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের মাস্টারক্লাস। ‘আর্ট অব অ্যাকটিং’ সেশনে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন তিনি। চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের মধ্যে প্রবেশ করার পদ্ধতি, চরিত্রের আবেগকে সত্যিকারের অভিনয়ে রূপ দেওয়ার কৌশল, পরিচালকের নির্দেশনা বোঝা ও নিজের সঙ্গে সমন্বয় করার নিয়ম এবং একজন পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা নিয়ে কথা বলবেন মোশাররফ করিম। নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ৫০ জন এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আয়োজকেরা মনে করেন, অভিনয়ের সঙ্গে যুক্ত বা আগ্রহ আছে এমন যে কারও জন্য এই ওয়ার্কশপ আজীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে। এর আগে নির্দেশনা, সাউন্ড ডিজাইন, লোকেশন, সিনেমাটোগ্রাফি, প্রযোজনাসহ নানা বিষয়ে কর্মশালার আয়োজন করেছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস। এই উদ্যোগের প্রশংসা করে মোশাররফ করিম বলেন, ‘বাংলাদেশে এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে নাটক, সিনেমায় যাঁরা কাজ করতে চান তাঁদের জন্য নানা কার্যক্রম এখানে আছে। মূলত এক দিনের ক্লাস। এই ক্লাসগুলো করলে নানা জটিল বিষয় সরল হয়ে যাবে।’

তরুণদের নিয়ে নতুন যাত্রায় মোশাররফ করিম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream