৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ মাফ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন। মওকুফ করা হবে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি। আর ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে কৃষকদের ঋণ মওকুফের ঘোষণা দেন। এ ঘোষণাকে রাজ্যটির ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।বিজয় জানান, মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, এতে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের ১০০ শতাংশ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি মওকুফ দেওয়া হবে।