একসঙ্গে আড্ডা, ছবি থেকে এখন কটাক্ষ! যা ঘটেছিল অপু-পরীমনির মধ্যে
একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। অপু বিশ্বাস পরীমনিকে নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিতেন। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও পূজা চেরী। চারজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও ও আড্ডার মুহূর্তও শেয়ার করতেন তাঁরা।কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই সম্পর্ক। এখন অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, একে অপরকে নিয়ে কটাক্ষ এবং বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া মন্তব্যে তাঁদের বিরোধ সামনে আসছে। সব মিলিয়ে নতুন করে আলোচনায় এই দুই অভিনেত্রী। কিন্তু একসময় এত ভালো সম্পর্ক থাকার পরও কেন তাঁদের মধ্যে এমন দূরত্ব তৈরি হলো?২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস পরীমনি, তমা মির্জা ও পূজা চেরীকে নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘পরী মেজ, তমা সেজ ও পূজা চেরী আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।’তখন অপু বিশ্বাস জানিয়েছিলেন, তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। সন্তান লালন-পালন নিয়ে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে পরীমনি ও তমা মির্জা তাঁকে ফোন করে পরামর্শ নিতেন। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক ছিল বেশ ভালো।তবে সেই সম্পর্ক এখন আর আগের মতো নেই। তমা মির্জা ও পূজা চেরীর সঙ্গে অপুর বর্তমান সম্পর্ক নিয়ে তেমন আলোচনা না থাকলেও পরীমনির সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট। সাম্প্রতিক সময়ে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও প্রকাশ্য মন্তব্যে সেই বিরোধ আরও বেশি আলোচনায় এসেছে।
ঘটনার সূত্রপাত ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। অপু বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর পোস্টে অপুর বক্তব্যের প্রসঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। প্রথমে অপুর বক্তব্য আরও পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। পরে পোস্টের ভাষায় যোগ হয় ব্যক্তিগত কটাক্ষ। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। একপর্যায়ে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি।
পরীমনির এসব মন্তব্যের জবাব আসে অপুর কাছ থেকেও। গত রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনির উদ্দেশে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ এ সময় পরীমনির অভিনীত সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করে মন্তব্য করেন তিনি। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন অপু। তাঁর মতে, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
অপুর ‘লেভেল’ মন্তব্যের জবাবও দিয়েছেন পরীমনি। গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। পরীমনি ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০–তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’
তবে দুই অভিনেত্রীর সম্পর্কের অবনতির পেছনে শুধু সাম্প্রতিক এই ব্র্যান্ড বিতর্কই কারণ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে দুজনের কাজ করাটাই সম্পর্কের দূরত্ব তৈরিতে কাজ করেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে দুজনের সম্পর্ক ভালো ছিল। একসঙ্গে আড্ডা দিতেন, সন্তানদের নিয়েও তাঁদের মধ্যে কথা হতো। কিন্তু একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই সম্পর্কে অবনতি হতে থাকে বলে জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠজনেরা। যদিও এ বিষয়ে দুই অভিনেত্রীর কেউই প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির বিভিন্ন পোস্ট ঘিরে অপুকে নিয়ে আলোচনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট আলোচনায় আসে। সেখানে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেছিলেন পরীমনি; যদিও সেই পোস্টে সরাসরি অপুর নাম উল্লেখ করেননি তিনি।
একসময় যাঁকে ছোট বোন বলতেন অপু, যিনি আবার অপুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেই দুই অভিনেত্রী এখন একে অপরের সমালোচনায় সরব। শুভেচ্ছাদূত পরিচয় নিয়ে শুরু হওয়া বিতর্ক গড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ ও অভিনয়জীবনের সাফল্য নিয়ে প্রশ্ন তোলায়। বন্ধুত্ব থেকে এই প্রকাশ্য বিরোধে যাওয়ার পেছনে পেশাগত প্রতিযোগিতা, নাকি আরও কোনো ব্যক্তিগত মান–অভিমান কাজ করছে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।