মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি। সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যার বায়ুমান স্কোর ১৯০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে গত কয়েক দিন ধরেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। আজ ১৬৪ স্কোর নিয়ে তালিকার ৮ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ধরা হয় ‘অস্বাস্থ্যকর’। বুধবার (১৪ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যার বায়ুমান স্কোর ১৯০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।  এ ছাড়া বায়ুমান স্কোর ১৮৮ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৭৯ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ১৭৭। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। বিডি-প্রতিদিন/টিএ

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি সাততলা ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান ফুয়াদ। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার বাবা মোস্তাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক। নাঈমের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ইয়াসিন আরাফাত জানান, নাঈমসহ কয়েকজন সাইদনগরের ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসার দ্বিতীয় তলায় মেস করে থাকতেন। ভবনটির পাশেই একই মালিকের আরেকটি ভবন রয়েছে। মাঝখানের সংযোগপথ দিয়ে দুই ভবনের ফ্ল্যাটে যাতায়াত করা যায়। তারা জানান, শুক্রবার সকালে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই শুনে বেরিয়ে দুই ভবনের মাঝখানে নাঈমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানান, কীভাবে নাঈম নিচে পড়ে গেছেন, তা তারা দেখেননি। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। তবে ভবনের কেয়ারটেকারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, নাঈম এক ভবন থেকে পাশের ভবনে গিয়ে কাউকে ডাকাডাকি করেছিলেন। এ সময় তিনি বারান্দা থেকে পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নাঈমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (১২ সেপ্টেম্বর)ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দিন আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream