শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
উৎসবের মধ্যেই বিষাদের খবর, বাবাকে হারালেন সোহম চক্রবর্তী

উৎসবের মধ্যেই বিষাদের খবর, বাবাকে হারালেন সোহম চক্রবর্তী

উৎসবের আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর পরিবারে। বাবাকে হারিয়েছেন তিনি। গত ৯ অক্টোবর রাতে মারা যান তার বাবা সুব্রত চক্রবর্তী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজার সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দশমীর দিন অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। সেখানে রেখেই তার চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়েছিল। বাবার মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছেন সোহম ও তার পরিবারের সদস্যরা। তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বাবার জন্মদিনও বেশ ঘটা করে উদ্‌যাপন করতেন অভিনেতা। ২০২১ সালে সুব্রত চক্রবর্তীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন তিনি। বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি এখন নিশ্চয়ই আরও বেশি করে মনে পড়ছে অভিনেতার। এদিকে ব্যক্তিগত শোকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন সোহম। ২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর হারিয়েছেন বিধায়ক পদ। এর পাশাপাশি তার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ।  সূত্র: আনন্দবাজার 

জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন মিমি

আবারও শুরু হয়েছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে বিয়ের আলোচনা। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি তার জীবনসঙ্গীকে এবার খুঁজে পেয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী।  তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন, পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা। জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা। মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তারা নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পাঠাচ্ছে। তবে বিয়ে প্রসঙ্গে মিমি বা তার হবু বর, কেউই এখনো মুখ খোলেননি। মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে আলোচনায় থাকলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশকিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এর মধ্যেই তার বিয়ের খবর সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন মিমি

বাংলাদেশি ছবির শুটিংয়ে নেপালে গিয়ে দুর্যোগে খরাজ-রজতাভ

বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে টালিউডের দুই প্রখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত নেপালে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন।   হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, টালিউডডের এই দুই শিল্পী বাংলাদেশের একটি ছবির শ্যুটিংয়ের কাজে নেপালে গিয়েছেন। অভিনেতা খরাজের সঙ্গে তার স্ত্রী এবং শুটিং দলের অন্যান্য সদস্যরাও সেখানে রয়েছেন।  নেপালের চীন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বানের দাপটে ধূলিসাৎ বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। অভিনেতার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। খরাজের চিন্তায় উদ্বিগ্ন পরিবার থেকে শুরু করে অনুরাগীর। অভিনেতাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, যে তারা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। তিনি জানান গত ২০ তারিখ তারা নেপালে পৌঁছেছিলেন। কিন্তু পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়। অত্যন্ত কষ্ট করে বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছে তাদের। খরাজ আরও জানান, দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তারা ধরতে পারেননি। ফলে সড়কপথে ভারত সীমানার কাছে গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে ২৮ তারিখে সরাসরি কলকাতার বিমান ধরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তারা। তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে আচমকা জলস্তর মারাত্মক বৃদ্ধি পাওয়ায় তিমুরে ও স্যাফ্রুবেশি-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজার, রাস্তা ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বহু পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন। আপাতত নেপাল সেনা ও নিরাপত্তা বাহিনী উদ্ধারে নেমেছে এবং দুর্যোগের কবলে থাকা ভারতীয়রা নিরাপদে ফিরে আসার পথ খুঁজছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রসুয়া জেলায় হড়পা বানের ঘটনায় ইতিমধ্যেই অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বাংলাদেশি ছবির শুটিংয়ে নেপালে গিয়ে দুর্যোগে খরাজ-রজতাভ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream