সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
ব্রাজিল–বাংলাদেশ ম্যাচে নতুন স্বপ্ন ফুটবলপ্রেমীদের

ব্রাজিল–বাংলাদেশ ম্যাচে নতুন স্বপ্ন ফুটবলপ্রেমীদের

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ বাংলাদেশের মাটিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।  ঢাকায় আগামী ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল গতকাল দুপুরে ঢাকায় আসে। এরপর ঢাকার জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম থেকে শুরু করে সবকিছু দেখে তারা। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপ দেখা গেছে। ব্রাজিল প্রতিনিধি দল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন এবং মাঠও পছন্দ হয়েছে তাদের। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে ভিনিসিয়ুস জুনিয়র-অ্যালিসদের পা বাংলাদেশের মাটিতে পড়তেও পারে। ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকার মাঠে অনুশীলন করে কলকাতায় ব্রাজিল দলটি যেতে পারে বলে আলোচনা চলছে।  এর মধ্যেই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবর, বাংলাদেশে এসে শুরুতে শুধু অনুশীলন করার পরিকল্পনা ছিল ব্রাজিলের। কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা, অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, হোটেল, পরিবহন ও নিরাপত্তাব্যবস্থা দেখে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় সেখান থেকে বাংলাদেশে এসে আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা দেখছে ব্রাজিল। এরপরই বাংলাদেশকে ৬ অক্টোবর ম্যাচ খেলার প্রস্তাব দেয় ব্রাজিল। তবে এখনই ম্যাচটি চূড়ান্ত বলা যাচ্ছে না। বাংলাদেশের এশিয়ান কাপের সূচি এখনো নির্ধারিত হয়নি। ৬ অক্টোবর ম্যাচ খেলতে হলে তার আগে বাংলাদেশকে ইন্দোনেশিয়ায় নিজেদের ম্যাচ শেষ করে দেশে ফিরতে হবে। সবকিছু সময়মতো মিলে গেলে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে হামজা চৌধুরীর বাংলাদেশ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream