দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল
গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। প্রথমে তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে তাদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে।
এর আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকাল কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। শিল্প পুলিশ, জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে।