রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জনগণের সংকট দেখছে না সরকার: শফিকুর রহমান

জনগণের সংকট দেখছে না সরকার: শফিকুর রহমান

বিরোধদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন দেশে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জনগণের নানা ‘সংকট’ সমাধানে সরকার ব্যর্থ। তিনি বলেছেন, ‘সংসদে দাঁড়িয়ে যারা দেশের কোনো সংকট নেই বলে মিথ্যা কথা বলেন, তাদের দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।’ আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। জামায়াত আমির বলেন, ‘বিদ্যুৎ কোথাও নেই কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই! সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না।’ গণভোটের প্রসঙ্গ টেনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘আপনারা দুটো ভোট দিয়েছেন। একটি সংসদের জন্য, আরেকটি বাংলাদেশকে মেরামত ও সংস্কার করার জন্য। সরকারি দল ও বিরোধী দল সবাই একমত হয়েছিলাম—গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করা হবে। ছয় মাস চলে গেছে, সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। ” বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘শুরু থেকেই এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের দাবি অগ্রাহ্য করেছে। অতীতে যারা জনগণের দাবি অগ্রাহ্য করেছে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে।’ সরকার সব জায়গায় দলীয়করণ করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সব জায়গায় আপনারা দলীয়করণ করবেন, আর বিরোধী দল বসে বসে কি আঙুল চুষবে? বিরোধী দল সেসব জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে!’

গ্যাস-বিদ্যুৎ সরবরাহে ঘাটতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ বর্তমানে দেশে  নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক মাসের তেলের মজুত বাড়িয়ে ছয় মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে দেড় মাসের যে মজুত রয়েছে, তা দ্রুত তিন মাসে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ছয় মাসে উন্নীত করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সারাদেশে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। দেশে বর্তমানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নেই। তবে এই সংকট কাটিয়ে উঠতে সরকার স্থানীয়ভাবে গ্যাস উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ জোর দিচ্ছে। সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করতে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টি সাময়িক উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, বিদ্যমান সমস্যা দূর করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন মেটাতে বিদেশ থেকে নিয়মিত গ্যাস আমদানি করা হচ্ছে। তবে শুধু গ্যাস আমদানি করলেই সংকট পুরোপুরি কাটবে না, বরং এর জন্য প্রয়োজনীয় এলএনজি স্টেশন স্থাপন করতে হবে। নতুন এলএনজি স্টেশন বসাতে কিছুটা সময় লাগবে জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

গ্যাস-বিদ্যুৎ সরবরাহে ঘাটতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream