মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
গণমাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি: আন্দালিভ পার্থ

গণমাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি: আন্দালিভ পার্থ

অতীতে গণমাধ্যমে ফ্যাসিস্টরা নগ্ন হস্তক্ষেপ করেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত রক্ষা পায়নি। আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারেনি। ভোলা প্রেসক্লাবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সাংবাদিকদের উদ্দেশে পার্থ বলেন, ‘আমি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত। কাউকে জোর করে প্রেসার দিয়ে ভালো বানানো যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে। সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা পাশে থাকবেন-এটাই প্রত্যাশা করি।’  তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য আসে। এসব বরাদ্দ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।’ পার্থ বলেন, ‘অযথা বা অহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়, সেটিও মনে রাখতে হবে।’ তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।’ ভোলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলি—আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান।’ তিনি আরও বলেন, ‘ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই। আমি সবার, সবাই আমার। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়নই হবে। তবে এসব উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে করা হবে।’

গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন ও শক্তিশালী সংবাদমাধ্যম ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য তুলে ধরার আহ্বান জানান। তবে সংবাদমাধ্যমের মালিকানা কাঠামো ও আর্থিক বাস্তবতা সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে টেকসই গণতন্ত্র গড়ে উঠতে দীর্ঘ সময় লেগেছে, অথচ বাংলাদেশে সবাই দ্রুত পরিবর্তন প্রত্যাশা করে। তার ভাষায়, ‘আমরা সবাই চাই একটি শক্তিশালী গণমাধ্যম থাকুক, যেখানে আলোচনা-সমালোচনা হবে। কিন্তু অনেক সময় টকশো দেখলে মনে হয়, সরকার পুরোপুরি ব্যর্থ এবং দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও টেকসই হবে।’মির্জা ফখরুলের মতে, বর্তমানে সরকারের পক্ষ থেকে আগের মতো সরাসরি চাপ না থাকলেও অনেক সাংবাদিক নিজেরাই আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযমের চর্চা করেন। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় আরও ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন।সংবাদমাধ্যমের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, অনেক সাংবাদিককে কোনো পূর্ব নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠানে ন্যায্য বেতন ও চাকরির নিরাপত্তাও নিশ্চিত নয়। অথচ এসব বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত প্রতিবাদ দেখা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ভিন্নমতের প্রতি সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা। নিজের মতের সঙ্গে মিল না থাকলেও অন্যের বক্তব্য প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক অসহিষ্ণুতা বাড়লে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সম্ভব হয়নি। তার দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতান্ত্রিক চর্চার সূচনা করেছিলেন এবং পরে খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তবে বিভিন্ন সময়ে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream