শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখতে এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই। আগামীকাল বৃহস্পতিবার ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ উপলক্ষ্যে আজ বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সনাতন কৃষিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় শুধু উৎপাদনশীলতা বাড়াবে না, বরং পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে এবং তরুণ প্রজন্ম নতুন উদ্যোক্তা হিসেবে কৃষিতে আগ্রহী হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে কৃষি ও কৃষকের অবদান অপরিসীম। কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে কৃষকের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া, উৎপাদন ব্যয় হ্রাস, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা বিকাশের কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। কৃষি গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশেও এ আয়োজন ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শস্য সংরক্ষণ, দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রে রয়েছে জনগণ। নির্বাচনি ইশতেহারে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন সুবিধা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে আধুনিক কৃষিপ্রযুক্তি, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি কৃষিব্যবস্থা গড়ে তোলা, যেখানে কৃষক তার শ্রমের ন্যায্য প্রতিদান পাবেন, উৎপাদন হবে অধিকতর লাভজনক এবং গ্রামীণ অর্থনীতি হবে সমৃদ্ধ ও স্বনির্ভর। কৃষক ও কৃষির সমৃদ্ধির মধ্য দিয়েই সরকার একটি স্বনির্ভর, উৎপাদনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

কৃষিঋণ মওকুফে স্বস্তি কত দিন থাকবে, প্রশ্ন নাসীরুদ্দীনের

সরকার ক্ষুদ্র কৃষকদের সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এতে প্রায় ১৪ লাখ ৩৪ হাজার কৃষক উপকৃত হয়েছেন। এই উদ্যোগকে কৃষকদের জন্য স্বস্তির খবর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঋণ মওকুফের ফলে কৃষকরা আপাতত কিছুটা স্বস্তি পাবেন। তবে এই স্বস্তি কত দিন থাকবে, সেটিই দেখার বিষয়।তিনি আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফ করে আবারও ঋণ নেওয়ার একই পরিস্থিতিতে ফেলে দিলে এই উদ্যোগের সুফল কতটা পাওয়া যাবে? শুধু ঋণ মওকুফ করলেই হবে না, কৃষকদের বারবার ঋণ নিতে হয় কেন, সেই সমস্যারও সমাধান করতে হবে। এদিকে সারের ডিলারশিপ নিয়েও বেশ চমৎকার বন্দোবস্ত! লক্ষ্মীপুরে ৫৭ জন নির্বাচিত ডিলারের অন্তত ৪৫ জনই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পীরগাছায় ডিলারশিপ ঘিরে কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগ।  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ অযোগ্য নন। কিন্তু লাখ লাখ টাকা দিয়ে ডিলারশিপ কেনাবেচার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে একটা সাধারণ প্রশ্ন থাকে। ডিলার সাহেব কি কৃষকের সেবা করতে নিজের পকেট থেকে এত টাকা খরচ করবেন, নাকি সারের বস্তায় বস্তায় সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করবেন? সরকার কৃষককে ভর্তুকি দিচ্ছে, মাঝখানে সেই ভর্তুকিরও আবার ভাগবাঁটোয়ারা হবে না তো?’ এনসিপি নেতা বলেন, ‘এরপর কৃষক ফসল ফলিয়ে বাজারে পাঠাবেন। পঞ্চগড়ে কৃষকের ২-৩ টাকার লাউ ঢাকায় এসে ৫০-৬০ টাকা! পঞ্চগড় থেকে ঢাকা আসতে আসতে লাউয়ের দাম বিশ গুণ বেড়ে যায়। লাউয়ের এত উন্নতি হচ্ছে, অথচ লাউচাষির ভাগ্যের কোনো উন্নতি হচ্ছে না! পরিবহন খরচ আছে, শ্রমিকের মজুরি আছে, কিন্তু পথে পথে চাঁদাবাজি আর বাজারের সিন্ডিকেটের হিসাবটা কোথায়? কৃষক বিক্রি করে ঠকেন, ক্রেতা কিনে ঠকেন। মাঝখানে যারা আছেন, তারা তাহলে এত দিন কীসের ব্যবসা করছেন?’ তিনি বলেন, ‘কৃষকের ঋণ মওকুফের উদ্যোগ ভালো ফল দিতে পারে। কিন্তু সারের ডিলারশিপে অনিয়ম, বাড়তি দামে সার বিক্রি, পথে চাঁদাবাজি আর বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ না হলে সেই কৃষক আবার ঋণ করবেন। ডিলার নিয়োগে স্বচ্ছতা, কৃষকের ন্যায্যমূল্য এবং সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করাই এখন বড় কাজ। সরকার দশ হাজার টাকার ঋণ মওকুফ করেছে, ভালো কথা। কিন্তু কৃষককে এমন ব্যবস্থায় রাখবেন না, যেখানে আগামী বছর আবার দশ হাজার টাকা মওকুফ করার সুযোগ তৈরি হয়। কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্তও করুন। কৃষকের দুই টাকার লাউ ক্রেতার কাছে ষাট টাকা হতে পারে, কিন্তু মাঝখানের আটান্ন টাকার হিসাবটা অন্তত জনগণকে বুঝিয়ে দিন।’

কৃষিঋণ মওকুফে স্বস্তি কত দিন থাকবে, প্রশ্ন নাসীরুদ্দীনের

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ

কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতকে সনাতন ধারা থেকে বের করে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হবে।’ আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ‘কৃষি রূপান্তরের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি খাতে তরুণ উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মো. ইয়াসিন বলেন, ‘কৃষিতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক বাজারজাতকরণ-সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’ সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক রওশন আলম এবং কৃষি বিপণন অধিদপ্তরের কম্পোনেন্ট পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ।

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

বাজারে কৃষকদের আনা কৃষিপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা কৃষকদের ‘জিম্মি’ করে কেনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কৃষকের বাজারে আনা পণ্যে ‘ধলতা’ ও ‘তোলা’র নামে প্রতি মণে প্রায় ৫ কেজি পর্যন্ত অতিরিক্ত কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে সরকারিভাবে ৪০ কেজিতে এক মণ কৃষিপণ্য বিক্রির নির্দেশনা রয়েছে। শৈলকুপা বাজারে প্রতি মণে ২ কেজি ধলতা নেওয়া হতো বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।তিনি জানান, এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকের কাছ থেকে ৪০ কেজির বেশি পণ্যের জন্য ব্যবসায়ীরা অতিরিক্ত কিছু নিচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে তিনি বাজার পরিদর্শনে এসেছেন।আইনমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য কেনার সময় ব্যবসায়ীরা অতিরিক্ত ধলতা নিলে কিংবা কোনো ধরনের সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, ‘কৃষকের প্রতিটি পণ্যের সঙ্গে মিশে আছে তার শরীরের ঘামের গন্ধ। এই সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকের কাছ থেকে পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি করতে পারবেন না।’এ বিষয়ে বাজার কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream