বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন

ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন

বিশ্ব অর্থনীতির বহুমুখী অভিঘাত, মূল্যস্ফীতির লাগামহীন চাপ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি সংকটের আবর্তে বাংলাদেশের প্রান্তিক ও মেহনতি মানুষ এক নীরব লড়াইয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। রাষ্ট্র যখন একটি বৈষম্যহীন ও ন্যায্যতাভিত্তিক সমাজ নির্মাণের প্রত্যয়ে অগ্রগামী, তখন সাধারণ মানুষের জীবনমানের সুরক্ষা এবং মৌলিক অধিকার সুদৃঢ় করা সর্বাগ্রে প্রয়োজন। এই পটভূমিতে সরকার-প্রবর্তিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী, কার্ডগুলোর অন্তর্নিহিত লক্ষ্য হলো প্রচলিত সামাজিক নিরাপত্তাবেষ্টনীর জীর্ণ কাঠামোগুলো সংস্কার করে দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে ফেলা এবং সরাসরি প্রকৃত অংশীজনের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। চলতি জাতীয় বাজেটে এটিকে সরকারের অন্যতম প্রধান ‘সিগনেচার প্রোগ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হলো, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এই জনকল্যাণমুখী প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রান্তিক মানুষকে কতটা সুসংহত সুরক্ষা দিতে পারবে? বাংলাদেশে অতীতে বহু কল্যাণমুখী উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক পক্ষপাত ও দীর্ঘসূত্রতার আবর্তে পড়ে মূল অভীষ্ট থেকে বিচ্যুত হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সেই ত্রুটিপূর্ণ বলয় ভেদ করে একটি আধুনিক ও স্বচ্ছ কল্যাণকাঠামো গড়ে তোলার সাহসী এবং কিছুটা উচ্চাভিলাষী অঙ্গীকার। অতীতে সামাজিক সুরক্ষা কার্যক্রমসমূহ ছিল মূলত জীবনচক্রভিত্তিক। যেমন বয়স্ক ভাতা বা মাতৃত্বকালীন ভাতা। কিন্তু এবারের উদ্যোগের লক্ষ্য দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক নায্যতা প্রতিষ্ঠা, যার সরাসরি সুবিধাভোগী হবে প্রান্তিক জনগোষ্ঠী।  এবারের বাজেট বক্তব্যে সামাজিক সুরক্ষা জালের ব্যাপ্তি সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সুনিশ্চিত করার তাগিদে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ নারীকে এই কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যেখানে প্রতিটি খানা বা পরিবারের নারী প্রধানের অনুকূলে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পাদনের জন্য বাজেটে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষক কার্ড হলো গ্রামীণ অর্থনীতি ও কৃষির ভিত্তি আরও টেকসই করার চাবিকাঠি। চলতি বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষককে এই কার্ডের বৃত্তে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সার, বীজ, ডিজেল, কীটনাশক ও সেচের ভর্তুকি যখন ডিজিটাল মাধ্যমে কৃষকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে স্থানান্তরিত হবে, তখন উৎপাদন ব্যয় হ্রাস পাবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা কৃষকের শ্রমের অর্জিত ফসল কুক্ষিগত করার সুযোগ থেকে বঞ্চিত হবে। গবেষণা সংস্থা র্যাপিডের (আরএপিআইডি) দারিদ্র্য হ্রাসের মাইক্রো-সিমুলেশন মডেল এবং খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) অনুযায়ী, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে যদি শতভাগ নির্ভুলভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা যায় এবং উল্লিখিত টার্গেট অনুযায়ী বাস্তবায়ন করা যায়, তাহলে দারিদ্র্যের হার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব। ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা বাস্তবায়িত হলে জাতীয় দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ থেকে ১১.৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে প্রাক্কলন করা যায়। তবে এই প্রাক্কলনের সম্ভাব্যতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর। বাজারদর ও উচ্চ মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি জর্জরিত। এই প্রেক্ষাপটে মাসিক নগদ সহায়তা বা ভর্তুকিযুক্ত কার্ড প্রান্তিক পরিবারগুলোর জন্য একটি কার্যকর প্রতিরোধক বা নিরাপত্তা ঢাল হিসেবে কাজ করে তাদের ন্যূনতম পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পারে। তবে যেকোনো জনকল্যাণমূলক নীতির তাত্ত্বিক উৎকর্ষ শেষ পর্যন্ত নির্ভর করে তার সফল প্রয়োগের ওপর। এই কর্মসূচি থেকে সর্বোচ্চ সুফল আহরণের জন্য জাতীয় বাজেট প্রস্তাবনা এবং অর্থনৈতিক বাস্তবতাপ্রসূত পদক্ষেপ অনুসরণ করা অপরিহার্য। বিশেষ করে নিখুঁত ও রাজনৈতিক প্রভাবমুক্ত ডেটাবেজ প্রণয়ন করাই হবে মূল চ্যালেঞ্জ। অতীতের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার কথা নয় (ইনক্লুশন এরর) এমন মানুষের হার ছিল উদ্বেগজনকভাবে বেশি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ক্ষেত্রে এই ত্রুটির মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। স্থানীয় সামাজিক প্রভাব বা রাজনৈতিক পরিচয়ের প্রভাব সম্পূর্ণ পরিহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) বা বৈজ্ঞানিক মাপকাঠির ভিত্তিতে একটি সর্বাধুনিক ও স্বচ্ছ ডেটাবেজ তৈরি করাই হবে সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ। সমাজকল্যাণ মন্ত্রণালয় চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে দেশজুড়ে কাজ করছে। চলতি বাজেটেও এ ধরনের কঠোর ও মেধার ভিত্তিতে ডিজিটাল যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সহায়তা বিতরণে কোনো অবস্থাতেই নগদ বা ম্যানুয়াল হস্তান্তরের অবকাশ রাখা যাবে না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে অর্থ প্রেরণের মধ্য দিয়ে দুর্নীতির সুযোগ সংকোচন করতে হবে। বৃহৎ পরিসরের সামাজিক সুরক্ষার সফল রূপায়ণের জন্য শক্তিশালী তদারকি ও মূল্যায়ন কাঠামো অপরিহার্য। এই ব্যবস্থার স্বরূপ হতে হবে বহুস্তরীয় ও স্বাধীন। সমাজের সব অংশীজনকে বিশেষ করে স্থানীয় তরুণ সমাজ ও কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে একটি স্বাধীন পর্যবেক্ষণ সেল গঠন করা বাঞ্ছনীয়, যারা নিয়মিত মাঠপর্যায়ে কার্যক্রমের গুণগত মান মূল্যায়ন করবে। বরাদ্দকৃত সহায়তা নির্ধারিত সময়ে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে কি না, তা রিয়েল টাইমে পর্যবেক্ষণের জন্য আধুনিক ডেটা অ্যানালিটিকস ও ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করতে হবে। কার্ড প্রাপ্তি বা প্রক্রিয়াকরণে কোনো অনিয়ম কিংবা হয়রানির শিকার হলে নাগরিকেরা যেন তাৎক্ষণিকভাবে প্রতিকার চাইতে পারেন, সে জন্য একটি জবাবদিহিমূলক হটলাইন ও হেল্পডেস্ক ২৪ ঘণ্টা সচল রাখা আবশ্যক। উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রে সামাজিক সুরক্ষা কোনো কৃপা বা সাময়িক অনুকম্পা নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যেমন যুক্তরাষ্ট্রে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (এসএনএপি) মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে অত্যন্ত কঠোর ডিজিটাল মনিটরিংয়ের আওতায় সুনির্দিষ্ট খাদ্যসহায়তার কার্ড প্রদান করা হয়, যা কেবল পুষ্টিকর খাদ্য ক্রয়ে ব্যবহৃত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার মান রাষ্ট্র নিশ্চিত করে, যেখানে প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক প্রোফাইল ও প্রয়োজন রাষ্ট্রের নিখুঁত ডিজিটাল তথ্যের অধীনে পরিচালিত হয়। উন্নত বিশ্বের এই সফল প্রাতিষ্ঠানিক রূপরেখা, জাতীয় বাজেট প্রস্তাবনার আর্থিক সক্ষমতা এবং বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের সুচিন্তিত নীতিগত পরামর্শগুলো সমন্বিত করে আমাদের নিজস্ব আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের একটি আধুনিক মডেল গড়ে তুলতে হবে। সেই সঙ্গে এই প্রকল্পের ব্যয় সংকোচন ও সরকারের অর্থ সাশ্রয়ের জন্য ম্যানুয়াল কার্ডের পরিবর্তে কিউআর কোড–সংবলিত ডিজিটাল কার্ড একটি টেকসই সমাধান হতে পারে। এই বিশাল কর্মসূচি বাস্তবায়নের পথে কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ রয়েছে, যা অগ্রাহ্য করার উপায় নেই। প্রথমত, প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব মাঠপর্যায়ে কার্ড বণ্টনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। দ্বিতীয়ত, উপকারভোগী নির্ধারণে ডেটাবেজ তৈরির সময় ভুল অন্তর্ভুক্তির পাশাপাশি প্রকৃত যোগ্যদের বাদ পড়ার ঝুঁকি থাকে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে হবে। পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে কোনো প্রভাবশালী গোষ্ঠী এই জনকল্যাণমূলক উদ্যোগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে। প্রাতিষ্ঠানিক সুশাসন ও অডিট প্রক্রিয়ার কঠোর প্রয়োগই এই কর্মসূচির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের চূড়ান্ত মাপকাঠি নিহিত থাকে তার সাধারণ মানুষের স্বস্তি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড যদি মাঠপর্যায়ে এর প্রকৃত স্পিরিট বজায় রেখে বাস্তবায়িত হয়, তবে তা জাতীয় জীবনে এক বহুমুখী ইতিবাচক রূপান্তর ঘটাবে। প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সরাসরি নগদ অর্থ বা ভর্তুকিযুক্ত পরিষেবা পৌঁছানোর ফলে তাদের ভোগ ব্যয় ও সামগ্রিক কার্যকর চাহিদা বৃদ্ধি পায়। এই বর্ধিত চাহিদা দেশের অভ্যন্তরীণ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খুচরা পণ্যের বাজারকে প্রাণবন্ত করে তোলে। দারিদ্র্য বিমোচনের কাঠামোগত রূপান্তরের এই উদ্যোগ সাময়িক ত্রাণের সংস্কৃতি বা হিতৈষী দৃষ্টিভঙ্গি থেকে সমাজকে মুক্ত করে একটি কাঠামোগত ও মর্যাদাপূর্ণ অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচন করে। ফ্যামিলি কার্ডের আর্থিক সুবিধা পরিবারের নারীপ্রধানের নামে হস্তান্তরিত হলে ঘরে ও বাইরে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি কেবল পারিবারিক কাঠামোটাই বদলে দেবে না, বরং সমাজে নারীর সামগ্রিক অবস্থান ও মর্যাদা বৃদ্ধি করবে।  তবে মনে রাখতে হবে, সামাজিক সুরক্ষা কর্মসূচি কাঠামোগত সংকট উত্তরণের একটি সোপান, বিশেষ করে দরিদ্র, সুবিধাবঞ্চিত, বিপন্ন পরিবারগুলো যারা সামগ্রিক জীবনচক্রের কোনো পর্যায়ে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছে, তাদের জন্য এটি সাময়িক সুরক্ষাবলয় মাত্র। ভবিষ্যতে এ ধরনের কার্ডভিত্তিক ভর্তুকি বা নির্ভরতার সংস্কৃতি থেকে অর্থনীতিকে সফলভাবে উত্তরণের পথে নিয়ে যাওয়ার জন্য সুদূরপ্রসারী কৌশল প্রণয়ন জরুরি। প্রান্তিক পরিবারের কর্মক্ষম সদস্য ও যুবসমাজকে আধুনিক কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তির দক্ষতা ও সহজ শর্তে বিনিয়োগ সহায়তা প্রদান করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। মানুষ যখন নিজে আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হবে, তরুণ উদ্যোক্তারা স্বল্প ও মাঝারি বিনিয়োগভিত্তিক বাণিজ্যে যুক্ত হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এই সহায়তার ওপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলতে পারবে। এ কারণে গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সহজলভ্য পুঁজি এবং উৎপাদিত পণ্যের আধুনিক বাজারজাতকরণ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে নির্দিষ্ট কিছু তালিকাভুক্ত পরিবারের জন্য চিরস্থায়ী কোনো সমাধান হিসেবে না নিয়ে শুধু দরিদ্র পরিবারগুলোর প্রয়োজনভিত্তিক সমাধান হিসেবে দেখতে হবে। একই সঙ্গে এই উদ্যোগ দীর্ঘ মেয়াদে আমাদের আর্থিক কাঠামোতে বহাল রাখতে হবে যেকোনো আর্থিক সংকটগ্রস্ত পরিবারের আপৎকালীন সহায়তার জন্য। একটি নির্দিষ্ট সময় পর যখন কোনো পরিবার বা কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নির্দিষ্ট আয়সীমা অতিক্রম করবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এই তালিকা থেকে বেরিয়ে আসবে এবং তাদের স্থলাভিষিক্ত হবে অন্য কোনো নতুন দুস্থ পরিবার। এভাবে একটি ঘূর্ণমান, গতিশীল ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক চক্র নির্মিত হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কেবল একটি সরকারি অনুদান নয়, এটি একটি বৈষম্যহীন, নায্যতাভিত্তিক এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রের এক কল্যাণমুখী উদ্যোগ। বাজেটে এর জন্য বরাদ্দকৃত বিপুল অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার, সুচিন্তিত সুপারিশমালার প্রায়োগিক প্রতিফলন, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যদি এই কর্মসূচি কাঙ্ক্ষিত মানে বাস্তবায়ন করা যায়, তবে তা এ দেশের খেটে খাওয়া মানুষের জীবনধারায় এক গভীর ও সুদূরপ্রসারী বিপ্লব সাধনে সক্ষম হবে। এম আবু ইউসুফ: অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, র‍্যাপিড

কৃষিঋণ মওকুফে স্বস্তি কত দিন থাকবে, প্রশ্ন নাসীরুদ্দীনের

সরকার ক্ষুদ্র কৃষকদের সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এতে প্রায় ১৪ লাখ ৩৪ হাজার কৃষক উপকৃত হয়েছেন। এই উদ্যোগকে কৃষকদের জন্য স্বস্তির খবর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঋণ মওকুফের ফলে কৃষকরা আপাতত কিছুটা স্বস্তি পাবেন। তবে এই স্বস্তি কত দিন থাকবে, সেটিই দেখার বিষয়।তিনি আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফ করে আবারও ঋণ নেওয়ার একই পরিস্থিতিতে ফেলে দিলে এই উদ্যোগের সুফল কতটা পাওয়া যাবে? শুধু ঋণ মওকুফ করলেই হবে না, কৃষকদের বারবার ঋণ নিতে হয় কেন, সেই সমস্যারও সমাধান করতে হবে। এদিকে সারের ডিলারশিপ নিয়েও বেশ চমৎকার বন্দোবস্ত! লক্ষ্মীপুরে ৫৭ জন নির্বাচিত ডিলারের অন্তত ৪৫ জনই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পীরগাছায় ডিলারশিপ ঘিরে কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগ।  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ অযোগ্য নন। কিন্তু লাখ লাখ টাকা দিয়ে ডিলারশিপ কেনাবেচার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে একটা সাধারণ প্রশ্ন থাকে। ডিলার সাহেব কি কৃষকের সেবা করতে নিজের পকেট থেকে এত টাকা খরচ করবেন, নাকি সারের বস্তায় বস্তায় সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করবেন? সরকার কৃষককে ভর্তুকি দিচ্ছে, মাঝখানে সেই ভর্তুকিরও আবার ভাগবাঁটোয়ারা হবে না তো?’ এনসিপি নেতা বলেন, ‘এরপর কৃষক ফসল ফলিয়ে বাজারে পাঠাবেন। পঞ্চগড়ে কৃষকের ২-৩ টাকার লাউ ঢাকায় এসে ৫০-৬০ টাকা! পঞ্চগড় থেকে ঢাকা আসতে আসতে লাউয়ের দাম বিশ গুণ বেড়ে যায়। লাউয়ের এত উন্নতি হচ্ছে, অথচ লাউচাষির ভাগ্যের কোনো উন্নতি হচ্ছে না! পরিবহন খরচ আছে, শ্রমিকের মজুরি আছে, কিন্তু পথে পথে চাঁদাবাজি আর বাজারের সিন্ডিকেটের হিসাবটা কোথায়? কৃষক বিক্রি করে ঠকেন, ক্রেতা কিনে ঠকেন। মাঝখানে যারা আছেন, তারা তাহলে এত দিন কীসের ব্যবসা করছেন?’ তিনি বলেন, ‘কৃষকের ঋণ মওকুফের উদ্যোগ ভালো ফল দিতে পারে। কিন্তু সারের ডিলারশিপে অনিয়ম, বাড়তি দামে সার বিক্রি, পথে চাঁদাবাজি আর বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ না হলে সেই কৃষক আবার ঋণ করবেন। ডিলার নিয়োগে স্বচ্ছতা, কৃষকের ন্যায্যমূল্য এবং সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করাই এখন বড় কাজ। সরকার দশ হাজার টাকার ঋণ মওকুফ করেছে, ভালো কথা। কিন্তু কৃষককে এমন ব্যবস্থায় রাখবেন না, যেখানে আগামী বছর আবার দশ হাজার টাকা মওকুফ করার সুযোগ তৈরি হয়। কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্তও করুন। কৃষকের দুই টাকার লাউ ক্রেতার কাছে ষাট টাকা হতে পারে, কিন্তু মাঝখানের আটান্ন টাকার হিসাবটা অন্তত জনগণকে বুঝিয়ে দিন।’

কৃষিঋণ মওকুফে স্বস্তি কত দিন থাকবে, প্রশ্ন নাসীরুদ্দীনের

হাতীবান্ধায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। সার ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ করেন তাঁরা। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আজ মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের অভিযোগ, পারুলিয়া বাজার এলাকায় সার বিক্রির দায়িত্বে রয়েছে মেসার্স মুন্না ট্রেডার্স। প্রতিষ্ঠানের মালিক বগুড়া জেলার বাসিন্দা হওয়ায় স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামে দুই ব্যক্তি সার বিতরণ করেন। কৃষকদের ভাষ্য, জাদু মেম্বার ও ভুট্টুর বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ রয়েছে। ডিলারের লোকজন সিন্ডিকেট গড়ে গভীর রাতে নিজেদের পছন্দের লোকজনকে ১০ থেকে ১২ বস্তা করে সার দিচ্ছেন। সাধারণ কৃষকেরা দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনাস্থলে যান। প্রশাসনের আশ্বাসের পর কৃষকেরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যান আটকা পড়ে। পাটিকাপাড়া ১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল বলেন, ‘যে সময়ে সারের প্রয়োজন, সেই সময়ে যদি সার না পাই, তাহলে কৃষক ও তাঁদের পরিবার কীভাবে বাঁচবে? প্রয়োজনে খোলাবাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়েও সার কিনতে রাজি আছি। তবু যেন সঠিকভাবে চাষাবাদ করতে পারি। দীর্ঘদিন ঘুরেও সার না পেয়ে বাধ্য হয়ে আমরা মহাসড়কে নেমেছি।’ তিস্তাচরাঞ্চলের কৃষক মমিনুর ইসলাম বলেন, ‘সারের জন্য দিনের পর দিন ঘুরেও ন্যায্য দামে সার মিলছে না। ডিলাররা গোপনে সার কালোবাজারে বিক্রি করছে। দাম বেশি দিলে সার মেলে। সার পেতে বেশ হয়রানি হতে হচ্ছে। সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারে সার বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ স্থানীয় কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘ভুট্টার আগাম চাষের মৌসুমে সময়মতো সার না পেলে কীভাবে চাষাবাদ করব? সার ছাড়া জমিতে ঠিকমতো আবাদ করা যায় না। সময়মতো সার দিতে না পারলে ফসল লাল হয়ে যায়, ফলনও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সারা বছর সংসার চলে ভুট্টা চাষের আয়ের ওপর। এই ফসলের ওপর নির্ভর করেই পরিবারের ভরণপোষণ করতে হয়। তাই সময়মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘বিতরণের জন্য আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে বিতরণ সম্পন্ন করতে কিছুটা সময় দিতে হবে। প্রয়োজনে আমরা আগামী মাসের বরাদ্দের সার দিতে পারব। বর্তমানে ছয়টি ওয়ার্ডে সার বিতরণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সার বিতরণ শেষ হবে। কালোবাজারে সার বিক্রির কোনো সুযোগ নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র বলেন, ‘কৃষক ভাইদের আমরা ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ সার আছে। সার কার্ড যেসব কৃষক ভাইদের কাছে আছে, তাঁরা সবাই সার পাবেন। এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাঁরা আমাদের কথাগুলো শুনে অবরোধ তুলে নিয়েছেন এবং কার্ডগুলো আমাদের দিয়েছেন। পরবর্তীতে কার্ডের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করব।’

হাতীবান্ধায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

কৃষকের হাতে এআই, মাঠের নতুন সহায়ক

ভোর পাঁচটা। বগুড়ার আলুচাষি করিম মিয়া (ছদ্মনাম) খেতে গিয়ে দেখলেন, গাছের পাতায় অচেনা কালো দাগ। আগে এমন সময় ছুটতে হতো দূরের কৃষি দোকানে। আজ তিনি মুঠোফোনে ছবি তুললেন, জানতে চাইলেন কী সমস্যা? সমাধান কী? এখানেই কাজে আসে কম্পিউটার ভিশন বা যন্ত্রদৃষ্টি, অর্থাৎ ছবি দেখে চিনতে শেখা এআই। হাজার হাজার সুস্থ ও রোগাক্রান্ত পাতার ছবি দেখে সে শেখে, কোন দাগ কোন রোগের সম্ভাব্য লক্ষণ। অনেক দেশে আবহাওয়ার পূর্বাভাস, সেচের সময় নির্ধারণ আর বাজারদরের আন্দাজেও এআই ব্যবহার করা হচ্ছে। তবে এআই ভুলও করতে পারে বা করে। বিশেষ করে অচেনা ফসল বা আলাদা আবহাওয়ায়। ভুল রোগ ধরে ভুল কীটনাশক ছিটালে ফসল ও টাকা দুটোই নষ্ট। তা ছাড়া গ্রামে ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা সবার নেই। তাই সুবিধাটা সবাই নিতে পারে না। তাই কৃষি নিয়ে এআই ব্যবহারের আগে মনে রাখুন, জমির মাটি, আবহাওয়া আর বীজের জাত প্রতিটি অঞ্চলেই আলাদা। এআইয়ের পরামর্শকে প্রাথমিক ধারণা ধরুন। ওষুধ ছিটানোর আগে স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করুন। করিম মিয়া ছবি তুলে সম্ভাব্য রোগের নাম পেলেন, কিন্তু ওষুধ ছিটানোর আগে কৃষি কর্মকর্তার কাছে গিয়ে নিশ্চিত হলেন। তাতে ফসল বাঁচল, টাকাও বাঁচল।

কৃষকের হাতে এআই, মাঠের নতুন সহায়ক

ভালো ফলনেও লাউয়ের দাম নেই, উৎপাদন খরচ তুলতে হিমশিম কৃষকদের

ভোর থেকে খেত থেকে লাউ সংগ্রহ করছেন কৃষকেরা। এরপর অটোতে করে সেগুলো নেওয়া হচ্ছে স্থানীয় বাজারে। সেখান থেকে ট্রাকে বোঝাই করে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার লাউ এভাবেই পৌঁছে যাচ্ছে ঢাকার বাজারে। খেত থেকে বাজার—সবখানেই লাউয়ের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকেরা। ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোরহাট ইউনিয়নের কৃষক শতাব্দি রায় ১৬ কাঠা জমিতে লাউ চাষ করেছেন। শুরুতে ভালো ফলন ও দাম পেয়ে আশাবাদী হলেও এখন হতাশ তিনি। আগে প্রতিটি লাউ ১০ থেকে ১২ টাকায় বিক্রি করলেও বর্তমানে খেত থেকেই বিক্রি করতে হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। এতে উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। একই উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক শরিফুল ইসলাম প্রায় ৩০ কাঠা জমিতে লাউ আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতিদিন খেত থেকে প্রচুর লাউ সংগ্রহ করা হচ্ছে। অটোতে করে স্থানীয় বাজারে আনার পর সেগুলো ট্রাকে তুলে পাঠানো হচ্ছে ঢাকায়। তবে পরিবহন ও শ্রমিকের খরচসহ বিভিন্ন ব্যয় মেটানোর পর লাউ বিক্রি করে কাঙ্ক্ষিত আয় হচ্ছে না তাঁর। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর লাউয়ের ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। স্থানীয় বাজারে লাউয়ের স্তূপ জমছে, পাইকারেরা ট্রাকে করে সেগুলো নিয়ে যাচ্ছেন রাজধানীতে। কিন্তু উৎপাদন বাড়লেও খেত পর্যায়ে দাম কম থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। দূরের বাজারে লাউ পাঠাতে পরিবহন খরচের পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে। কৃষক সলিম রহমান বলেন, লাউ চাষে বীজ, সার, কীটনাশক, মাচা তৈরি ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। ফলন ভালো হওয়ায় লাভের আশা করেছিলেন। কিন্তু দাম কমে যাওয়ায় এখন উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। কৃষক হামিদুর ইসলাম বলেন, কয়েক দিন আগেও লাউয়ের দাম তুলনামূলক ভালো ছিল। এখন পাইকারেরা খেতেই কম দাম বলছেন। অন্যদিকে, দূরের বাজারে নিয়ে বিক্রি করতে গেলে পরিবহন খরচ বেড়ে যায়। ফলে বাধ্য হয়ে কম দামেই লাউ বিক্রি করতে হচ্ছে। রাজাগাঁও ইউনিয়নের কৃষক খাদিজা বেগম বলেন, সংসারের খরচ মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের আশায় লাউ চাষ করেছিলেন। কিন্তু বর্তমান বাজারদরে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় প্রায় ৭০ থেকে ৮০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে থাকতে পারে। কৃষকদের উৎপাদন পরিকল্পনা ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের প্রত্যাশা, উৎপাদিত লাউয়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মতে, কৃষক সমবায়ের মাধ্যমে পণ্য বিক্রি, সংরক্ষণাগার স্থাপন এবং পাইকারি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা গেলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে। খেত থেকে অটো, অটো থেকে ট্রাক—এভাবেই ঠাকুরগাঁওয়ের লাউ পৌঁছে যাচ্ছে ঢাকার বাজারে। কৃষকের উৎপাদিত সবজি যাচ্ছে দূরের ক্রেতাদের কাছে, কিন্তু সেই বিক্রির সুফল কতটা পাচ্ছেন উৎপাদকেরা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভালো ফলন সত্ত্বেও কৃষকের মুখে হাসি নেই। বরং উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় দিন কাটছে তাদের।

ভালো ফলনেও লাউয়ের দাম নেই, উৎপাদন খরচ তুলতে হিমশিম কৃষকদের

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি নির্ধারণ করতে হবে: স্বপন

কৃষি খাতের উন্নয়ন, বাজার শৃঙ্খল কিংবা আধুনিক প্রযুক্তি-যেকোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষক, তার উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘কৃষি ইকোসিস্টেম বা পরিবেশের সর্বোচ্চ প্রসার/উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোজন, অর্থায়ন এবং সহজীকরণ/গতিশীলকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক কৃষি ব্যবসার চেইনে বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে যেভাবে কথা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না। তিনি বলেন, ‘প্রযুক্তির যত অগ্রগতিই হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর আমাদের নির্ভর করতেই হবে। আমাদের দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। অথচ সমাজে কৃষি পেশাকে এখনো অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত মূল্য না দিলে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।’ কৃষিবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ আমাদের দেশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) টিকিয়ে রাখার জন্য কৃষিই সবচেয়ে কৌশলগত খাত। তিনি কৃষি খাতের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষক যেন কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যবস্থা কাঠামোগতভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী কৃষি খাতে ভর্তুকিনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি এ খাতের স্থায়ী ও লাভজনক সমাধানের ওপর জোর দেন। সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন এবং আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে বাজার ব্যবস্থাপনাকে গতিশীল করার গুরুত্ব তুলে ধরেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্প পরিচালক মিস ক্রিস্টিনা ওলসেন। এছাড়াও সেমিনারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। বিডি-প্রতিদিন/বিএম

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি নির্ধারণ করতে হবে: স্বপন

দুশ্চিন্তায় শার্শার কৃষক, আমন ধানে বাড়তি খরচ

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি: উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধান চাষ ও পরিচর্যা করতে গিয়ে আর্থিক সংকট ও দুশ্চিন্তায় দিন কাটছে যশোরের শার্শার কৃষকদের।  তাদের দাবি, লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বেড়ে যাওয়ায় এবার পাওয়ার টিলার ও সেচ মালিকরা গত মৌসুমের চেয়ে খরচ বেশি নিচ্ছে প্রতি বিঘায়। এ ছাড়া সার, বীজ, কীটনাশক ও কৃষি শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় তাদের বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে তিন থেকে পাঁচ হাজার টাকা। অথচ বাজারে ধানের দাম কম। এ অবস্থায় সরকারের কাছে ধানের যৌক্তিক দাম নির্ধারণ করার দাবি তাদের।  গত বছরের চেয়ে বিঘা প্রতি হাল চাষে খরচ বেড়েছে ৩৫০ টাকা, চারা রোপন করতে কৃষি শ্রমিকরা বেশি নিচ্ছে ৫০০ টাকা, সংকটের অজুহাতে খুচরা বাজারে সারের দাম বস্তা প্রতি বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা, কীটনাশকের দামতো বেড়েছে। আবার বীজ ও মাড়াই সহ অন্যান্য খরচতো আছেই। সবমিলিয়ে এবার এক বিঘা জমিতে আমন ধান উৎপাদনে খরচ গতবারের তুলনায় অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো এবার বিঘা প্রতি ২০ থেকে সর্বোচ্চ ২২ মণ ধান উৎপাদন হতে পারে। কিন্তু খরচ অনুপাতে ধানের নায্য দাম যদি না পাওয়া যায়, তাহলে গত ইরি মৌসুমের মতই আমনেও লোকসান গুনতে হবে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর শার্শায় ২০ হাজার ৪শত ৪৮হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। উপজেলার সাড়াতলা গ্রামের কৃষক  বিল্লাল হোসেন বলেন, ‘ফসল চাষ করে লাভ হচ্ছে না। ঋণ করে ইরি চাষ করেছিলাম, কিন্তু বাজারে ধান বিক্রি করতে গিয়ে দাম পাইনি। বিঘাপ্রতি ৪/৫ হাজার টাকা লোকসান হয়েছে। সব জিনিষের দাম বাড়লেও ধানের দাম নাই।নিশ্চিন্তপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, ফসল উৎপাদন করে দাম না পেয়ে দিন দিন আমরা ঋণগ্রস্থ হয়ে পড়ছি। আমন ধানেও যদি কাঙ্খিত দাম না পাওয়া যায়, তাহলে আমরা চলবো কীভাবে’। একই চিত্র উপজেলার অন্যান্য কৃষকদের মধ্যেও।  উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা বলেন, ‘কৃষকরা যেন লাভবান হতে পারেন সেজন্য ফলন বাড়াতে সার্বক্ষণিক তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।  আবহাওয়া ভালো থাকলে আশা করছি এবার আমন ধান চাষ করে কৃষকরা লাভবান হবেন’।

দুশ্চিন্তায় শার্শার কৃষক, আমন ধানে বাড়তি খরচ

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

বাজারে কৃষকদের আনা কৃষিপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা কৃষকদের ‘জিম্মি’ করে কেনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কৃষকের বাজারে আনা পণ্যে ‘ধলতা’ ও ‘তোলা’র নামে প্রতি মণে প্রায় ৫ কেজি পর্যন্ত অতিরিক্ত কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে সরকারিভাবে ৪০ কেজিতে এক মণ কৃষিপণ্য বিক্রির নির্দেশনা রয়েছে। শৈলকুপা বাজারে প্রতি মণে ২ কেজি ধলতা নেওয়া হতো বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।তিনি জানান, এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকের কাছ থেকে ৪০ কেজির বেশি পণ্যের জন্য ব্যবসায়ীরা অতিরিক্ত কিছু নিচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে তিনি বাজার পরিদর্শনে এসেছেন।আইনমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য কেনার সময় ব্যবসায়ীরা অতিরিক্ত ধলতা নিলে কিংবা কোনো ধরনের সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, ‘কৃষকের প্রতিটি পণ্যের সঙ্গে মিশে আছে তার শরীরের ঘামের গন্ধ। এই সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকের কাছ থেকে পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি করতে পারবেন না।’এ বিষয়ে বাজার কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream