মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে কুমিল্লায় একজন গ্রেপ্তার

শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে কুমিল্লায় একজন গ্রেপ্তার

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি কিশোর গ্যাং, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান। এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়। কুমিল্লা ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার মাসুদ রানা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শালমারা গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে তিনি অন্যতম উসকানিদাতা। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। তবে কোন অপরাধে কতজনকে আটক করা হয়েছে, তা আলাদাভাবে জানানো হয়নি। জানতে চাইলে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সের কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ও খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream