রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হরমুজ প্রণালিতে বাড়ল জাহাজ চলাচল, অক্টোবরে নতুন রেকর্ড

হরমুজ প্রণালিতে বাড়ল জাহাজ চলাচল, অক্টোবরে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে চলতি বছর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই ব্যাহত হয়। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত অক্টোবরে এ নৌপথ দিয়ে রেকর্ডসংখ্যক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ চলাচল করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি ও কেপলারের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির তথ্য অনুযায়ী, অক্টোবরে হরমুজ প্রণালি দিয়ে মোট ৩১টি এলএনজিবাহী জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ২৩টি কাতারের রাস লাফান বন্দর থেকে এবং আটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দাস আইল্যান্ড থেকে এলএনজি নিয়ে যাত্রা করে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই ছিল এক মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল। এর আগে সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৩টি।এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির জ্যেষ্ঠ প্রধান বিশ্লেষক এরিক ইয়েপ বলেন, সংযুক্ত আরব আমিরাতের জাহাজ চলাচল এখন যুদ্ধের আগের অবস্থায় ফিরে এসেছে। অন্যদিকে, কাতারের ক্ষেত্রে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে।অন্যদিকে, কেপলারের তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৪২টি এলএনজি কার্গো বোঝাই করা হয়েছে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৭টি। এর মধ্যে কাতারের রাস লাফান বন্দরে ৩৫টি এলএনজি কার্গো বোঝাই করা হয়। এসব কার্গোতে মোট ২৭ লাখ টনের বেশি এলএনজি ছিল। যুদ্ধ শুরুর পর এটিই ছিল বন্দরটির সর্বোচ্চ মাসিক এলএনজি লোডিং।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতার প্রায় ৬২ লাখ টন এলএনজি রপ্তানি করেছিল। এদিকে, রাস লাফান থেকে এলএনজি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করা দুটি জাহাজ পরে ওমানের সোহার নোঙর এলাকায় উপকূলের কাছে জাহাজ থেকে জাহাজে (এসটিএস) এলএনজি স্থানান্তর করে। কেপলারের তথ্য অনুযায়ী, ‘এসসি প্রেস্টিজ’ নামের জাহাজটি তার এলএনজি ‘বিডব্লিউ ইএনএন ক্রিস্টাল স্কাই’ নামের আরেকটি জাহাজে স্থানান্তর করে। বর্তমানে দ্বিতীয় জাহাজটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করছে। অন্যদিকে, ‘আল মাফিয়ার’ জাহাজে থাকা এলএনজি ‘শানডং রেডউড’ ও ‘এজনান’ নামের দুটি জাহাজে স্থানান্তর করা হয়। পরে উভয় জাহাজই এলএনজির চালান পাকিস্তানে পৌঁছে দেয়। সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে এলএনজি রপ্তানির পরিমাণ অক্টোবরে অপরিবর্তিত ছিল। কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে দ্বীপটি থেকে সাতটি কার্গো বোঝাই করা হয়, যা সেপ্টেম্বরে বোঝাই করা কার্গোর সংখ্যার সমান।

সামরিক শক্তি ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াচ্ছে চার দেশ

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি বহুপক্ষীয় সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে চার দেশ নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষাশিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে।বুধবার কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সমঝোতা অনুযায়ী, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং গবেষণা ও উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে দেশগুলো। পাশাপাশি আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের উন্নয়নেও যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো চার দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করা এবং প্রতিটি দেশের নিজস্ব সামরিক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করা। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান এবং ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহারি উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষে খাজা আসিফ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক সচিবালয়ের প্রধান হালুক গোরগুনও উপস্থিত ছিলেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক প্রতিরক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সমাধান উদ্ভাবন এবং সংশ্লিষ্ট শিল্প খাতের বিকাশে এই সমঝোতা ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষরের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা ‘বদর’ সমঝোতার আওতায় চার দেশের সহযোগিতার অন্যতম ক্ষেত্র হবে প্রতিরক্ষাশিল্পের উন্নয়ন। এর মাধ্যমে সামরিক সরঞ্জাম উৎপাদনে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে চুক্তির আওতায় নির্দিষ্ট কী কী অস্ত্র বা সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে, কত অর্থ বিনিয়োগ করা হবে কিংবা কোনও যৌথ সামরিক বাহিনী বা পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তা প্রতিষ্ঠা করা হয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। চার দেশের ঘনিষ্ঠ হচ্ছে কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও সক্রিয় হয়েছে। পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবের সঙ্গে মিলে মক্কা প্রতিরক্ষা জোটেরও সদস্য। ওই জোটের মূল নীতিতে বলা হয়েছে, সদস্যদেশগুলোর কোনও একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। জোটটির লক্ষ্য সদস্যদেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সম্মিলিত নিরাপত্তা জোরদার করা। এর আগে মক্কা প্রতিরক্ষা জোটের উদ্যোগকে স্বাগত জানিয়েছিল কাতার। দেশটি তখন এই উদ্যোগকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতার অংশ হিসেবে উল্লেখ করে। তবে মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে ‘বদর’ সমঝোতার সম্পর্ক কী হবে, কিংবা নতুন চুক্তিটি ওই জোটের কাঠামোর সঙ্গে কোনওভাবে যুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। চার দেশের নতুন এই সমঝোতা বাস্তবায়িত হলে প্রতিরক্ষাশিল্প, প্রযুক্তি বিনিময় ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতার পরিধি বাড়তে পারে। তবে চুক্তির বাস্তব প্রয়োগ, অর্থায়ন এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের পরই এর কার্যকর প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূত্র: ডন নিউজ, রয়টার্স, আনাদোলু এজেন্সি

সামরিক শক্তি ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াচ্ছে চার দেশ

বিশাল তেলবাহী কিকু পাড়ি দিল হরমুজ প্রণালি

গ্রিসের মালিকানাধীন বিশাল তেলবাহী জাহাজ কিকু ২৫ জুলাই বিকেলে কাতারের মেসাইয়েদ তেল রপ্তানি টার্মিনালে পৌঁছায়। ৩০টি জাহাজ একসঙ্গে দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত এই বিশাল বন্দরে নোঙর করতে পারে। দোহার প্রায় ২৫ মাইল দক্ষিণে এই বন্দরটি। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বোঝাই করে কিকু চার দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করে। এটি ছিল ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির জাহাজ, অর্থাৎ সবচেয়ে বড় ধরনের তেলবাহী ট্যাংকার। ১ হাজার ফুটেরও বেশি এর দৈর্ঘ্য। পারস্য উপসাগর পেরিয়ে যাওয়ার সময় জাহাজটি ঘণ্টায় ১৩ নট গতিতে চলছিল, যা এর সর্বোচ্চ গতির কাছাকাছি। এরপর ৩১ জুলাই দুপুর ২টার কিছু পর দুবাই উপকূলের কাছে হঠাৎ কিকু উধাও হয়ে যায়। তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম–এআইএস ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল জাহাজটি। এই সামুদ্রিক রেডিও ডিভাইসের মাধ্যমে একটি জাহাজের পরিচয়, গতি, গতিপথ ও অবস্থান জানা যায়। বিশ্বজুড়ে সামুদ্রিক যানবাহন পর্যবেক্ষণকারী ট্র্যাকিং পরিষেবাগুলোর কাছে মনে হলো, কিকু যেন হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। কিন্তু ১ আগস্ট সকাল ১০টায় আবারও কিকুকে খুঁজে পাওয়া গেল। তবে এবার সেটি হরমুজ প্রণালির অন্য পাশে। এটি তেল শিল্পের নতুন কৌশলের অংশ—রাতে ‘ডার্ক’ বা গোপন অবস্থায়, অর্থাৎ ট্রান্সপন্ডার বন্ধ রেখে, মার্কিন সামরিক বাহিনীর পাহারায় হরমুজ প্রণালি পার হওয়া। লক্ষ্য হলো ইরানের ড্রোন হামড়া এড়ানো। এক মাস আগেও কিকুকে একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেই ড্রোনটি বিস্ফোরিত না হওয়ায় জাহাজটি রক্ষা পায়। মার্কিন নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানিগুলো এখন এমন তেলবাহী জাহাজ ভাড়া করছে, যেগুলো ট্রান্সপন্ডার বন্ধ করে পারস্য উপসাগর থেকে তেল নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে যাচ্ছে। সেখানে অপেক্ষমাণ ক্রেতাদের মালিকানাধীন অন্য ট্যাংকারে তেল তুলে দিয়ে তারা আবার প্রণালি পেরিয়ে ফিরে আসছে। এর ফলে ইরানের হামলার ঝুঁকি ও বিমার অতিরিক্ত খরচের বোঝা বাণিজ্যিক জাহাজ পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরে গিয়ে পড়ছে মার্কিন সরকার ও তেল উৎপাদকদের ওপর। মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের মতে, এই কৌশল কার্যকর প্রমাণিত হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৮০ লাখ থেকে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এটি বিপুল পরিমাণ। ট্রান্সপন্ডার সংকেতের ওপর নির্ভর করা ওয়াল স্ট্রিটের তেল বিশ্লেষক এবং কেপলারের মতো শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ তেল পরিবহনের হিসাব দেয়, তার প্রায় দ্বিগুণ। এই গোপন বা ‘ডার্ক’ যাতায়াত মধ্যপ্রাচ্যের তেল শিল্পের হিসাব-নিকাশই বদলে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দুই দিনে ওমান উপসাগরে এক ডজনেরও বেশি জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর প্রত্যক্ষ করেছে। এসব তেলবাহী জাহাজ পরে চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশের দিকে রওনা হয়েছে। এটি ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল একটি কৌশল। তবে আপাতত এটি তেলের বাজারকে কিছুটা স্বস্তি দিচ্ছে। যুদ্ধের আপাত সমাপ্তি এবং হরমুজ প্রণালির জন্য দীর্ঘমেয়াদি কোনো স্থায়ী পরিকল্পনা এখনও অধরা। ফলে এই বিকল্প ব্যবস্থা অন্তত কিছুটা সময় কিনে দিচ্ছে। কিকুর সাম্প্রতিক যাত্রার মতো ‘ডার্ক ট্রানজিট’ বেড়ে যাওয়ার ঘটনা জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে। ইরান যুদ্ধ অনেকের ধারণার চেয়ে অনেক বেশি সময় ধরে চলছে। গত ছয় মাসে এটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত করেছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। বাণিজ্যিক মজুত থেকে কয়েক বিলিয়ন ব্যারেল তেল ও জ্বালানি উধাও হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুত ১৯৮০-এর দশকের শুরুর পর আর কখনও এত কম ছিল না। তেলের দাম ১৫০ ডলারে পৌঁছানো ঠেকাতে চীনের বিশাল তেল মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু সেই মজুতও চিরকাল ব্যবহার করা সম্ভব নয়। একই সঙ্গে বন্ডবাজারের বিনিয়োগকারী ও ভোটাররাও উচ্চ দামের কারণে ধৈর্য হারাচ্ছেন। এই দুঃস্বপ্নের পরিস্থিতির মুখে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরা গত কয়েক সপ্তাহে নতুন কৌশলটি ব্যবহার শুরু করেছে। তবে এটি কোনো নিখুঁত সমাধান নয়। হরমুজ প্রণালি অত্যন্ত সরু, কোথাও কোথাও এর প্রস্থ মাত্র ২৩ মাইল। সেখানে লুকিয়ে থাকার জায়গাও খুব বেশি নেই। ট্রান্সপন্ডার বন্ধ থাকলেও রাডারে একটি জাহাজ ধরা পড়তে পারে। চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। তারপরও কেপলারের হিসাব অনুযায়ী, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজের প্রায় ৮০ শতাংশই ‘ডার্ক’ অবস্থায় চলেছে। এসব জাহাজ ইরানের যতটা সম্ভব দূরে থেকে ওমানের উপকূল ঘেঁষে প্রণালি অতিক্রম করছে। তবে আঞ্চলিক সংঘাতের কারণে কিছু ট্র্যাকিং ডেটায় জিপিএস জ্যামিং হয়েছে। ফলে প্রকৃত পরিস্থিতি নির্ভুলভাবে মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। এই নতুন কৌশল ব্যবহারকারী অনেক জাহাজের মতো কিকুও ট্রান্সপন্ডার বন্ধ করার এক দিন পর আবার সংকেত দেয়। তখন সেটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরনগরী ফুজাইরার কাছে নোঙর করা ছিল। ট্রান্সপন্ডার আবার চালু হওয়ার পর কিকু আরেকটি গ্রিক মালিকানাধীন সুপারট্যাংকার নেভ ইলেকট্রনের পাশে নোঙর করে। নেভ ইলেকট্রন তার এক দিন আগে ওমান উপসাগরে পৌঁছেছিল। দুটি জাহাজ সেখানে এক সপ্তাহ পাশাপাশি অবস্থান করে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর করে। ৮ আগস্ট তারা আলাদা হয়ে যায়। নেভ ইলেকট্রন তেলবোঝাই অবস্থায় উপসাগর ছেড়ে আরব সাগরের দিকে যায়। তার গন্তব্য ছিল চীনের নিংবো। অন্যদিকে কিকু ফুজাইরার উপকূলে প্রায় ১৪ আগস্ট পর্যন্ত অবস্থান করে। এরপর আবার সেটি ‘ডার্ক’ হয়ে যায়। পরদিন বিকেল ৪টার কিছু আগে কিকুর সংকেত আবার দেখা যায়। এবার সেটি পারস্য উপসাগরের দিকে ফিরে কাতারের দিকে যাচ্ছিল। মার্কিন সামরিক পাহারায় এই ‘ডার্ক ট্রানজিট’ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকদের নতুন কৌশলের সর্বশেষ উদাহরণ। এর মাধ্যমে তারা বিশ্ববাজারে ক্রেতাদের কাছে আরও বেশি তেল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ, কৌশলের দিক থেকে ইরানকেই পাল্টা চাপে ফেলা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সৌদি আরব। দেশটি প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালিতে অপেক্ষমাণ ট্যাংকারে পাঠানোর পরিবর্তে অন্য পথে পাঠাচ্ছে। এই তেল ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরে যাচ্ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরা প্রতিদিন আরও ২০ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালি এড়িয়ে অন্য পথে পাঠাচ্ছে। বিশ্বের অন্যান্য স্থানেও তেল উৎপাদন বাড়ানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে। ব্রাজিল, গায়ানা ও ভেনেজুয়েলা মিলিয়ে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি অতিরিক্ত তেল উৎপাদন যোগ করেছে। যুক্তরাষ্ট্রও প্রতিদিন আরও কয়েক লাখ ব্যারেল তেল বাজারে যোগ করেছে। এ ছাড়া আরও অনেক কম সমন্বিত এবং সামরিক সুরক্ষা ছাড়া ‘ডার্ক ট্রানজিট’ও কয়েক মাস ধরে চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার জরুরি তেল মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছেড়েছে। এতে দেশটির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত তেল মজুত ব্যাপকভাবে কমে গেছে। চীনও তার বিশাল তেল মজুতের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। একই সময়ে দেশটি অপরিশোধিত তেল আমদানিও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। বিশ্বব্যাপী তেলের চাহিদাও উল্লেখযোগ্যভাবে কমেছে। দাম বাড়ার কারণে মানুষ ও প্রতিষ্ঠান কম তেল ব্যবহার করছে। এটিও তেলের বাজারে ভারসাম্য আনতে এবং প্রয়োজনীয় ক্রেতাদের কাছে তেল পৌঁছাতে সাহায্য করছে। অর্থাৎ, বাজার কোনো না কোনো পথ খুঁজে নিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার সময় বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরাও যে মাত্রার জটিলতা ও নমনীয়তা আশা করেছিলেন, বাস্তবে তেলের বাজার তার চেয়েও অনেক বেশি জটিল এবং নমনীয় বলে প্রমাণিত হয়েছে। রাডার ও স্যাটেলাইটের ছবি হরমুজ প্রণালির এমন একটি চিত্র তুলে ধরছে, যা শুধু ট্রান্সপন্ডার ডেটা দেখে বোঝা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, ১৪ আগস্টের স্যাটেলাইট ছবিতে ওমানের উপকূল ঘেঁষে হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাঁক নিয়ে যাওয়া সারি সারি বিন্দু দেখা যায়। কিন্তু ওই বিন্দুগুলো একই সময়ের জাহাজ-ট্র্যাকিং ডেটার সঙ্গে মেলে না। কারণ ওই ‘বিন্দু’গুলো ছিল এমন জাহাজ, যেগুলো ডার্ক হয়ে গিয়েছিল। আবার ৭ আগস্ট, ট্রান্সপন্ডার ডেটায় দুটি গ্রিক মালিকানাধীন ট্যাংকারকে ওমান উপসাগরে পাশাপাশি দেখা যায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায়, নিসোস কিথনস নামের একটি শাটল ট্যাংকার, যেটি ডার্ক অবস্থায় হরমুজ প্রণালি অতিক্রম করেছিল, ফ্রন্ট ওত্রার পাশে অবস্থান করছে। ১৪ আগস্ট ফ্রন্ট ওত্রাকে আরব সাগরে তাইওয়ানের দিকে যেতে দেখা যায়। অন্যদিকে নিসোস কিথনস তখন আবার পারস্য উপসাগরে ফিরে গেছে। তবে এই ব্যবস্থা চিরকাল চালিয়ে যাওয়া সম্ভব নয়। যুদ্ধ চলাকালে বিশ্বব্যাপী তেলের মজুত প্রায় ১৯০ কোটি ব্যারেল পর্যন্ত কমে গেছে। বাজার যদি আবার ভারসাম্যে ফিরতে পারে, তাহলে পরবর্তী সংকট ঠেকাতে এই মজুতগুলো পুনরায় পূরণ করতে হবে। আর যদি বাজার ভারসাম্যে ফিরতে না পারে, তাহলে মজুত একসময় এত নিচে নেমে যাবে যে বিশ্বব্যাপী তেলের চাহিদা মেটাতে আর সেগুলোর ওপর নির্ভর করা যাবে না। তখন পরিস্থিতি এমন এক বিন্দুতে পৌঁছাবে, যেখানে চাহিদা আরও কমিয়ে আনার জন্য তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোই হবে একমাত্র উপায়। অর্থাৎ দাম এত বাড়াতে হবে যে মানুষ ও প্রতিষ্ঠান বাধ্য হয়ে আরও কম তেল ব্যবহার করবে। জ্বালানি বাজারেও ইতিমধ্যে একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের চারটি প্রধান রিফাইনিং হাবের মধ্যে তিনটি গুরুতর সংকটে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে এবং ওই অঞ্চল থেকে পরিশোধিত জ্বালানি রপ্তানি কমিয়ে দিয়েছে। আরেকটি বড় জ্বালানি সরবরাহকারী রাশিয়াও ইউক্রেনের সঙ্গে চলমান আরেক যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে। একই সময়ে দেশের অভ্যন্তরে জ্বালানি সংকট দেখা দেওয়ায় মস্কো তার জ্বালানি রপ্তানি কমিয়ে দিয়েছে। চীনও নিজ দেশে জ্বালানি সংকট এড়াতে পরিশোধিত জ্বালানি রপ্তানি সীমিত করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন সাধারণত বিশ্ববাজারে একটি বড় জ্বালানি রপ্তানিকারক। ফলে বৈশ্বিক চাহিদার বড় অংশের চাপ এখন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের শোধনাগারগুলোর ওপর পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলোও চিরকাল সর্বোচ্চ সক্ষমতায় চালানো সম্ভব নয়। বিশেষ করে গ্যাস, ডিজেল ও জেট ফুয়েলের চাহিদা এত বেশি, অথচ এগুলো উৎপাদনের জন্য পরিশোধন ক্ষমতা এত সীমিত যে এসব জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। দাম এতটাই বেড়েছে যে অপরিশোধিত তেলের দামের তুলনায় পরিশোধিত জ্বালানির দাম যে মাত্রায় থাকার কথা, তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে আলোচনায় বড় ধরনের অগ্রগতি আসছে বলে আশ্বাস দিয়ে তেলের দাম কম রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর পরিকল্পনা বদলেছে। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হলো ইরানকে অর্থনৈতিকভাবে চেপে ধরা। এর অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর দীর্ঘমেয়াদি নৌ অবরোধ চালিয়ে দেশটির বিরুদ্ধে একটি ‘দুমড়ে মুচড়ে দেওয়া অর্থনৈতিক অভিযান’ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার কারণে কয়েক সপ্তাহ ধরে তেলের দাম ধীরে ধীরে বাড়ছে। দাম এখন প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি চলে যাচ্ছে। দুই দেশ যখন যুদ্ধের এমন এক জটিল ও অচলাবস্থার মধ্যে আটকে আছে, যার সহজ সমাধান দেখা যাচ্ছে না, তখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই তেলের পাশাপাশি বিশেষ করে গ্যাস, ডিজেল ও জেট ফুয়েলের দাম অস্বস্তিকরভাবে উচ্চ পর্যায়ে। এর ফলে ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়ছে এবং তাদের হাতে খরচ করার মতো অর্থ কমে যাচ্ছে। তবে একই সঙ্গে বাজারের এই সংঘাতকে অন্তত আংশিকভাবে পাশ কাটিয়ে যাওয়ার অসাধারণ সক্ষমতা তেলের দামকে আরও ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়া থেকে ঠেকিয়েছে। অর্থাৎ, ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটগুলোর একটি যে মাত্রায় দাম বাড়িয়ে দেওয়ার কথা ছিল, বাজারের নানা বিকল্প পথ তৈরি করার ক্ষমতা সেই বিস্ফোরণকে এখনো অনেকটাই ঠেকিয়ে রেখেছে।

বিশাল তেলবাহী কিকু পাড়ি দিল হরমুজ প্রণালি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream