বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, তরুণদের প্রশংসায় গম্ভীর

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, তরুণদের প্রশংসায় গম্ভীর

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ম্যাচ শেষে ভারতের জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো খেললেও একপর্যায়ে চাপে পড়ে ভারত। ৪২তম ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫২ রান। এমন কঠিন সময়ে দলের হাল ধরেন মানাল চৌহান ও মোহিত উলভা। মানাল করেন ৪৭ রান। অন্যদিকে মোহিত ৪৯ রানে অপরাজিত থাকেন। শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এর মধ্য দিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে ভারত।ভারতের তরুণ ক্রিকেটারদের এমন লড়াইয়ের প্রশংসা করে এক্সে গৌতম গম্ভীর লেখেন, ‘নির্ভীক ক্রিকেট। অটুট বিশ্বাস। সাহসের কোনো ব্যাটিং অর্ডার নেই! এশিয়ার চ্যাম্পিয়ন! সাবাশ, ছেলেরা।’এদিকে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর। ফাইনালে তিনি ম্যাচসেরা হয়েছেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রানও করেছেন তিনি। ফাইনালে অধিনায়ক লক্ষ্য রাইচান্দানির সঙ্গে ১৭.৪ ওভারে ৯৫ রানের জুটি গড়েন আর্যবীর। অধিনায়ক করেন ৮০ রান। তাদের এই জুটিই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। পাঁচ ইনিংসে আর্যবীর করেছেন ৩৬১ রান। গড় ৯০.২৫। তার একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি আছে। আর্যবীর বলেন, ড্রেসিংরুমে আলোচনা ছিল, উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো, আর লক্ষ্যটাও খুব বড় নয়। তিনি বলেন, ‘আমরা যদি স্বাভাবিকভাবে ব্যাট করি আর চিরাচরিত শটগুলো খেলি, তাহলে স্কোরে পৌঁছে যাব। আমাদের সব সময় বিশ্বাস ছিল যে আমরা তাড়া করে জিততে পারব।’ তিনি আরও বলেন, ‘দলের বৈঠকে আমরা আলোচনা করি, শেষ ১০ ওভারে কীভাবে ১০০ বা ১২০ রান তাড়া করা যায়। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। তাই কাউকে গভীর পর্যন্ত ব্যাট করতে হতো। লক্ষ্য সেটাই করেছে। তাকে সাধুবাদ। শেষে মোহিত ও মানাল যা করেছে, সেটাও অসাধারণ। তাদেরও সাধুবাদ।’

হারমানপ্রীতদের সিদ্ধান্ত, ট্রফি বিতর্কে যা বললেন কপিল দেব

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নারী এশিয়া কাপের ট্রফি বিতর্কে এবার মন্তব্য করলেন। হারমানপ্রীতি কৌরের দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে গলফের প্রসঙ্গ টেনে আনেন সাবেক তারকা ক্রিকেটার। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে ট্রফি প্রদান অনুষ্ঠান নিয়ে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে ভারতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাঠে আসেননি। নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। নাভা রায়পুর ওপেন ২০২৬ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা নিয়ে কপিলকে প্রশ্ন করা হয়। পেশাদার গলফ ট্যুর অব ইন্ডিয়ার সভাপতি কপিল তখন বলেন, ‘সবাইকে গলফ খেলতে বলুন।’ ভারতের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের প্রসঙ্গেই এই মন্তব্য করেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, ট্রফি প্রদান অনুষ্ঠানের প্রটোকল আগে থেকেই চূড়ান্ত করা হয়েছিল। বিজয়ী ভারতীয় দলের জন্য ট্রফিও প্রস্তুত ছিল। কিন্তু নাকভি থাকায় খেলোয়াড় ও কোচিং স্টাফরা ট্রফি না নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। অন্যদিকে রানার্সআপ শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু নাকভির কাছ থেকে পুরস্কারের অর্থের চেক গ্রহণ করেন। এসিসির সূত্র জানিয়েছে, ভারতীয় দলের ট্রফি তাদের জন্য রাখা হয়েছে। শিরোপা জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা আলাদাভাবে উদযাপন করেন। দলের প্রধান কোচ আমোল মুজুমদার খেলোয়াড়দের অভিনন্দন জানান। পরে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লা সেই উদযাপনে যোগ দেন এবং খেলোয়াড়দের পদক তুলে দেন। এবারের ঘটনার সঙ্গে ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ ফাইনালেরও মিল রয়েছে। দুবাইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত শিরোপা জেতার পর নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল।

হারমানপ্রীতদের সিদ্ধান্ত, ট্রফি বিতর্কে যা বললেন কপিল দেব

নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও মহসিন নাকভি। এছাড়া তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। ভারতীয় নারী ক্রিকেট দল নাকভি ট্রফি তুলে দিলে এশিয়া কাপের ট্রফি বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে না। এমনটা আগেই এসিসিকে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  গত রোববার (১৩ সেপ্টম্বর) নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতের মেয়েরা।  এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আমরা এসিসির সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে এসিসি চেয়ারম্যানকে জানিয়েছি, পুরুষ ক্রিকেট দলের ক্ষেত্রে যেটা করা হয়েছিল, একইভাবে ট্রফি দেওয়া হলে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেব না। তারা নিজেদের অবস্থান থেকে সরেনি, তাই আমাদের সামনে কোনো বিকল্প ছিল না।’ ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসেও একই সুরে কথা বলেন সাইকিয়া। তিনি বলেন, ‘সবদিক বিবেচনায় আমরা সচেতন সিদ্ধান্ত নিয়েছি এবং পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দল ট্রফি বিতরণ অনুষ্ঠানে অংশ নেবে না—সে কথা আমরা আগেই এসিসিকে জানিয়ে দিয়েছিলাম।’ এর আগে গত বছর ভারতের পুরুষ দল নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায়। এখনও তারা ট্রফি হাতে পায়নি। এসিসির দপ্তরে রাখা আছে সেটি। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে উদযাপন করেছিল। আগে থেকেই ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তেজনাময়, যা আরও অবনতির দিকে যায় ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করলে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে।  নাকভির কাছে থেকে ট্রফি না নেওয়া প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএসকে সাইকিয়া বলেছিলেন, ‘পেহেলগামের ঘটনার পর আমাদের পুরো পরিস্থিতি বদলে যায়। এরপর আমাদের নাগরিকদের কাছ থেকে চাপ ছিল প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত নয়, তাদের সঙ্গে ক্রিকেটও খেলা উচিত নয়। কিন্তু আমাদের সরকারের নীতি হলো, বহুজাতিক টুর্নামেন্টে আমাদের প্রতিটি দেশের বিপক্ষেই খেলতে হবে। আমরা সেই নীতি অনুসরণ করছি। সে কারণেই বিসিসিআই প্রতিটি দলের বিপক্ষে খেলার জন্য দল পাঠায়।’ তবে বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই সবকিছু মেনে নেওয়া নয় বলে উল্লেখ করে সাইকিয়া। তিনি বলেন, ‘এর মানে এই নয় যে আমরা খেলব এবং আমাদের সামনে রাখা প্রতিটি শর্ত মেনে নেব। যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল এবং ২০২৫ সালের এপ্রিলের পর তা আরও খারাপ হয়েছে, আমাদের অভিযান এখনো চলছে। তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা (নাকভি) আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। আমরা তার কাছ থেকে ট্রফি নিতে পারি না।’

নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত

জ্যোতিদের সামনে এবার ভারতের চ্যালেঞ্জ

বাংলাদেশকে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হার চাপে ফেলে দিয়েছে। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে টাইগ্রেসরা। নিগার সুলতানা জ্যোতিদের এশিয়া কাপের ফাইনালে ওঠতে তাই কঠিন লড়াই করতে হবে। বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে ভারত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়নের সাথে অন্য গ্রুপের রানার্সআপের সেমিফাইনাল হওয়ায় মুখোমুখি হচ্ছে দুই দল। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ভারতকে এড়িয়ে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। এজন্য গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। কঠিন এই লড়াইয়ের আগে বাংলাদেশের বড় ভরসা মারুফা আক্তার। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত দলের সেরা পারফরমার এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি এবং ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ১৮তম স্থানে উঠে এসেছেন মারুফা, যা বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী মারুফা। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে আমরা ইনশাআল্লাহ ফাইনালে খেলব।’ দেশবাসীর কাছে দোয়া চেয়ে এই পেসার আরো বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবে খেলা চালিয়ে যেতে পারি। আর দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। আপনারা দোয়া রাখলে কালকের ম্যাচটি আমরা ইনশাআল্লাহ জয় দিয়ে শেষ করতে পারব।’ তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয়। দুই দল এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় মাত্র ৩টি; ভারত জিতেছে ২১ ম্যাচে। তারপরও ইতিহাসে একটি সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। আট বছর পর এবার সেমিফাইনালের মঞ্চে আবারো মুখোমুখি দুই দল। দুবাইয়ে সেই সুখস্মৃতি ফিরিয়ে ফাইনালের টিকিট কাটতে পারবেন কি জ্যোতিরা—সেটিই এখন দেখার।

জ্যোতিদের সামনে এবার ভারতের চ্যালেঞ্জ

এশিয়া কাপ-এশিয়ান গেমসে বাংলাদেশের নারী দল

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দুবাইয়ে নারী এশিয়া কাপ আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে-সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং।৩১ আগস্ট বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।সেমিফাইনালের টিকিট পাবে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল। ১০ ও ১১ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।এ দিকে, টুর্নামেন্টের অন্যান্য দলের চেয়ে র‍্যাংকিংয়ে ভালো অবস্থায় থাকায় এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালে ভারত বা জাপানের বিপক্ষে খেলবে তারা। বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা। 

এশিয়া কাপ-এশিয়ান গেমসে বাংলাদেশের নারী দল
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream