শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সুযোগ

জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সুযোগ

জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ থেকে বঞ্চিত ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্বল্প আয়ের প্রান্তিক পেশাজীবীদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এতে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ এবং ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানতের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো ওই নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার ও বিতরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জীবনমান উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নীতিমালা অনুযায়ী, এই তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে, তবে তাদের মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে, যার মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা যাবে। এ ছাড়া ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না। প্রজ্ঞাপনে ঋণের ক্ষেত্রে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক। এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটির ও হস্তশিল্পের মতো উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও ঋণ পাবেন। কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন, তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকেরা যেন বঞ্চিত না হন সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার পাবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের জন্যও এই স্কিমে বিশেষ সুযোগ রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন একক উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করলে দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা (সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা) পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যেখানে সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে। তবে নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না এবং প্রতি তিন মাস পরপর ঋণের তদারকি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা

দীর্ঘদিন সৌদি আরবে থেকেও পরিবারের ভাগ্য ফেরাতে পারেননি আবদুল বাছির। ২০২০ সালে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। সচ্ছলতার আশায় ছয় লাখ টাকা ঋণ করে ২০২২ সালের শেষ দিকে বড় ছেলেকে সৌদি আরবে পাঠান। কিন্তু সেখানে যাওয়ার আট মাসের মাথায় গ্রেপ্তার হন ছেলে। তখনো ঋণের সাড়ে চার লাখ টাকা পরিশোধ বাকি। ছেলে সৌদি আরবে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার প্রায় তিন বছর পর গত বুধবার (১৪ অক্টেবর) ভয়ংকর একটি খবর পান বাবা। জানতে পারেন ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবরটি শোনার পর থেকে তাঁর মনে হচ্ছে, বেঁচে থেকেও যেন তিনি বেঁচে নেই। এখন শুধু একটাই চাওয়া, সৌদি আরব থেকে ছেলের মরদেহ দেশে এনে তাঁকে যেন একটিবার দেখানো হয়। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এ ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করবে। নজরুল ইসলামের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। এই উপজেলার একটি গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের বড় ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নজরুল বড়। নজরুল ২০২০ সালে একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে সদর উপজেলার একটি কলেজে মানবিক বিভাগে ভর্তি হন। নজরুলের বাবা দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে দেশে চলে আসেন। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও পরিবারে সচ্ছলতা আনতে পারেননি। দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। নজরুলের ছোট ভাই (১৪) স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়ে। এক বোন (৯) পড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। ছোট বোনের বয়স চার বছর। খবর শুনে ফুফুর মৃত্যু পরিবারের সদস্যরা জানান, নজরুল ২০২২ সালের নভেম্বরে সৌদি আরবে যান। পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি। সৌদি আরবে যাওয়ার আট মাসের মাথায় সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি দেশটির কারাগারে ছিলেন। গ্রেপ্তারের এক মাস পর বিষয়টি জানতে পারে পরিবার। মাঝেমধ্যে বাবা–মায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পেতেন নজরুল। তাঁদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয় ১১ অক্টোবর। সেদিন দুই থেকে আড়াই মিনিট কথা হয়। এরপর গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৌদি আরব থেকে একজন ফোন করে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি পরিবারকে জানান। পরিবারের সদস্যরা জানান, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর শুনে তাঁর ফুফু আবেদা বেগম (৬৫) মূর্ছা যান। সেদিন (গত বুধবার) রাত দুইটার দিকে মারা যান তিনি। ষড়যন্ত্র দেখছে স্বজন–বন্ধুরা নজরুলকে বিনয়ী ও ভদ্র বলেই জানেন আত্মীয়স্বজন ও বন্ধুরা। সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যায় না বলেও দাবি তাঁদের। এ অভিযোগের পেছনে ষড়যন্ত্র ছিল বলে মনে করেন তাঁরা। নজরুলের দূরসম্পর্কের দুই চাচাতো ভাই মোস্তাকিম ভূঁইয়া ও ইমাম হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজ করার সময় নজরুলের সঙ্গে একজনের বিরোধ তৈরি হয়। বিষয়টি ফোনে চাচা–চাচিকেও (নজরুলের বাবা–মা) বলেছিলেন। ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক, এমন কথা নজরুল জানিয়েছিলেন তাঁদের। ওই লোকের ষড়যন্ত্রের কারণেই নজরুলের এমন পরিণতি হয়েছে বলে তাঁরা মনে করেন। নজরুলের বন্ধু রাহাত ভূঁইয়া বলেন, সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্টের সঙ্গে সাংঘর্ষিক। সে এ ধরনের কাজ করেছে বলে বিশ্বাস হচ্ছে না। স্থানীয় যে দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন নজরুল, সেই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নাঈমুর রহমান বলেন, নজরুলের আচার-আচরণ ও চলাফেরা খুবই ভালো ছিল। কেউ তাঁর বিষয়ে এমন বলতে পারবে না যে ছেলেটা বাজে ছিল বা খারাপ ছিল। তাঁর সম্পর্কে যা বলা হচ্ছে, দেশে থাকতে তাঁর চলাফেরায় কখনো এমন কিছু দেখিনি। ছেলের মরদেহ দেখতে চান বাবা–মা আজ সোমবার সকালে নজরুলদের বাড়িতে যান এই প্রতিবেদক। তাঁর বাবা আবদুল বাছিরের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বারবার কাঁদছিলেন তিনি। আবদুল বাছির প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠান তিনি। প্রথম সাত–আট মাসে ছেলে প্রায় দেড় লাখ টাকা পাঠিয়েছিল। এরপর তিন বছর ধরে ছেলে সে দেশের জেলে। ছেলের এমন মৃত্যুর শুনে বোনও হঠাৎ হৃদ্‌রোগে মারা গেল। এখন শুধু ছেলের মরদেহ দেখার অপেক্ষায় আছেন তিনি। ছেলে হারানোর শোকে গত কয়েক দিন টানা কাঁদছেন মা রহিমা বেগম। তিনি বলেন, ‘ছেলেই এক মাস পরপর ফোন করত। এক থেকে দুই মিনিট কথা বলত। আমার ছেলের বিরুদ্ধে যে অভিযাগ আনা হইছে তা মিথ্যা। আমি শেষবারের মতো ছেলের লাশ দেখতে চাই।’

সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা

কেন এত ঋণ যুক্তরাষ্ট্রের?

যুক্তরাষ্ট্রের দিন দিন ঋণ বাড়ছে। জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন (৪০ লাখ কোটি) ডলার ছাড়িয়েছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির জন্য এটি একটি নতুন মাইলফলক হলেও অর্থনীতিবিদেরা এটিকে সতর্কসংকেত হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সুদ পরিশোধের ব্যয়ও দ্রুত বাড়ছে। এতে সরকারের আর্থিক চাপ যেমন বাড়ছে, তেমনি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ঋণ নেওয়ার খরচেও।  যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার সময় ছিল ২০ ট্রিলিয়ন ডলারের কিছু কম। এক দশকের মধ্যে তা দ্বিগুণ হয়েছে। দেশটির ঋণ এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার ডলার করে বাড়ছে। দিনে বাড়ছে প্রায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ঋণ ১৯৮১ সালে প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। তখন বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে দেখা হয়েছিল। অর্থনীতিবিদ মায়া ম্যাকগিনিস বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম বছরে এসে শুধু ঋণের সুদ পরিশোধেই সেই সময়ের ১ ট্রিলিয়ন ডলারের চেয়ে বেশি অর্থ ব্যয় করছে দেশটি। কেন এত ঋণ যুক্তরাষ্ট্রের সরকারের আয় ও ব্যয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বড় ব্যবধান রয়েছে। সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে ব্যয় বেড়েছে। অন্যদিকে কর কমানোর ফলে সরকারের রাজস্ব কমেছে। ২০০৮ সালের আর্থিক সংকট ও কোভিড-১৯ মহামারির মতো সংকট মোকাবিলায়ও বিপুল পরিমাণ ঋণ করতে হয়েছে সরকারকে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদের হার। সুদের হার বেশি থাকায় সরকারের পুরোনো ও নতুন ঋণের সুদ পরিশোধের খরচও বেড়েছে। অর্থনীতিবিদ এরিক সোয়ানসনের মতে, এক দশক আগের তুলনায় বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য হলো সুদের হার। যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি সুদের হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর পেছনে মূল্যস্ফীতির আশঙ্কার পাশাপাশি সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার বিষয়টিও ভূমিকা রাখছে। সুদ পরিশোধেই বড় চাপ সরকারি ঋণের সুদ পরিশোধের ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় এখন ১৫ শতাংশ বেশি। অর্থনীতিবিদ মোহাম্মদ এল-ইরিয়ানের হিসাবে, সরকারের মোট কর আয়ের প্রায় ২০ শতাংশই এখন ঋণের সুদ পরিশোধে চলে যাচ্ছে। এই ব্যয় প্রতিরক্ষা খাতের ব্যয়ের চেয়েও বেশি। ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারকে নতুন ঋণ নিতে আরও বেশি সুদ দিতে হচ্ছে। কারণ, বিনিয়োগকারীরা সরকারি বন্ড কিনে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় বেশি মুনাফা চাইছেন। এর আরেকটি কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগ। এসব কোম্পানিও বড় অঙ্কের অর্থ ধার করছে। ফলে বিনিয়োগকারীদের অর্থের জন্য সরকার ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এখনই সংকট নয়, তবে সতর্কসংকেত যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ দেশটির অর্থনীতির আকারের প্রায় ১২৬ শতাংশ। তবে জাপান ও ইতালির মতো কয়েকটি উন্নত দেশের তুলনায় এই অনুপাত এখনো কম। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হওয়ায় দেশটি অন্য অনেক দেশের তুলনায় বেশি সময় ধরে বড় ঋণের বোঝা বহন করতে পারে। তবে অর্থনীতিবিদেরা পরিস্থিতিকে পুরোপুরি স্বস্তিদায়কও মনে করছেন না। এল-ইরিয়ানের ভাষায়, এটি এখনো ‘লাল সংকেত’ নয়, বরং ‘হলুদ সংকেত’। অর্থাৎ পরিস্থিতি সংকটজনক পর্যায়ে না পৌঁছালেও সতর্ক হওয়ার সময় এসেছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, একপর্যায়ে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। তখন বন্ড বিক্রি বাড়তে পারে এবং আর্থিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবে ঠিক কোন পর্যায়ে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হবে, তা নিশ্চিত করে বলা কঠিন। প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর সরকারের ঋণের বোঝা বাড়ার প্রভাব শুধু সরকারি হিসাবেই সীমাবদ্ধ থাকবে না। উচ্চ সুদের হার অব্যাহত থাকলে বাড়ি কেনার ঋণ, গাড়ির ঋণ এবং ক্রেডিট কার্ডের সুদের হারও বাড়তে পারে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বেশি পড়বে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বেশি সুদে ঋণ নিলে সেই বাড়তি ব্যয় পণ্যের দাম বাড়ানোর মাধ্যমে ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে পারে। ফলে ঋণের বোঝার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও পড়তে পারে। সামনে কী করতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অর্থনীতি সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা ধীর হয়েছে। তবে এখনো প্রবৃদ্ধি হচ্ছে। অর্থনীতির প্রবৃদ্ধি অব্যাহত থাকলে সরকারের রাজস্ব বাড়বে এবং ঋণ ও সুদ পরিশোধের চাপ সামলানো তুলনামূলক সহজ হবে। কিন্তু প্রবৃদ্ধি যথেষ্ট না হলে সরকারকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। এর মধ্যে করব্যবস্থায় সংস্কার, সরকারি ব্যয় কমানো কিংবা কৃচ্ছ্রসাধনের মতো পদক্ষেপ থাকতে পারে। চরম পরিস্থিতিতে ঋণ পুনর্গঠনের বিষয়টিও সামনে আসতে পারে। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ সরকারি ঋণের কিছু বন্ড পুনরায় কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছিল। এতে সাময়িকভাবে বন্ডের চাহিদা বাড়ে এবং ঋণ নেওয়ার খরচ কমে। কিন্তু এক দিন পরই দীর্ঘমেয়াদি ঋণের সুদ আবার বেড়ে যায়।

কেন এত ঋণ যুক্তরাষ্ট্রের?
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream