আবারও হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের
হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।বুধবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্বদিকে একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনটি ধ্বংস করা হয়।তবে কীভাবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, এর ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা এটি কী ধরনের সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান।এদিকে, ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক চালকবিহীন বিমান। এটি দীর্ঘ সময় আকাশে উড়তে পারে। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে হামলাও চালাতে সক্ষম এই ড্রোন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে এটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যে ড্রোন ভূপাতিতের এই দাবি দুই দেশের চলমান সংঘাতের উত্তেজনা আরও বাড়াতে পারে। সূত্র: আল-জাজিরা