সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পাকিস্তান আমলের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

পাকিস্তান আমলের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাত থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে এখন সাধারণ গ্রাহকেরা ব্যাংক থেকে নিজেদের জমা টাকা তুলতে পারছেন না।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন।খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকিং খাত আজ সংকটের মুখে। এই সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানো হচ্ছে। তবে এর পেছনের প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।এ ছাড়া বিদ্যুৎ খাতে অতিরিক্ত দামের মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যারা ফেক নিউজ করছে তাদের কীভাবে থামানো যায়—সে বিষয়ে সরকার কাজ করছে। নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলে জানান তিনি। গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তাদের গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না, বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যমের সহযোগিতা চায়। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এই কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি না। এসব কর্মকাণ্ড করে খুব একটা ফায়দা পাবে বলে আমার মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এই অধিকার আগামী দিনেও নেই। ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এত মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণ। ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে; অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এর আগে দুপুরে অনুষ্ঠিত অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream