দলবদল বিতর্কের পর নতুন দুঃসংবাদ আলভারেসের
হুলিয়ান আলভারেস দুঃসময়ের বাজে চক্রে ঘুরপাক খাচ্ছেন। এমনিতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে দলবদল ইস্যুতে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার আতলেতিকো ম্যাচ শুরুর আগমুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ শোনাল।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় সান সেবাস্তিয়ানে লা লিগায় মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ-আতলেতিকো মাদ্রিদ। আলভারেস যেন ভক্ত-সমর্থকদের রাগ ভাঙিয়ে এই ম্যাচকেই ফেরার ‘টার্গেট’ করেছিলেন। কিন্তু মাংসপেশির চোটে পড়ায় আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলতে পারছেন না সোসিয়াদাদের বিপক্ষে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আতলেতিকো সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছে, ‘মাংসপেশির চোটে পড়ায় সান সেবাস্তিয়ানে আলভারেস যেতে পারেনি। অনুশীলনও করেনি গতকাল। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা দেখেছেন যে তার এই ম্যাচ খেলা সম্ভব না।’
বিশ্বকাপের সময়ই মূলত আলভারেস তোপের মুখে পড়েন। তখনই আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কাতালান ক্লাবটিও তাঁকে দলে বেড়াতে অনেক চেষ্টা করেছিল। এমনকি রিয়াল মাদ্রিদও নিতে চেয়েছিল আলভারেসকে। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ধরে রাখার সম্ভাব্য সব চেষ্টা করেছে আতলেতিকো। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে।
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েন আলভারেস। কদিন আগে তাঁকে উদ্দেশ্য করে টাঙানো হয়েছিল ‘হুলিয়ান আউট’ ব্যানার। ২৩ আগস্ট রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ ২-২ গোলে ড্রয়ের পর ভক্ত-সমর্থকদের সঙ্গে আলভারেসকে দেখাই করতে দেওয়া হয়নি। সতীর্থদের সঙ্গে না গিয়ে আলাদা ড্রেসিংরুমে গিয়েছিলেন তিনি। সেদিন ম্যাচ শেষে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে জানিয়েছিলেন, ক্লাবের সিদ্ধান্তেই আর্জেন্টিনার আলোচিত এই ফুটবলারকে আলাদা রাখা হয়েছিল।
কয়েক মাস আগে শেষ হওয়া ২০২৫-২৬ লা লিগায় আতলেতিকো চার নম্বরে থেকে শেষ করেছিল। সেই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ৪৯ ম্যাচে ২০ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৯টি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টেই তিনি গোল পেয়েছিলেন।
আলভারেসকে নিয়ে আতলেতিকোর সঙ্গে বার্সেলোনার টানাটানিতে বন্ধ হয়ে যায় ট্রান্সফারমার্কেট। আর্জেন্টাইন ফরোয়ার্ড শেষ পর্যন্ত থেকে গেলেন আতলেতিকোতেই। ২০২৬-২৭ মৌসুমের লা লিগায় ৪ ম্যাচ খেলে দুটিতে জিতেছে আতলেতিকো। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে এখন আতলেতিকো। চলতি মৌসুমে আতলেতিকোর হয়ে সব ধরনের ম্যাচ মিলিয়ে খেলেছেন তিন ম্যাচ। কোনো গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন এক গোলে।