আমু-শাজাহান খান-দীপু মনিসহ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।অভিযোগপত্রে থাকা সাত নেতা হলেন—সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।
এর আগে ২৬ অক্টোবর চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম জানিয়েছেন, আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। সেটি নিয়ে আমরা ফরমাল চার্জ প্রস্তুত করেছি। তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। তারা মিটিংয়ে ছিল। জুলাই গণহত্যার সিদ্ধান্তে তারা ছিলেন। এসব অভিযোগ তাদের বিরুদ্ধে আছে।
এর মধ্যে দীপু মনি ও আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার আসামি হিসেবে রয়েছেন।