বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
প্রেমের নামে ফাঁদ, হানিট্র্যাপের গল্প নিয়ে ৭ সিনেমা

প্রেমের নামে ফাঁদ, হানিট্র্যাপের গল্প নিয়ে ৭ সিনেমা

প্রথমে পরিচয়, এরপর বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক। কিন্তু ভালোবাসার আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ংকর কোনো উদ্দেশ্য। কখনো রাষ্ট্রের গোপন তথ্য চুরি, কখনো প্রতিপক্ষকে হত্যার পরিকল্পনা, আবার কখনো অর্থের লোভ দেখিয়ে কাউকে অপরাধে জড়ানো। প্রেম বা ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কাউকে এমন ফাঁদে ফেলার কৌশলকেই বলা হয় ‘হানিট্র্যাপ’।সম্প্রতি হানিট্র্যাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাস্তব জীবনের এই কৌশল বহু বছর ধরেই জায়গা করে নিয়েছে সিনেমার পর্দায়। হলিউডের গোয়েন্দা সিনেমা থেকে শুরু করে বলিউডের অপরাধভিত্তিক চলচ্চিত্র—বিভিন্ন সিনেমায় উঠে এসেছে প্রেম, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার গল্প। কখনো গোয়েন্দারা নিজেদের স্বার্থে প্রেমকে ব্যবহার করেছেন, আবার কখনো প্রেমের ফাঁদে পড়েছেন অভিজ্ঞ গোয়েন্দারাই। এমনকি কাউকে ফাঁসাতে গিয়ে নিজেরাই প্রেমে জড়িয়ে পড়েছেন অনেকে। হানিট্র্যাপ নিয়ে নির্মিত এমনই সাতটি আলোচিত সিনেমা নিয়ে এই আয়োজন।বিশ্বের গুপ্তচরবৃত্তির ইতিহাসে আলোচিত একটি নাম মাতা হারি। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই নৃত্যশিল্পীর প্রকৃত নাম ছিল মার্গারেটা গিরট্রুইডা জেলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁর বিরুদ্ধে জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। ১৯১৭ সালে ফ্রান্সে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তিনি সত্যিই গুপ্তচর ছিলেন কি না এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য ছিল, তা নিয়ে এখনো ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৩১ সালে নির্মিত হয় ‘মাতা হারি’। সিনেমার গল্প ১৯১৭ সালের প্যারিসে। সেখানে জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিত মাতা হারি। অভিজাত সমাজ, প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তাঁর ওঠাবসা। কিন্তু পর্দার আড়ালে তিনি জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তি করেন। তাঁর কাজ, ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করা। একপর্যায়ে রুশ বিমানবাহিনীর কর্মকর্তা অ্যালেক্সিস রোসানফের সঙ্গে পরিচয় হয় তাঁর। তরুণ এই বৈমানিক গুরুত্বপূর্ণ একটি গোপন বার্তা বহন করছেন। মাতা হারি প্রথমে জানতেন না, তাঁর নতুন পরিচিত মানুষটির কাছেই রয়েছে সেই তথ্য, যা সংগ্রহের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। কিন্তু অ্যালেক্সিসের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মাতা হারি সত্যিই তাঁর প্রেমে পড়েন। অন্যদিকে গুপ্তচরবৃত্তির দায়িত্ব থেকে সরে আসার সুযোগও নেই। একসময় প্রেমিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের পরিকল্পনা করা হয়। ভালোবাসা আর দায়িত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় মাতা হারির মনে। জর্জ ফিটজমরিস পরিচালিত সিনেমাটিতে মাতা হারির চরিত্রে অভিনয় করেছেন হলিউডের কিংবদন্তি গ্রেটা গার্বো। অ্যালেক্সিসের চরিত্রে র‍্যামন নোভারো। আরও অভিনয় করেছেন লায়োনেল ব্যারিমোর ও লুইস স্টোন। প্রায় এক শতাব্দী আগের এই সিনেমায় প্রেমকে রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহের কৌশল হিসেবে দেখানো হয়েছে। তবে বাস্তব মাতা হারির জীবনের সঙ্গে সিনেমার সব ঘটনা মেলানো যাবে না। এটি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত কল্পনানির্ভর চলচ্চিত্র। ‘নটোরিয়াস’ (১৯৪৬)দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নজর পড়েছে ব্রাজিলে অবস্থানরত নাৎসি-সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ওপর। তাদের গোপন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে প্রয়োজন এমন একজনকে, যিনি সহজেই ওই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারবেন। এমন পরিস্থিতিতে গোয়েন্দাদের নজরে আসেন অ্যালিসিয়া হুবারম্যান। তাঁর বাবা নাৎসি গুপ্তচর হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বাবার পরিচয়ের কারণেই নাৎসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অ্যালিসিয়ার গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।মার্কিন গোয়েন্দা ডেভলিন তাঁকে এই অভিযানে যুক্ত করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু দায়িত্ব পালনের জন্য অ্যালিসিয়াকে যেতে হয় আলেকজান্ডার সেবাস্তিয়ানের কাছে। সেবাস্তিয়ান তাঁর বাবার পরিচিত এবং নাৎসি-সংশ্লিষ্ট গোপন গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য। পরিকল্পনা অনুযায়ী অ্যালিসিয়া সেবাস্তিয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। একসময় সেবাস্তিয়ান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। গোয়েন্দা অভিযানের স্বার্থে সেই বিয়েতে সম্মত হন অ্যালিসিয়া। এরপর স্বামীর বাড়িতে থেকেই শুরু হয় তাঁর বিপজ্জনক অনুসন্ধান।বাড়ির একটি বিশেষ কক্ষ ও মদের ভান্ডার নিয়ে সন্দেহ তৈরি হয়। সেখানে কী লুকিয়ে রাখা হয়েছে, তা জানার চেষ্টা করেন অ্যালিসিয়া ও ডেভলিন। তদন্তে উঠে আসে ইউরেনিয়াম আকরিকের বিষয়টি। কিন্তু সেবাস্তিয়ান যদি বুঝতে পারেন, তাঁর স্ত্রী আসলে গুপ্তচর, তাহলে কী ঘটবে? আলফ্রেড হিচকক পরিচালিত সিনেমাটিতে অ্যালিসিয়ার চরিত্রে ইনগ্রিড বার্গম্যান, ডেভলিনের চরিত্রে ক্যারি গ্রান্ট এবং সেবাস্তিয়ানের চরিত্রে ক্লদ রেইনস অভিনয় করেছেন। ‘নটোরিয়াস’-এর বিশেষত্ব হলো, এখানে প্রেমের ফাঁদ পাতার দায়িত্ব পাওয়া নারী নিজেও অন্য একজনকে ভালোবাসেন। ফলে গুপ্তচরবৃত্তির পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের টানাপোড়েনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রেম, সন্দেহ ও বিশ্বাসঘাতকতার এই গল্প হিচককের অন্যতম উল্লেখযোগ্য গুপ্তচরবৃত্তির থ্রিলার। ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩)দুর্ধর্ষ ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড। বিপজ্জনক অভিযান, শত্রুর ষড়যন্ত্র আর সুন্দরী নারীর সঙ্গে সম্পর্ক—এসব নিয়েই তাঁর পর্দার পরিচিত জগৎ। কিন্তু এই সিনেমায় বন্ডকেই প্রেমের ফাঁদে ফেলার পরিকল্পনা করা হয়। অপরাধী সংগঠন স্পেক্টর জেমস বন্ডকে হত্যার ষড়যন্ত্র করে। সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেছে নেওয়া হয় তাতিয়ানা রোমানোভাকে। তিনি ইস্তাম্বুলে সোভিয়েত দূতাবাসের সংকেতলিপি বিভাগের কর্মী। তাতিয়ানাকে বোঝানো হয়, তাঁকে বিশেষ একটি গোয়েন্দা অভিযানে অংশ নিতে হবে। তাঁর মাধ্যমে বন্ডের কাছে পৌঁছে দেওয়া হয় আকর্ষণীয় প্রস্তাব। তাতিয়ানা পশ্চিমে চলে যেতে চান এবং সঙ্গে নিয়ে আসতে পারেন ‘লেক্টর’ নামের গুরুত্বপূর্ণ সংকেত পাঠোদ্ধার যন্ত্র। তবে তাঁর শর্ত, ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডকেই আসতে হবে তাঁকে সাহায্য করতে। প্রস্তাবটি ব্রিটিশ গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, লেক্টর যন্ত্রটি হাতে পাওয়ার সুযোগ সহজে আসে না। কিন্তু পুরো পরিকল্পনার আড়ালেই রয়েছে স্পেক্টরের ষড়যন্ত্র। বন্ড ইস্তাম্বুলে পৌঁছানোর পর তাতিয়ানার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। শুরু হয় বিপজ্জনক অভিযান। একদিকে গোপন যন্ত্র সংগ্রহের চেষ্টা, অন্যদিকে শত্রুপক্ষের নজরদারি ও হত্যার পরিকল্পনা। তাতিয়ানা নিজেও পুরো ষড়যন্ত্র সম্পর্কে অবগত নন।টেরেন্স ইয়াং পরিচালিত সিনেমাটিতে জেমস বন্ড চরিত্রে শন কনারি এবং তাতিয়ানা রোমানোভার চরিত্রে ড্যানিয়েলা বিয়ানকি অভিনয় করেছেন। আরও রয়েছেন রবার্ট শ, লটে লেনিয়া ও পেদ্রো আরমেনদারিস। জেমস বন্ড সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে হানিট্র্যাপকে ব্যবহার করা হয়েছে গোয়েন্দা অভিযানের বড় একটি কৌশল হিসেবে। বিশেষত্ব হলো, এখানে যাঁকে ফাঁদ পাতার কাজে ব্যবহার করা হচ্ছে, তিনিও পুরো পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য জানেন না। ‘জিসম’ (২০০৩)সমুদ্রসৈকতে এক সুন্দরী নারীর সঙ্গে পরিচয় হয় আইনজীবী কবির লালের। নারীর নাম সোনিয়া খান্না। তিনি বিবাহিত, স্বামী ধনী ব্যবসায়ী। প্রথম পরিচয়ের পর থেকেই সোনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কবির। একসময় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সোনিয়া জানান, স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য জীবন সুখের নয়। তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু স্বামীর বিপুল সম্পত্তি, সংসারের জটিলতা ও নানা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।প্রেমে অন্ধ হয়ে পড়া কবির সোনিয়ার সমস্যার সমাধান করতে চান। ধীরে ধীরে সোনিয়া তাঁকে এমন একটি পরিকল্পনার দিকে নিয়ে যান, যার পরিণতি ভয়ংকর। সোনিয়ার স্বামীকে হত্যা করে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কবির বিশ্বাস করেন, স্বামীকে সরিয়ে দিতে পারলেই সোনিয়াকে নিয়ে নতুন জীবন শুরু করতে পারবেন। কিন্তু হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পর ঘটনাপ্রবাহ অন্যদিকে মোড় নেয়। প্রকাশ পেতে থাকে সোনিয়ার সম্পত্তি ও অর্থসংক্রান্ত উদ্দেশ্য। কবির বুঝতে শুরু করেন, যে সম্পর্ককে তিনি ভালোবাসা বলে বিশ্বাস করেছিলেন, তার আড়ালে থাকতে পারে বড় ধরনের প্রতারণা। অমিত সাক্সেনা পরিচালিত ‘জিসম’-এ সোনিয়া চরিত্রে বিপাশা বসু এবং কবির চরিত্রে জন আব্রাহাম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন গুলশান গ্রোভার ও রণবীর শোরে। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই হিন্দি রোমান্টিক থ্রিলার আলোচনায় আসে বিপাশা ও জনের পর্দার রসায়ন এবং অপরাধকেন্দ্রিক গল্পের কারণে।অন্য সিনেমাগুলোর মতো এখানে রাষ্ট্রীয় গুপ্তচরবৃত্তি নেই। বরং একজন মানুষকে প্রেমের সম্পর্কে জড়িয়ে অপরাধে প্ররোচিত করার গল্প দেখানো হয়েছে। হানিট্র্যাপের সঙ্গে সম্পর্কিত প্রলোভন ও প্রতারণার বিষয়টি এ কারণে সিনেমাটিকে এই আলোচনায় প্রাসঙ্গিক করে তুলেছে। ‘ব্ল্যাক বুক’ (২০০৬)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি-অধিকৃত নেদারল্যান্ডস। ইহুদি তরুণী র‍্যাচেল স্টেইন প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। একপর্যায়ে অন্য কয়েকজন ইহুদির সঙ্গে নিরাপদ এলাকায় পালানোর উদ্যোগ নেন তিনি। কিন্তু তাঁদের বহনকারী নৌকায় হামলা চালায় জার্মান বাহিনী। র‍্যাচেল বেঁচে গেলেও পরিবারের সদস্যসহ অন্যরা নিহত হন।এই ঘটনার পর ডাচ প্রতিরোধ আন্দোলনে যোগ দেন র‍্যাচেল। তাঁর সামনে আসে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি জার্মান বাহিনীর গোপন তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগ। পরিকল্পনা করা হয়, র‍্যাচেল নতুন পরিচয়ে জার্মান বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা লুডভিগ মুন্টজের কাছে পৌঁছাবেন। নিজের পরিচয় আড়াল করে তিনি মুন্টজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। উদ্দেশ্য, জার্মান বাহিনীর সদর দপ্তরে প্রবেশের সুযোগ পাওয়া এবং প্রতিরোধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে থাকে। র‍্যাচেল জার্মানদের দপ্তরেও কাজ করার সুযোগ পান। কিন্তু এর মধ্যেই মুন্টজের সঙ্গে তাঁর সম্পর্কে পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন, শত্রুপক্ষের সবাই এক রকম নন। অন্যদিকে প্রতিরোধ আন্দোলনের ভেতরেও বিশ্বাসঘাতকতার ঘটনা প্রকাশ পেতে থাকে। কে বন্ধু আর কে শত্রু, তা বোঝাই কঠিন হয়ে পড়ে। গুপ্তচরবৃত্তির দায়িত্ব পালন করতে গিয়ে র‍্যাচেল এমন পরিস্থিতিতে পড়েন, যেখানে নিজের পরিচয় ও জীবন দুটোই বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়। পল ভারহোভেন পরিচালিত ডাচ ভাষার সিনেমাটিতে র‍্যাচেল চরিত্রে অভিনয় করেছেন কারিস ফান হাউটেন। মুন্টজের চরিত্রে সেবাস্তিয়ান কখ।২০০৬ সালের এই যুদ্ধভিত্তিক থ্রিলারে প্রেমকে গুপ্তচরবৃত্তির অস্ত্র হিসেবে ব্যবহারের পাশাপাশি যুদ্ধের নৈতিক সংকটও উঠে এসেছে। র‍্যাচেলের সম্পর্কটি শুরু হয়েছিল পরিকল্পিতভাবে। কিন্তু সেই সম্পর্কই একসময় তাঁর দায়িত্ব, বিশ্বাস ও ব্যক্তিগত আবেগকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ‘লাস্ট, কশন’ (২০০৭)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান-অধিকৃত চীন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে একদল দেশপ্রেমিক তরুণ জাপানপন্থী প্রভাবশালী কর্মকর্তা মিস্টার ইকে হত্যার পরিকল্পনা করেন। তাঁদের ধারণা, এই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া গেলে প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হবে। পরিকল্পনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তরুণী ওয়াং চিয়া চি। তিনি ছাত্রজীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। অভিনয়ের সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে হবে বাস্তব জীবনের বিপজ্জনক এক অভিযানে। ওয়াং চিয়া চি নিজেকে একজন ধনী বিবাহিত নারী হিসেবে উপস্থাপন করেন। নতুন পরিচয়ে মিস্টার ইয়ের পরিবারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। ধীরে ধীরে মিস্টার ইয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। উদ্দেশ্য একটাই—মিস্টার ইকে এমন পরিস্থিতিতে নিয়ে আসা, যেখানে তাঁকে হত্যা করা সম্ভব হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয় না। মিস্টার ই অত্যন্ত সতর্ক ও সন্দেহপ্রবণ মানুষ। নিজের নিরাপত্তা নিয়ে সব সময় সচেতন থাকেন। ফলে তাঁর বিশ্বাস অর্জন করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ওয়াং চিয়া চি যত বেশি তাঁর কাছে যান, ততই নিজের আবেগ নিয়ে দ্বিধায় পড়তে থাকেন। একসময় দুজনের সম্পর্ক এমন জায়গায় পৌঁছায়, যেখানে অভিনয় আর বাস্তব অনুভূতির পার্থক্য করা কঠিন হয়ে ওঠে। দেশপ্রেম, দায়িত্ব, ব্যক্তিগত আকর্ষণ ও ভালোবাসার মধ্যে জটিল দ্বন্দ্ব তৈরি হয় তরুণীর মনে। অস্কারজয়ী পরিচালক অ্যাং লি নির্মাণ করেছেন ‘লাস্ট, কশন’। সিনেমায় ওয়াং চিয়া চির চরিত্রে অভিনয় করেছেন তাং ওয়েই এবং মিস্টার ইয়ের চরিত্রে টনি লিয়াং চিউ-ওয়াই। আরও অভিনয় করেছেন জোয়ান চেন ও ওয়াং লিহোম।চীনা লেখক আইলিন চ্যাংয়ের সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০০৭ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ পুরস্কার জেতে। ‘লাস্ট, কশন’-এ হানিট্র্যাপ কেবল গোপন অভিযানের কৌশল হিসেবে আসেনি। এর মাধ্যমে দেখানো হয়েছে, কাউকে প্রেমের অভিনয়ে ফাঁসাতে গিয়ে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারালে কতটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ‘রেড স্প্যারো’ (২০১৮)রাশিয়ার প্রতিভাবান ব্যালে নৃত্যশিল্পী ডমিনিকা এগোরোভা। কিন্তু মঞ্চে ভয়াবহ এক দুর্ঘটনায় তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়। আহত হওয়ার পর পেশাগত ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। অসুস্থ মায়ের চিকিৎসা ও সংসারের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।এমন পরিস্থিতিতে তাঁর জীবনে প্রবেশ করেন প্রভাবশালী এক ব্যক্তি, যিনি তাঁকে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার প্রস্তাব দেন। পরিস্থিতির চাপে সেই প্রস্তাবে রাজি হতে বাধ্য হন ডমিনিকা। তাঁকে পাঠানো হয় বিশেষ প্রশিক্ষণকেন্দ্রে, যার নাম ‘স্প্যারো স্কুল’। সেখানে তরুণ নারী-পুরুষদের শেখানো হয় কীভাবে মানুষের মনস্তত্ত্ব, দুর্বলতা ও যৌন আকর্ষণকে ব্যবহার করে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে হয়। লক্ষ্য থাকে গোপন তথ্য আদায় কিংবা গোয়েন্দা অভিযানের উদ্দেশ্য পূরণ। ডমিনিকার জন্য এই প্রশিক্ষণ সহজ নয়। শারীরিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। নিজের ইচ্ছার বিরুদ্ধে এমন সব কাজ করতে হয়, যা তাঁর ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। প্রশিক্ষণ শেষে তাঁর সামনে আসে বড় দায়িত্ব। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা নেট ন্যাশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। উদ্দেশ্য, রুশ গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা একজন মার্কিন তথ্যদাতার পরিচয় বের করা।ডমিনিকা নেটের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুজনের সম্পর্ক এবং গোয়েন্দা সংস্থাগুলোর পাল্টাপাল্টি পরিকল্পনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। কার প্রতি কার আনুগত্য, কে কাকে ব্যবহার করছেন, আর কে আসলে কাকে ফাঁদে ফেলছেন—সেসব প্রশ্ন সামনে আসে। ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটিতে ডমিনিকা চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। নেট ন্যাশের চরিত্রে জোয়েল এডগারটন। আরও অভিনয় করেছেন ম্যাথিয়াস শোনার্টস, শার্লট র‍্যাম্পলিং ও জেরেমি আয়রনস। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই গুপ্তচরবৃত্তির থ্রিলারে হানিট্র্যাপের প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার ও গোপন তথ্য সংগ্রহের কৌশল গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।সিনেমাটি একই সঙ্গে দেখিয়েছে, গোয়েন্দা অভিযানে কাউকে প্রলোভনের অস্ত্র হিসেবে ব্যবহার করার পেছনে ব্যক্তির নিজের ইচ্ছা, স্বাধীনতা ও নিরাপত্তা কতটা বিপন্ন হতে পারে। প্রায় নয় দশকের ব্যবধানে নির্মিত এই সাত সিনেমার গল্প আলাদা। কোথাও যুদ্ধকালীন গোপন তথ্য সংগ্রহ, কোথাও রাজনৈতিক হত্যার পরিকল্পনা, কোথাও অর্থের লোভে প্রতারণা। কিন্তু গল্পগুলোর মিল রয়েছে একটি জায়গায়—বিশ্বাস ও ঘনিষ্ঠ সম্পর্ককে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট, টার্নার ক্ল্যাসিক মুভিজ, সনি পিকচার্স, ফোকাস ফিচারস, অবলম্বনে।

অন্তর্বাস ছাড়া শার্ট পরতে বলা হয়েছিল রাধিকাকে

চলচ্চিত্রের শুটিংয়ে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ার ঘটনা নতুন নয়। এবার নিজের এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি জানান, একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে অভিনয় করার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরা এবং শার্টের বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয়। এসব নির্দেশ কেন দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করতে কাজ করেন বিশেষজ্ঞরা। কিন্তু অভিনেত্রীদের স্বস্তির বিষয়টি গুরুত্ব দেওয়ায় এমন বিশেষজ্ঞদের চাকরি হারাতেও দেখেছেন তিনি।সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা। চলচ্চিত্রশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আগেও কথা বলেছেন এই অভিনেত্রী। এবার তাঁর বক্তব্যে উঠে এসেছে, শুটিংয়ের সময় অভিনেত্রীদের পোশাক ও শরীর নিয়ে নির্মাতাদের একাংশের চাপ এবং চলচ্চিত্রের সেটে কাজের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন। সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে অন্তর্বাস পরে কয়েকটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি তাঁকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে ও বোতাম খোলা রাখতে বলা হয়। এমন নির্দেশনার পেছনে যুক্তি কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাধিকার ভাষ্য, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…।’ ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাকরি হারানোর প্রসঙ্গসাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করার দায়িত্বে থাকা ইন্টিমেসি কোঅর্ডিনেটরদেরও কখনো কখনো পেশাগত ঝুঁকিতে পড়তে হয়। অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন তিনি।কী নিয়ে ‘আক্কা’নারীদের শাসনে চলে একটি কাল্পনিক রাজ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষমতা ধরে রেখেছে এক নারী গ্যাংস্টারদের গোষ্ঠী। সেই রাজত্বে হঠাৎ হাজির হয় এক বহিরাগত, যার উপস্থিতি ও উচ্চাকাঙ্ক্ষা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ। আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার আর রক্তক্ষয়ী সংঘাতের এমন গল্প নিয়ে নেটফ্লিক্সে আসছে ভারতীয় সিরিজ ‘আক্কা’। ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজটির গল্প। সেখানে ক্ষমতার কেন্দ্রে নারীরা। তাঁদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ, যেখানে নিজেদের রাজত্ব ও উত্তরাধিকার রক্ষায় যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত শাসকেরা। সিরিজের দুই গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী ও রুদ্র। ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, আর রুদ্রর ভূমিকায় রাধিকা আপ্তে। এটি আজ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

অন্তর্বাস ছাড়া শার্ট পরতে বলা হয়েছিল রাধিকাকে

‘খুনি নই, আমি প্রেমিক’—নতুন রূপে শাহরুখ খান

৬০ বছর বয়সেও শাহরুখ খানের রোমান্টিক ভাবমূর্তি আগের মতোই রয়েছে। নতুন সিনেমা ‘কিং’-এর পোস্টারে তাঁকে দেখা গেছে হাতে বন্দুক ও ঠোঁটে গোলাপ নিয়ে আগুনের মধ্য দিয়ে হেঁটে আসতে। পোস্টারে তাঁর সংলাপ, ‘খুনি নই, আমি প্রেমিক।’ এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া শাহরুখের সিনেমা ‘বাদশাহ’র কথা। পুরোনো স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন সিনেমার প্রচারণায় ভিন্নতা এনেছেন এই অভিনেতা।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে।‘খুনি নই, আমি প্রেমিক’‘কিং’ সিনেমার নতুন পোস্টারে শাহরুখকে দেখা গেছে অ্যাকশন হিরোর রূপে। চারপাশে আগুন, হাতে বন্দুক আর ঠোঁটে গোলাপ নিয়ে এগিয়ে আসছেন তিনি। তাঁর চোখেমুখে ফুটে উঠেছে কঠোর অভিব্যক্তি। একদিকে অ্যাকশন হিরোর সাহসী চেহারা, অন্যদিকে ঠোঁটে গোলাপ—এই দুইয়ের মিশ্রণ পোস্টারটিকে দিয়েছে আলাদা আকর্ষণ। পোস্টারের সঙ্গে শাহরুখের লেখা সংলাপটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের পুরোনো এক পরিচয়ও ফিরিয়ে এনেছে। রোমান্টিক নায়ক হিসেবে কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বীর-জারা’র মতো ছবিতে প্রেমিক শাহরুখের যে পরিচয় তৈরি হয়েছিল, নতুন পোস্টারেও যেন তারই প্রতিধ্বনি। জন্মদিনে ঘোষণা, বড়দিনে মুক্তি২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ ছবির নাম ঘোষণা করা হয়েছিল। তখন প্রকাশিত প্রথম ঝলকে রুপালি চুলের শাহরুখকে দেখা যায় অ্যাকশন হিরোর সাজে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’চলতি বছরের জানুয়ারিতে ছবিটির মুক্তির তারিখ জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটি সামনে রেখে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। মুক্তির আগে দর্শকদের আগ্রহ বাড়াতে ধাপে ধাপে প্রচারসামগ্রী প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্কএসআরকে’ পর্বেও ছবিটির ট্রেলার নিয়ে কথা বলেছেন শাহরুখ। এক ভক্ত ট্রেলার প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, দর্শকদের ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হচ্ছে না। বরং ছবিটি ভালোভাবে তৈরি করতেই সময় নিচ্ছে পুরো দল। শাহরুখের কথায়, ‘এবার ছবিটাই দেখুন! আপনাদের অপেক্ষায় রাখছি না, ভালো একটা ছবি বানাচ্ছি, যাতে মন ভরে যায়। সবই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’ বাবা-মেয়ের প্রথম ছবি‘কিং’-এর আরেকটি বড় আকর্ষণ শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায় বাবার সঙ্গে তাঁকে দেখার অপেক্ষায় দর্শকেরা।এ ছাড়া ‘পাঠান’ ছবির পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। ফলে নতুন ছবিতে এই পরিচালক-অভিনেতা জুটির কাছ থেকে দর্শকদের প্রত্যাশাও বেশি।ছবির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে নতুন পোস্টারে অ্যাকশন আর রোমান্টিকতার মিশেল দেখে ‘কিং’ নিয়ে কৌতূহল বেড়েছে।হিন্দুস্তান টাইমস থেকে নেয়া।

‘খুনি নই, আমি প্রেমিক’—নতুন রূপে শাহরুখ খান

নেটফ্লিক্সে মুক্তি পেয়েই আলোচনায় তুর্কি সিরিজ

বিশ্বজুড়ে কয়েক বছর ধরেই তুরস্কের সিরিজ আলোচনায়। দেশের বিভিন্ন টিভিতে বাংলায় ডাবকৃত তুর্কি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে। এসব সিরিজের রিলসও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। গত কয়েক বছরে নেটফ্লিক্সে বেশ কয়েকটি তুর্কি সিরিজ ও সিনেমা এসেছে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’। মের্ত বায়কাল পরিচালিত সিরিজটি মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই নন–ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষে উঠেছে সিরিজটি। প্রথম দুই সপ্তাহে সিরিজটির ভিউ ছিল ১ কোটি ৪৩ লাখ। এক মায়ের গল্পসিরিজটির কেন্দ্রীয় চরিত্র ফুন্দা (এলচিন সাঙ্গু); চিত্রশিল্পী। মা হওয়ার পর সংসার ও সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিল্পীজীবন থেকে অনেকটাই দূরে সরে গেছেন। নিজের পুরোনো সত্তায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবতার চাপে তা সহজ হয়ে ওঠে না। মেয়ের দেখাশোনার জন্য একজন আয়া নিয়োগের সিদ্ধান্ত নেন তিনি। সেই সূত্রেই তাঁর জীবনে আসে নাজলি (মেলিস সেজেন)। ধীরে ধীরে তাঁর ওপর নির্ভরশীল হয়ে পড়েন ফুন্দা। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন ফুন্দার স্বামী ইলকার (ওজান দোলুনাই) বাড়ি ফিরে নাজলিকে দেখে চিনতে পারেন। অতীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল! এই পুরোনো সম্পর্কের কথা সামনে আসার পর ফুন্দার জীবনের স্বস্তি উবে যায়। স্বামীর অতীত, সংসার আর নিজের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। নাজলি কি কেবল চাকরির জন্য এই বাড়িতে এসেছেন, নাকি তাঁর অন্য কোনো উদ্দেশ্য আছে? জনপ্রিয়তার কারণ কী‘নট আ স্ট্রেঞ্জার’–এর গল্পের সবচেয়ে বড় শক্তি চিত্রনাট্য। গল্প চেনা হলেও নির্মাতারা পর্দায় রোমাঞ্চ তৈরি করতে পেরেছেন। সুখী দাম্পত্যে থেকে বিশ্বাসের সংকট—চিত্রনাট্যের গাঁথুনি এতটা মজবুত যে দর্শকেরা আগ্রহে থাকেন পরের পর্বে কী ঘটবে। রহস্যময় নাজলির চরিত্রটিও ভালোভাবে লেখা। তিনি যত বেশি পরিবারের আস্থাভাজন হয়ে ওঠেন, তাঁর অতীত সম্পর্কে জানার আগ্রহও তত বাড়ে। দর্শক কেবল পরবর্তী ঘটনা কী ঘটবে, তা জানতে চান না; চরিত্রগুলোর আচরণের আড়ালে কী লুকিয়ে আছে, সেটিও বোঝার চেষ্টা করেন। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়াচলচ্চিত্রভিত্তিক অনলাইন গণমাধ্যম ডিসাইডারের পর্যালোচনায় সিরিজটির প্রথম পর্বের প্রশংসা করা হয়েছে। ফুন্দার মানসিক চাপ, নিজের শিল্পীসত্তায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং দুই নারী চরিত্রের মধ্যকার রহস্যকে গল্প এগিয়ে নেওয়ার কার্যকর উপাদান হিসেবে দেখা হয়েছে।তবে সব সমালোচক সমানভাবে সন্তুষ্ট নন। তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহর পর্যালোচনায় গল্পের অস্পষ্টতা এবং কিছু বিষয় বারবার ব্যাখ্যা করার প্রবণতা নিয়ে আপত্তি তোলা হয়েছে। দৈনিকটির মতে, গল্পে সম্ভাবনা থাকলেও চিত্রনাট্য সব সময় সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি।

নেটফ্লিক্সে মুক্তি পেয়েই আলোচনায় তুর্কি সিরিজ

বিমানকর্মীদের পর পুলিশ ও নার্সকে লাথি, নতুন মামলায় সেলমা ব্লেয়ার

হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উড়োজাহাজে দুই কর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারের পর এবার এক পুলিশ কর্মকর্তা ও এক নার্সকে লাথি মারার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী অভিযোগের একাংশ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করেননি সেলমা। গুরুতর শারীরিক সমস্যার কারণে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবর রাতে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, উড়োজাহাজে থাকা অবস্থায় তিনি এক অ্যাটেনডেন্টকে ঘুষি মারেন এবং আরেকজনকে কামড় দেন। এ ছাড়া আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজের দরজা খোলার চেষ্টার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। হাসপাতালেও হামলার অভিযোগউড়োজাহাজে ঘটনার পর সেলমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। অভিযোগপত্রে এক পুলিশ কর্মকর্তার বর্ণনা অনুযায়ী, স্ট্রেচারে সেলমাকে নিরাপদে রাখার সময় তিনি বাঁধন থেকে একটি পা বের করে ওই কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে বারবার লাথি মারেন। হাসপাতালে নেওয়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি বলে অভিযোগ। সেখানে দায়িত্ব পালন করা এক নার্সকে বুকে লাথি মারার অভিযোগ উঠেছে সেলমার বিরুদ্ধে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে নিউইয়র্কের কুইন্স আদালতে দ্বিতীয় মাত্রার হামলার দুটি অভিযোগ আনা হয়েছে। ১২ অক্টোবর রাতে আদালতে হাজির করা হলে সেলমার আইনজীবী শন বার্নস তাঁর পক্ষে অভিযোগ অস্বীকার করেন। বিচারক জামিনের অঙ্ক নির্ধারণ করেন নগদ ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ড। পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে আগামী জানুয়ারিতে। এদিকে উড়োজাহাজের ভেতরে ঘটে যাওয়া ঘটনার জন্য পৃথকভাবে ফেডারেল অভিযোগও আনা হয়েছে। এপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই সেলমাকে উড়োজাহাজে হামলার অভিযোগসংক্রান্ত নোটিশ দিয়েছে। বিষয়টি ব্রুকলিনের ফেডারেল আদালতে নিষ্পত্তির কথা রয়েছে। তবে এ মামলায় তাঁর হাজিরার তারিখ তখনো নির্ধারিত হয়নি। অর্থাৎ ঘটনাটিকে ঘিরে অঙ্গরাজ্য ও ফেডারেল—দুই পর্যায়েই আইনি প্রক্রিয়া চলছে। কী ঘটেছিল উড়োজাহাজেডেলটা এয়ারলাইনসের ফ্লাইট ৯৩৮ লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক যাচ্ছিল। উড়োজাহাজটি জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর রাত ১১টার দিকে কর্তৃপক্ষের কাছে এক যাত্রীর শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণের খবর পৌঁছায়। এরপর বন্দর কর্তৃপক্ষের পুলিশ সদস্যরা উড়োজাহাজের কাছে যান। প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় দুজন অ্যাটেনডেন্ট আহত হওয়ার কথা জানান। তাঁদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। উড়োজাহাজের পাইলটের সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের কথোপকথনের একটি অডিও রেকর্ডিংয়েও আহত ব্যক্তিদের কথা উঠে এসেছে। সেখানে নাক দিয়ে রক্ত পড়া ও কামড়ের দাগের উল্লেখ করেন পাইলট। আহত ব্যক্তিদের পরীক্ষা করার জন্য বিমানবন্দরে চিকিৎসাকর্মী প্রস্তুত রাখার অনুরোধও জানান তিনি। সিবিএস নিউজ জানিয়েছে, উড়োজাহাজের কর্মীদের সেলমাকে নিয়ন্ত্রণে আনতে হয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র দাবি করেছে। তবে উড়োজাহাজের ভেতরে ঠিক কীভাবে ঘটনার সূত্রপাত হয়েছিল, তা নিয়ে সবিস্তার তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনজীবীর দাবি, ওষুধ বাদ পড়া ও মাথায় আঘাতে বিভ্রান্ত হয়েছিলেন সেলমাসেলমার আইনজীবী আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেলের আচরণ ইচ্ছাকৃত ছিল না। নিউইয়র্ক ডেইলি নিউজ ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সেলমা একাধিক মাত্রায় এমন একটি ওষুধ খেতে পারেননি, যা তাঁর গুরুতর স্নায়বিক উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে কাজের অতিরিক্ত চাপের পর উড়োজাহাজে উঠেছিলেন সেলমা। যাত্রাপথে তাঁর মাথায়ও আঘাত লাগে বলে দাবি করা হয়েছে। ওষুধের মাত্রা বাদ পড়া, মাথায় আঘাত এবং উড়োজাহাজের উচ্চতার প্রভাব মিলিয়ে তিনি তীব্র বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন বলে আদালতে যুক্তি দেওয়া হয়।সেলমার প্রতিনিধিও এর আগে ভ্যারাইটিকে বলেছিলেন, তাঁর শারীরিক জরুরি অবস্থা থেকেই কথিত ঘটনাগুলো ঘটেছে। অবতরণের পরপরই তাঁকে চিকিৎসা দেওয়া হয় এবং তখন তাঁর অবস্থা স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছিল। ২০১৮ সালে মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানানসেলমা ব্লেয়ারের শারীরিক অবস্থার প্রসঙ্গ সামনে আসায় তাঁর দীর্ঘদিনের অসুস্থতার কথাও আলোচনায় এসেছে। ২০১৮ সালে তিনি জানান, তিনি মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) আক্রান্ত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘমেয়াদি রোগ, যা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের স্নায়ুর ওপর প্রভাব ফেলতে পারে। রোগ নির্ণয়ের কথা প্রকাশ্যে জানানোর পর থেকে সেলমা নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়েও কাজ করেছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক আইন প্রণয়নের বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁকে দেখা যায়। ২০১৬ সালেও উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেনউড়োজাহাজে সেলমার এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০১৬ সালে মেক্সিকোর কানকুন থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে ভ্রমণের সময়ও তিনি অস্বাভাবিক আচরণ করেছিলেন। সে সময় তাঁকে স্ট্রেচারে করে উড়োজাহাজ থেকে নামানো হয়। ওই যাত্রায় তাঁর সঙ্গে ছিল চার বছর বয়সী ছেলে। পরে সেলমা জানান, এক গ্লাস ওয়াইন পান করার পর ওষুধ খাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছিলেন, ওই অভিজ্ঞতা ছিল ভয়াবহ ও আতঙ্কজনক। একজন মা হিসেবে এমন পরিস্থিতিতে পড়া তাঁর নিজের কাছেও অস্বাভাবিক ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। ১৯৯৯ সালের চলচ্চিত্র ‘ক্রুয়েল ইনটেনশনস’ এবং ২০০১ সালের ‘লিগ্যালি ব্লন্ড’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান সেলমা ব্লেয়ার। পরে ২০০৪ সালের ‘হেলবয়’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

বিমানকর্মীদের পর পুলিশ ও নার্সকে লাথি, নতুন মামলায় সেলমা ব্লেয়ার

প্রথম পর্বেই বাজিমাত, ‘ফিরে আসার গল্প’-এর ৪৭ লাখ ভিউ

‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর ‘ফিরে আসার গল্প’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক। গতকাল চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সম্পর্কের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি প্রচার শুরু হয়েছে। প্রথম পর্ব গতকাল বুধবার দুপুর ১২টায় মুক্তি পেয়েছে। নাটকটির ভিউ মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখের বেশি! ইউটিউবে মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির।মামুন নামের এক দর্শক লিখেছেন, ‘“এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ বাপ্পা নামে আরেকজন লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো...আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন। নতুন ধারাবাহিকটিতে তাঁদের সবাইকে দেখা যাচ্ছে না। তবে দীপা খন্দকার, খায়রুল বাসার, মনিরা মিঠুসহ বেশ কয়েকজন আছেন। ধারাবাহিকটি দিয়ে সুমাইয়া শিমুর অভিনয়ে নিয়মিত হওয়ার কথা ছিল। এক দিন শুটিং করেছিলেন। কিন্তু চোখে ভাইরাস সংক্রমণের কারণে শেষ পর্যন্ত আর কাজটি করতে পারেননি। তাঁর পরিবর্তে গল্পে যুক্ত হন দীপা খন্দকার আর দীপার চরিত্রে রোজী সিদ্দিকী। তবে ‘ফিরে আসার গল্প’ নাটকের সবচেয়ে বড় চমক জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। সঙ্গে আছেন তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। আরও অভিনয় করছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ।স্যাটেলাইট টেলিভিশনের যুগ শুরুর আগেই এক ঘণ্টার নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান। পরে এটিএন বাংলার ‘লাল নীল বেগুনি’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেন। সেই নাটকের পরিচালক ছিলেন জাহিদ হাসান। এরপর ২০১৩ সালে এসএ টিভির ‘সাঙরিলা’ ধারাবাহিকে অভিনয় করেন দুজন। সেটির পরিচালক ছিলেন শহীদুজ্জামান সেলিম। এরপর দীর্ঘ বিরতি। প্রায় ১৩ বছর পর আবার একই নাটকে অভিনয় করছেন নব্বই দশকের জনপ্রিয় এই দুই তারকা। এই পুনর্মিলন উপভোগ করছেন তাঁরাও।প্রথম লটে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের ১০ পর্বের শুটিং হয়েছে। চলতি সপ্তাহে ঢাকার উত্তরায় শুরু হয়েছে দ্বিতীয় লটের শুটিং। এই লটে ১০ অক্টোবর পর্যন্ত ১৮ পর্বের শুটিং শেষ হবে। মোট ৫২ পর্বে শেষ হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।

প্রথম পর্বেই বাজিমাত, ‘ফিরে আসার গল্প’-এর ৪৭ লাখ ভিউ

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পর ব্যক্তিজীবনে যে অভিজ্ঞতা ৭ তারকার

‘শেমলেস’ সিরিজে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন এমি রমস। পর্দায় অভিনয় করা এসব ঘনিষ্ঠ দৃশ্যের প্রভাব তাঁর ব্যক্তিজীবনেও পড়েছিল। সম্প্রতি মারিয়া শারাপোভার অনুষ্ঠান ‘প্রিটি টাফ’-এ অতিথি হয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা জানান এমি। তবে শুধু তিনি নন, আরও অনেক তারকাই জানিয়েছেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে ব্যক্তিজীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁদের। এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অবলম্বনে এমন ৭ তারকার কথা তুলে ধরা হলো।‘কিলিং ইভ’ খ্যাত অভিনেত্রী জোডি কোমারও পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে পরিবারের প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন। ২০১৭ সালে ‘দ্য হোয়াইট প্রিন্সেস’ সিরিজে অভিনয়ের সময় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাঁকে।সে সময় ‘ডব্লিউ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোমার জানান, এসব দৃশ্য দেখে তাঁর বাবা অস্বস্তি বোধ করতেন। বিষয়টি নিয়ে বাবার সঙ্গে কথা বলাও তাঁর জন্য সহজ ছিল না। কোমারের ভাষায়, স্ক্রিপ্টে এমন দৃশ্য থাকলে একজন অভিনেতার সামনে অনেক সময় সীমিত বিকল্পই থাকে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর অস্বস্তি কিছুটা কমেছে বলেও জানান তিনি। পরিবারের সঙ্গে বসে নিজের অন্তরঙ্গ দৃশ্য দেখার কথা অবশ্য ভাবেন না অভিনেত্রী। লিনা ডানাম ‘গার্লস’ সিরিজে লিনা ডানামকে নগ্ন দৃশ্যে দেখা গেছে। সিরিজটি প্রচারের সময়ও এসব দৃশ্য নিয়ে গণমাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে। তবে অভিনেত্রীর পরিবারের প্রতিক্রিয়াটা ছিল কিছুটা ভিন্ন। তাঁর বাবা শিল্পী এবং নগ্ন শরীর নিয়ে শিল্পচর্চা করেন। ফলে বাবার তাঁর নগ্ন দৃশ্য দেখা নিয়ে বিশেষ অস্বস্তি ছিল না লিনা ডানামের। তবে মা লরি সিমন্সের বিষয়টি সহজ ছিল না। ডানাম এক সাক্ষাৎকারে জানান, তাঁর মা এসব দৃশ্য দেখতে গিয়ে অস্বস্তি বোধ করতেন। সিমন্স নিজেও পরে বলেছিলেন, মেয়েকে পর্দায় এমন অবস্থায় দেখতে একজন মা হিসেবে তাঁর অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তবে সিরিজটির বাকি বিষয় তিনি পছন্দ করতেন। কিট হ্যারিংটন‘গেম অব থ্রোনস’-এর জন স্নো হিসেবে বিশ্বজুড়ে পরিচিত কিট হ্যারিংটনও সাম্প্রতিক সময়ে নিজের নগ্ন দৃশ্য নিয়ে রসিকতা করেছেন। ‘ইন্ডাস্ট্রি’ সিরিজে তাঁর চরিত্রকে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়। ‘অ্যাক্টরস অন অ্যাক্টরস’ অনুষ্ঠানে সাবেক ‘গেম অব থ্রোনস’ সহশিল্পী পিটার ডিংকলেজের সঙ্গে আলাপচারিতায় হ্যারিংটন বলেন, যত বেশি এমন দৃশ্যে অভিনয় করছেন, ততই তাঁর মনে হচ্ছে—হয়তো এবার থামা উচিত।কারণ, এখন তিনি বাবা। তাঁর চিন্তা, একদিন তাঁর সন্তানই হয়তো প্রশ্ন করবে, ‘বাবা পর্দায় সব সময় নগ্ন কেন?’এর আগে জিমি ফ্যালনের অনুষ্ঠানে হ্যারিংটন জানিয়েছিলেন, ‘ইন্ডাস্ট্রি’র চতুর্থ মৌসুমের প্রায় ৯০ শতাংশ সময় তাঁকে নগ্ন অবস্থায় দেখা যায়। শুরুতে চরিত্রটির কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা জেনে তিনি এমন দৃশ্যে অভিনয়ের বিষয়ে রাজি হয়েছিলেন। কিন্তু পরে পরিস্থিতি তাঁর ধারণার চেয়েও অনেক দূর এগিয়ে যায়। এখন বিষয়টি নিয়ে মজা করলেও সন্তানদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে পর্দার এসব দৃশ্য নিয়ে তাঁকে যে অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেটি বুঝতে পারছেন অভিনেতা। মার্গো রবি‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছিল মার্গো রবির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। ২০১৩ সালের এই ছবিতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।তবে পরিবারের সদস্যরা ছবিটি কীভাবে নেবেন, তা নিয়ে শুরু থেকেই চিন্তিত ছিলেন রবি। এমনকি শুরুতে পরিবারের কাছে তিনি বিষয়টি লুকিয়েছিলেন।ভ্যানিটি ফেয়ার-কে দেওয়া সাক্ষাৎকারে রবি জানান, প্রথমে পরিবারকে তিনি বলেননি যে ছবিতে তাঁর নগ্ন দৃশ্য রয়েছে। পরে স্বীকার করলেও জানান, এসব দৃশ্যে নাকি বডি ডাবল ব্যবহার করা হয়েছে এবং তাঁর মুখ প্রযুক্তির সাহায্যে যুক্ত করা হবে।পরিবারের সদস্যরা বিষয়টি বিশ্বাস করে ফেলেছিলেন। পরে অবশ্য ধীরে ধীরে সত্যিটা জানান অভিনেত্রী। শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে একধরনের চুক্তি করেন তিনি—তাঁরা যদি সিনেমাটি দেখতে চান, আগে বইটি পড়ে নিতে হবে। বই পড়ার পরও যদি সিনেমাটি দেখতে চান, তবেই দেখতে পারবেন। এমি রসম‘শেমলেস’ সিরিজে ফিওনা গ্যালাগারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন এমি রসম। এই সিরিজে তাঁর চরিত্রের নানা অন্তরঙ্গ দৃশ্য ছিল। আর সেগুলোই একটা সময় তাঁর প্রেমের জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ২০২৬ সালের সেপ্টেম্বরে মারিয়া শারাপোভার ‘প্রিটি টাফ’ অনুষ্ঠানে রসম বলেন, ‘শেমলেস’-এর নগ্ন দৃশ্য তাঁর ডেটিং জীবনে বেশ জটিলতা তৈরি করেছিল।তাঁর ভাষায়, যাঁদের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন, তাঁদের অনেকেরই তাঁকে নিয়ে আগে থেকেই কিছু ধারণা তৈরি হয়ে থাকত। পর্দায় তাঁকে যেভাবে দেখা গেছে, ব্যক্তিজীবনেও তাঁকে সেভাবেই দেখার প্রবণতা ছিল তাঁদের মধ্যে।একজনের কথা বিশেষভাবে মনে আছে রসমের। ওই ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেন। রসমের সঙ্গে সম্পর্কে জড়ালে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে সমস্যা হবে কি না, তা নিয়েও তিনি উদ্বিগ্ন ছিলেন।রসমের কাছে পুরো কথোপকথনটিই ছিল অদ্ভুত। তাঁর প্রশ্ন ছিল—একজন অভিনেতার পর্দার চরিত্র বা দৃশ্য কীভাবে তাঁর ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে এক করে দেখা যায়? হান্টার শ্যাফার‘ইউফোরিয়া’ তারকা হান্টার শ্যাফারের ক্ষেত্রে পরিস্থিতি আরও অস্বস্তিকর ছিল। কারণ, তাঁর মা–বাবা দুজনই যাজক। ২০২৪ সালে ‘কল হার ড্যাডি’ পডকাস্টে শ্যাফার জানিয়েছিলেন, ‘ইউফোরিয়া’র প্রথম পর্বে তাঁর চরিত্রের বেশ কিছু প্রাপ্তবয়স্ক ও সহিংস দৃশ্য ছিল। পরিবারের কাছে এসব দৃশ্যের কথা জানানোর সময় তাঁর অস্বস্তি হচ্ছিল।তাঁর চিন্তা ছিল শুধু মা–বাবাকে নিয়ে নয়। তাঁর বাবা-মায়ের গির্জার মানুষজনও একদিন টেলিভিশনে তাঁকে ওই চরিত্রে দেখতে পাবেন। শ্যাফার বলেন, তাঁর বাবা-মায়ের গির্জার পরিবেশ তুলনামূলকভাবে উদার হলেও বিষয়টি তাঁদের জন্য সহজ ছিল না। নিজের অভিনয়ের কারণে মা–বাবাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে—এ জন্য তাঁর খারাপও লাগত।

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পর ব্যক্তিজীবনে যে অভিজ্ঞতা ৭ তারকার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream