লালমনিরহাটে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত বীজ ও সার ডিলার মেসার্স রেহান সীডসের বিরুদ্ধে, কৃষক ব্যতীত অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অপরাধে, ভ্রাম্যমাণ আদালত উক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে। আদালত বিক্রিত ৬ বস্তা সার জব্দ করে, স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে।রোববার বিকেলে ৩ টার সময় অভিযান চলাকালে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড প্রদান করে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, অবৈধভাবে সার বিক্রি বন্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জব্দ করা ছয় বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। পুনরায় অবৈধভাবে সার বিক্রি করলে তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানানো হয়।লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং সার বিপণনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।