নওগাঁ জেলার পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার নিষিদ্ধ ভূত জাল না রিং নদীতে ফেলা নিয়ে বিরোধ দেখা দেয়। এতে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। জানস যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার 'মাটিকাটা' নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সেলিম পশ্চিম রঘুনাথপুর (তেকঠা) গ্রামের নূর বক্তের ছেলে প্রকাশ।
স্থানীয় সূত্র মতে জানা যায়, নদীতে রিং জাল পাতা নিয়ে সেলিম রেজার সাথে জেলেপাড়া গ্রামের মোস্তাকিমের (২৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে লোহার হাম্বল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করে। হামলায় গুরুতর আহত হয়ে সেলিম নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়েই পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মতামত