নেত্রকোনার মোহনগঞ্জে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চেয়ে না পেয়ে এক মিষ্টির দোকানের কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে সুজন পাল (৩৩) নামে ওই কর্মচারী আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ভোরে মোহনগঞ্জের মাইলোড়া গ্রামের রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
সুজন পাল জেলার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি মাইলোড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সুজন পালের বাসার পাশেই রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত তার কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চায়। ঠিকানা দিতে না পারায় দুর্বৃত্তদের একজন অস্ত্র বের করে। এ সময় সুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি করা হয়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সুজন পালের স্ত্রী টুম্পা পাল বলেন, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তার কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। তিনি ঠিকানা দিতে না পারলে একজন অস্ত্র বের করে। এ সময় সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, গুলির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই
মতামত