প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য খুলনা সফর ঘিরে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আগামী ২২ অক্টোবর ও ৫ নভেম্বর তাঁর খুলনা সফরের কথা রয়েছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম খুলনা সফর।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে আকরাম পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও পুনর্গ্যাসীকরণের অবকাঠামো স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে।
সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের মাধ্যমে গ্যাস গ্রহণ ও সরবরাহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। তবে আকরাম পয়েন্টে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন, বিনিয়োগ, নির্মাণকাজ শুরুর সময় এবং গ্যাস সরবরাহের সময়সূচি এখনো নিশ্চিত হয়নি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে গত শুক্রবার (১৬ অক্টোবর) দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। এ সময় খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, নির্ধারিত সূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।
খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও তাঁর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন। এলাকার মানুষও প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে, আগামী ৫ নভেম্বর বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ উপলক্ষে গত ১২ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে সরকারি দপ্তরগুলোর প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কর্মকর্তাদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং অপ্রয়োজনে নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর নির্দেশনা দেওয়া হয়।
মতামত