ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে
ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্ত ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ডিয়েগো ম্যারাডোনার করা বিতর্কিত সেই গোল আজও সমানভাবে স্মরণীয়। গোলটির পর ম্যারাডোনা বলেছিলেন, এটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’। এবার সেই ঐতিহাসিক গোলের সাক্ষী বলটি উঠতে যাচ্ছে নিলামে।যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ আগামী ২১ থেকে ২৩ আগস্ট বলটির নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির ধারণা, নিলামে বলটির দাম আট অঙ্কে পৌঁছাতে পারে, অর্থাৎ কমপক্ষে ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকা। তবে নিলামে বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।হেরিটেজ অকশনস’-এর ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমার মনে হয় এটি ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বল।’ ইমলারের দেওয়া আরেকটি তথ্য অবশ্য বলটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও হয়েছিল এই বল দিয়েই।১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা অবিস্মরণীয় ও আলোচিত দুটি গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত।সেই ম্যাচে ম্যারাডোনা যে জার্সি পরেছিলেন, সেটিও পরে ইতিহাস গড়েছে। নিলামে সেই জার্সির দাম উঠেছিল ৯৩ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১৫ কোটি টাকা। ফুটবলে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড।