সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মিশিগানে ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ, ‘বিশ্বাসঘাতকতা’ বললেন চাক শুমার

মিশিগানে ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ, ‘বিশ্বাসঘাতকতা’ বললেন চাক শুমার

মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের এক সিদ্ধান্তকে ঘিরে দলটির মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নিজ দলের প্রার্থী আবদুল এল-সাইয়েদকে সমর্থন না করে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। স্টিভেন্সের এমন সিদ্ধান্তকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে মিশিগানের আসনটি ডেমোক্র্যাটদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সোমবার প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী রজার্সের তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন এল-সাইয়েদ। এমন পরিস্থিতিতে দলের ভেতর এই বিরোধ নতুন করে রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছে।উল্লেখ্য, এই আসনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন হ্যালি স্টিভেন্স নিজেও। তবে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে আবদুল এল-সাইয়েদের কাছে হেরে যান তিনি।অন্যদিকে, জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের কঠোর সমালোচক। তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিও জানিয়েছেন। নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার সুযোগ রয়েছে তার। হ্যালির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এল-সাইয়েদ বলেন, ‘এতে আমি বিচলিত নই। দিন শেষে আসলে হ্যালিকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি বাকি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮ জন মানুষকে নিয়ে, যারা ওই দুজন নন।’ ওই দুজন বলতে তিনি হ্যালি ও রজার্সকে ইঙ্গিত করেন। পরে বলেন, ‘পুরো বিষয়টির রাজনীতির চেয়ে নীতিগত দিক নিয়েই আমি বেশি আগ্রহী।’ রোববার রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রজার্সকে সমর্থনের কারণ ব্যাখ্যা করেন হ্যালি। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে আমি বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা ও নতুন উদ্যম পেয়েছি। আমার হৃদয় যা বলছে, সেটিই করেছি।’ তবে তিনি চান সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাক। হ্যালির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। তিনি এই পদক্ষেপকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেন। অন্যদিকে, মিশিগান ডেমোক্র্যাটদের কৃষ্ণাঙ্গ ককাসের চেয়ারম্যান ভার্জি রলিন্স বলেন, হ্যালি নিজেকে দলত্যাগী হিসেবে প্রকাশ করে নিজের পথ হারিয়েছেন। নিজ দলে সমালোচিত হলেও হ্যালির প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘হ্যালি এমন কথা বলেছেন, যা বলার সাহস খুব কম মানুষেরই আছে।’

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream