শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে হাজির
২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গ্রেফতার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। এদিন মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীদের শুনানির দিন ধার্য রয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে গত ১২ ও ১৬ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করে। এরপর আসামিপক্ষের শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় সোমবার আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরবেন।মামলাটিতে মোট আসামির সংখ্যা ৪১ জন। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। সোমবার ১০ জনকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে অংশ নেবেন। এ ছাড়া মামলার বাকি ৩০ আসামি এখনো পলাতক রয়েছেন।গ্রেফতার ১০ আসামির মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।