শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রোনালদোর পর ২ বিলিয়ন ডলারের পথে মেসি

রোনালদোর পর ২ বিলিয়ন ডলারের পথে মেসি

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন এক ইতিহাস গড়েছেন। প্রথম সক্রিয় ক্রীড়াবিদ হিসেবে ক্যারিয়ারে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি। আগামী বছরের শেষ দিকে লিওনেল মেসিও এই মাইলফলকে পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে।ফোর্বসের তালিকায় ২.০৯ বিলিয়ন ডলার আয় নিয়ে শীর্ষে রয়েছেন রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন গলফ তারকা টাইগার উডস। তার মোট আয় ১.৯৭ বিলিয়ন ডলার। আর ১.৮৭ বিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।রোনালদোর আয়ের বড় অংশ আসে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে। এই ক্লাব থেকে বছরে ২০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেন তিনি।৪১ বছর বয়সী এই তারকা টানা ১০ মৌসুম ধরে প্রতি বছর অন্তত ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন। এই সময়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেলেছেন। ক্যারিয়ারে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করলেও, ফোর্বসের হিসাব অনুযায়ী রোনালদোর নিট সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন ডলার (৪.৪০ বিলিয়ন দিরহাম)। জুন মাসে তিনি প্রথমবারের মতো ফোর্বসের বিশ্ব বিলিয়নেয়ারদের তালিকায় জায়গা করে নেন, যেখানে তিনি মেসিকে পেছনে ফেলেছেন। মেসির নিট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার (৪.০৩ বিলিয়ন দিরহাম)। রোনালদো আরও একটি মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন; ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিনি ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন। এই লক্ষ্যে পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ১৮টি গোল। ৩৯ বছর বয়সী মেসির ক্যারিয়ার আয় ২০২৭ সালের শেষ নাগাদ ২.০২ বিলিয়ন ডলারে (৭.৪১ বিলিয়ন দিরহাম) পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর তার সম্ভাব্য আয় ১৪৫ মিলিয়ন ডলার (৫৩২ মিলিয়ন দিরহাম); এর পেছনে বড় ভূমিকা রেখেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে তার যোগদান এবং স্পনসর প্রতিষ্ঠান অ্যাডিডাস ও অ্যাপল টিভির সঙ্গে তার আয়ের অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি। ২০২৩ সালে পিসএসজি ছাড়ার পর, সৌদি আরব থেকে পাওয়া বছরে ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপটি ক্লাবটির বাজারমূল্য বাড়িয়ে ১.৩৫ বিলিয়ন ডলারে (৪.৯৫ বিলিয়ন দিরহাম) উন্নীত করেছে, যা এমএলএস-এর ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়া অবসরের পর ইন্টার মায়ামিতে মালিকানার অংশ (ইকুইটি স্টেক) কেনার সুযোগও রয়েছে এই আর্জেন্টাইন তারকার। এটি তার খেলোয়াড়ি জীবনের বাইরে আয়ের ক্ষেত্রে নতুন একটি মাত্রা যোগ করতে পারে। উল্লেখ্য, তিনি ইতিমধ্যে স্প্যানিশ ক্লাব সিডি এলডেন্সে এবং ইউই কর্নেলা-তে মালিকানার অংশীদার। উভয় খেলোয়াড়ই এখন তাদের নিজ নিজ ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন। খেলাধুলায় দীর্ঘ সময় আধিপত্য বজায় রাখার পর, এখন তাদের সামনে সুযোগ রয়েছে এই খেলা থেকে বিদায় নেওয়ার সময় বিপুল পরিমাণ অর্থ উপার্জনের।

বার্সার বিপক্ষে গোলের রেকর্ডে রোনালদো-বেনজেমাকে ছাড়ালেন এমবাপ্পে

এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে ব্যক্তিগত রেকর্ডেও নতুন উচ্চতায় পৌঁছেছেন ফরাসি এই তারকা।লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে একাধিক গোল করার রেকর্ডে রিয়ালের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে।গতকাল রাতে বার্সেলোনার মাঠে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ম্যাচের শেষ দিকে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।এমবাপ্পের জোড়া গোলেই গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে বার্সেলোনার বিপক্ষে ব্যক্তিগত গোলের হিসাবেও নতুন মাইলফলক গড়েন এই ফরাসি ফরোয়ার্ড। পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ‘স্ট্যাটমিউজ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে জোড়া গোল করার সংখ্যায় রোনালদো ও বেনজেমাকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। রিয়ালের সাবেক দুই তারকা রোনালদো ও বেনজেমা এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে একবার করে জোড়া গোল করেছিলেন। অন্যদিকে, এমবাপ্পে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই দ্বৈরথে এক ম্যাচে দুটি গোল করলেন।

বার্সার বিপক্ষে গোলের রেকর্ডে রোনালদো-বেনজেমাকে ছাড়ালেন এমবাপ্পে

নিজেকেই সর্বকালের সেরা বললেন রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। তবে তিনি নির্দিষ্ট এই মাইলফলকে পৌঁছানোকে নিজের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন না। বরং আল নাসরের এই ফরোয়ার্ড ক্যারিয়ারের গোলসংখ্যা ও মাঠের পারফরম্যান্স যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলেও দাবি করেছেন তিনি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে তিনি বলেন, তার পারফরম্যান্সের মান এবং গোলের জন্য মানুষ তাকে যথাযথ কৃতিত্ব দেয় না। রোনালদের ভাষ্যে, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’ ক্যারিয়ারের পরিসংখ্যানেও অনন্য অবস্থানে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০। অর্থাৎ পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোল পূর্ণ করতে তাকে আরও ২০টি গোল করতে হবে। এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, বিষয়গুলো স্বাভাবিকভাবে এগোতে দেওয়া উচিত। তার ভাষায়, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’ তবে এক হাজার গোলের মাইলফলক অর্জনের আকাঙ্ক্ষা এখনো রয়েছে তার। রোনালদো বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’ খেলা চালিয়ে যাওয়ার বিষয়েও নিজের অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। ভবিষ্যতে যেকোনো সময় ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে মনে করেন তিনি। রোনালদোর কথায়, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

নিজেকেই সর্বকালের সেরা বললেন রোনালদো
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream