রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মুক্তির পরই বিতর্কে ‘রামায়ণ’, সিনেমা বন্ধের দাবি ভিএইচপির

মুক্তির পরই বিতর্কে ‘রামায়ণ’, সিনেমা বন্ধের দাবি ভিএইচপির

মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। তবে সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এবার সিনেমাটির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটির নেতাদের অভিযোগ, সিনেমাটিতে রাবণকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রামায়ণের বিভিন্ন ঘটনা বিকৃতভাবে দেখানো হয়েছে বলেও দাবি তাদের।ভিএইচপির অভিযোগ, ছবিতে রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রাবণকে মহিমান্বিত করার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে সংগঠনটি। এ কারণে সিনেমাটির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে তারা। অভিযোগ, রামায়ণের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছবিতে বাদ দেওয়া হয়েছে; অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো বিষয়গুলোও এতে স্থান পায়নি। তাদের ভাষ্য, ঋষি-মুনিদের যজ্ঞ ও আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টিকারী রাক্ষসদের বিনাশের জন্য রামের যে উদ্দেশ্য ছিল, সেটিকে স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে। সামগ্রিকভাবে নিজেদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার পাশাপাশি সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (প্রথম পর্ব) মুক্তি পায় গত ৫ নভেম্বর। মুক্তির ১৭ দিনে, অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে শুধু ভারতের বাজার থেকেই নিট আয় হয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণ চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।   

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream