বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাতি নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২–এস উপপিলার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতে বিএসএফের পুশ ইন চেষ্টার একটি ভিডিও পাওয়া গেছে। এটি লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর ব্যাঙেরবাড়ি সীমান্ত এলাকার। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, বিএসএফের এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে আছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন। ঠেলে পাঠানোর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে কারিমুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে নজরদারি ও টহল দলের তৎপরতা অব্যাহত আছে। বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করে থাকে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের চেষ্টা সব সময় প্রতিহত করা হয়েছে।

হাতীবান্ধায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। সার ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ করেন তাঁরা। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আজ মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের অভিযোগ, পারুলিয়া বাজার এলাকায় সার বিক্রির দায়িত্বে রয়েছে মেসার্স মুন্না ট্রেডার্স। প্রতিষ্ঠানের মালিক বগুড়া জেলার বাসিন্দা হওয়ায় স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামে দুই ব্যক্তি সার বিতরণ করেন। কৃষকদের ভাষ্য, জাদু মেম্বার ও ভুট্টুর বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ রয়েছে। ডিলারের লোকজন সিন্ডিকেট গড়ে গভীর রাতে নিজেদের পছন্দের লোকজনকে ১০ থেকে ১২ বস্তা করে সার দিচ্ছেন। সাধারণ কৃষকেরা দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনাস্থলে যান। প্রশাসনের আশ্বাসের পর কৃষকেরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যান আটকা পড়ে। পাটিকাপাড়া ১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল বলেন, ‘যে সময়ে সারের প্রয়োজন, সেই সময়ে যদি সার না পাই, তাহলে কৃষক ও তাঁদের পরিবার কীভাবে বাঁচবে? প্রয়োজনে খোলাবাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়েও সার কিনতে রাজি আছি। তবু যেন সঠিকভাবে চাষাবাদ করতে পারি। দীর্ঘদিন ঘুরেও সার না পেয়ে বাধ্য হয়ে আমরা মহাসড়কে নেমেছি।’ তিস্তাচরাঞ্চলের কৃষক মমিনুর ইসলাম বলেন, ‘সারের জন্য দিনের পর দিন ঘুরেও ন্যায্য দামে সার মিলছে না। ডিলাররা গোপনে সার কালোবাজারে বিক্রি করছে। দাম বেশি দিলে সার মেলে। সার পেতে বেশ হয়রানি হতে হচ্ছে। সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারে সার বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ স্থানীয় কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘ভুট্টার আগাম চাষের মৌসুমে সময়মতো সার না পেলে কীভাবে চাষাবাদ করব? সার ছাড়া জমিতে ঠিকমতো আবাদ করা যায় না। সময়মতো সার দিতে না পারলে ফসল লাল হয়ে যায়, ফলনও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সারা বছর সংসার চলে ভুট্টা চাষের আয়ের ওপর। এই ফসলের ওপর নির্ভর করেই পরিবারের ভরণপোষণ করতে হয়। তাই সময়মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘বিতরণের জন্য আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে বিতরণ সম্পন্ন করতে কিছুটা সময় দিতে হবে। প্রয়োজনে আমরা আগামী মাসের বরাদ্দের সার দিতে পারব। বর্তমানে ছয়টি ওয়ার্ডে সার বিতরণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সার বিতরণ শেষ হবে। কালোবাজারে সার বিক্রির কোনো সুযোগ নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র বলেন, ‘কৃষক ভাইদের আমরা ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ সার আছে। সার কার্ড যেসব কৃষক ভাইদের কাছে আছে, তাঁরা সবাই সার পাবেন। এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাঁরা আমাদের কথাগুলো শুনে অবরোধ তুলে নিয়েছেন এবং কার্ডগুলো আমাদের দিয়েছেন। পরবর্তীতে কার্ডের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করব।’

হাতীবান্ধায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক

আজ শুক্রবার সামিউল ইসলামের বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার বিয়ের কেনাকাটাও সম্পন্ন হয়। পরে কাবিন ও বিয়ের সময় নির্ধারণ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তাঁর। এরপরই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সামিউল। কিছুক্ষণ পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত সামিউল (২১) সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি সালন্দর আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিজানুর রহমানের ভাষ্য, গত বুধবার সামিউলের বিয়ের কেনাকাটা করা হয়। বৃহস্পতিবার সকালে সামিউল তাঁর বাবার কাছে জানতে চান, বিয়েতে কতজন লোক যাবেন। বাবা ২৪ জন যাওয়ার কথা জানালে সামিউল ৩৫ জন যাওয়ার কথা বলেন। পরে বিয়ের ঘটক ও আত্মীয় নজরুল ইসলাম তাঁদের বাড়িতে আসেন। তাঁর সঙ্গে কনের পোশাক ও বিয়ের কাবিন নিয়ে কথা হয় মিজানুর রহমানের। একপর্যায়ে সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার কাবিন হবে এবং শুক্রবার বিয়ে হবে। তবে সামিউল বৃহস্পতিবারই কাবিনসহ বিয়ের যাবতীয় কার্যক্রম শেষ করার কথা বলেন। সামিউলের বাবা বলেন, ‘এসব নিয়ে কথা বলার পর সামিউল আমার ওপর অভিমান করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তাঁর বন্ধুর ডাক-চিৎকার শুনে ছুটে যাই। জানালা দিয়ে দেখি, ছেলে ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে খালের পানিতে ভাসমান অবস্থায় ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, সকালে ব্রিজের নিচে খালের পানিতে এক নারীর নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

নিজের বাড়ি থেকে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামানকে গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ সকাল ৯টার দিকে আদালতে হাজির করা হলে নাঈমুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল ও আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তাঁর নামে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা আছে। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, নাঈমুজ্জামান ভুঁইয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোরে তাঁর কাজীপাড়া এলাকার বাড়িতে উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সকাল সোয়া ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিজের বাড়ি থেকে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামানকে গ্রেপ্তার

রংপুর ক্যাডেট কলেজের ৫০ পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ-৫

রংপুর ক্যাডেট কলেজের ৫০ শিক্ষার্থী এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পেয়েছে জিপিএ-৫। বিজ্ঞান বিভাগের ৪৭ জন ও মানবিক বিভাগের ৩ জনের সবাই জিপিএ-৫ অর্জন করেছে। এবারও শতভাগ জিপিএ-৫ পাওয়ার সাফল্য ধরে রেখেছে রংপুরের এই প্রতিষ্ঠান। গত বছরও ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। আজ সোমবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর রংপুর ক্যাডেট কলেজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ক্যাডেট ও অভিভাবকদের অভিনন্দন জানান। কলেজ কর্তৃপক্ষ জানায়, এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ৪৭ জন এবং মানবিক বিভাগের ৩ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেকেই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির ফলাফলে শতভাগ সাফল্য এসেছে। অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান বলেন, ক্যাডেট কলেজের নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফলের অন্যতম কারণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, চরিত্র গঠন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এবং ক্যাডেটদের নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের ফলে এই ফল অর্জন সম্ভব হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, সেনাসদরের দিকনির্দেশনা, অধ্যক্ষের নেতৃত্ব, উপাধ্যক্ষের তত্ত্বাবধান, শিক্ষক-কর্মকর্তাদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফলে ভূমিকা রাখছে। এছাড়া রংপুর জিলা স্কুল থেকে ২২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৬৯ পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫৩৩ পরীক্ষার্থীর মধ্যে ৫৩০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৩০ শতাংশ। প্রতিষ্ঠানগুলোর প্রধানেরা বলছেন, শিক্ষকদের নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের মনোযোগ, পরীক্ষার আগে বাড়তি প্রস্তুতি এবং অভিভাবকদের সহযোগিতার কারণে ভালো ফল এসেছে।

রংপুর ক্যাডেট কলেজের ৫০ পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ-৫
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream