শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পঞ্চগড়ে দরিদ্র ও পথচারীদের জন্য চালু হলো ‘মেহমানখানা’, প্রতি শুক্রবার মিলবে বিনামূল্যে খাবার

পঞ্চগড়ে দরিদ্র ও পথচারীদের জন্য চালু হলো ‘মেহমানখানা’, প্রতি শুক্রবার মিলবে বিনামূল্যে খাবার

পঞ্চগড় প্রতিনিধি:দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দিতে পঞ্চগড় শহরে চালু হয়েছে ‘মেহমানখানা’ নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রতি শুক্রবার দুপুরে এই মেহমানখানার মাধ্যমে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার একদল মানবিক মানুষের উদ্যোগে এই মহৎ কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।উদ্যোক্তারা জানান, এই উদ্যোগের সবচেয়ে বড় বিশেষত্ব হলো—এর সঙ্গে জড়িত প্রত্যেকে বছরে মাত্র এক দিন করে এই কর্মসূচির সমস্ত দায়িত্ব পালন করবেন। এভাবে ৫২ জন ব্যক্তির মাধ্যমে বছরের ৫২ সপ্তাহই নিরবচ্ছিন্নভাবে মেহমানখানার কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে এই কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা যুক্ত হলে এর পরিধি আরও বাড়ানো হবে।বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দারিদ্র্য কল্যাণ সংস্থার’ সার্বিক ব্যবস্থাপনায় এই উদ্যোগ পরিচালিত হচ্ছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এই কার্যক্রম অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান ও আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক, হারুন অর রশিদসহ অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream