‘ধুরন্ধর’-এর পর মধুবালার বায়োপিকে আলোচনায় সারা অর্জুন
সারা অর্জুন কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন। এই গ্ল্যামারকন্যা সম্প্রতি নতুন করে এই খবরে আলোচনায় এসেছেন। বলিউডে তাকে নিয়ে চর্চা বাড়ছিল আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই।বিনোদন জগতে সারার পথচলা দীর্ঘদিনের। তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলেগু ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রূপালী পর্দার অমর নায়িকা মধুবালার চরিত্রে এই তরুণ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।মধুবালার জীবন নিয়ে সঞ্জয় লীলা বানসালি বায়োপিকের কাজে হাত দেবেন। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধুবালার বায়োপিকের শুটিং লাভ অ্যান্ড ওয়ার-এর কাজ শেষ করেই শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি।প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে আগামী সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। একই জায়গায় বর্তমানে লাভ অ্যান্ড ওয়ার-এর শেষ গানের শুটিং করছেন বানসালি। আগামী সপ্তাহেই সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।মধুবালার বায়োপিক পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন। প্রতিবেদন অনুযায়ী, সারা অর্জুন ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন। মধুবালার ব্যক্তিত্ব, অঙ্গভঙ্গি এবং তিনি যে সময় ও পরিবেশে বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় পর্দায় ফুটিয়ে তুলতে চান জসমিত।১৮ জুন ২০০৫ সালে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র ১৮ মাস বয়সে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। পাঁচ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন। এ সময়ে তিনি শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।