শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চীন-ফিলিপাইন বিরোধে উত্তপ্ত আসিয়ান প্রতিরক্ষা বৈঠক

চীন-ফিলিপাইন বিরোধে উত্তপ্ত আসিয়ান প্রতিরক্ষা বৈঠক

ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ানের দুই দিনব্যাপী প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছে চীন ও ফিলিপাইন। বৈঠকের শেষ দিনে চীনের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে ফিলিপাইন বলছে, বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য চীনকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ফিলিপাইনের একজন রাজনীতিক সেবু শহরে অনুষ্ঠিত আসিয়ানের সম্প্রসারিত প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে চীনের অংশগ্রহণে বাধা দিয়েছেন। তবে ওই রাজনীতিকের নাম প্রকাশ করেনি বেইজিং।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং শিয়াওগাং এক সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের আচরণ বৈঠকের উন্মুক্ত ও সবার অংশগ্রহণের নীতির বিরুদ্ধে। একই সঙ্গে এটি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে এবং সংলাপের অংশীদার হিসেবে চীনের অধিকার ক্ষুণ্ণ করেছে।অন্যদিকে, ফিলিপাইনের দাবি, চীনকে বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন উপস্থিত ছিলেন না। সম্ভবত তিনি এই সপ্তাহে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছিলেন। তার পরিবর্তে একজন সামরিক অ্যাটাশে চীনের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো বৈঠকের সভাপতিত্ব করছিলেন। তিনি চীনের আনা বাধার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান, বেইজিংকে তাদের মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল এবং আসিয়ানের অন্য কোনো সদস্য দেশ এ ধরনের কোনো উদ্বেগ প্রকাশ করেনি। সমাপনী সংবাদ সম্মেলনে তেওদোরো বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে পেরেছে। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এই ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। তেওদোরো আরও বলেন, আমরা খোলামেলা মত বিনিময়ের সুযোগ দিয়েছি, আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাওয়া। দক্ষিণ চীন সাগরে বারবার মুখোমুখি অবস্থান এবং সম্প্রতি ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী তেওদোরোর ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় বেইজিং ও ম্যানিলার মধ্যকার সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এই ঘটনা উভয় দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার সৃষ্টি করছে। অথচ এই বার্ষিক বৈঠকে প্রতিরক্ষা কর্মকর্তারা দক্ষিণ চীন সাগর ও অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর জোর দিয়েছিলেন। ফিলিপাইন তাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্বের নেটওয়ার্কের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে এই বৈঠককে কাজে লাগিয়ে ওয়াশিংটন এই অঞ্চলে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার অঙ্গীকার করেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের পাশাপাশি মিত্র ও অংশীদারদের স্বার্থ রক্ষা করবে। একই সঙ্গে তিনি ১১ সদস্যবিশিষ্ট এই জোটের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে। তাদের মানচিত্রে থাকা ‘নাইন-ড্যাশ লাইন’ বা নয়টি রেখা সংবলিত এই দাবির আওতা মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই ও ইন্দোনেশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করে। ২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল  চীনের এই ব্যাপক দাবির কোনো ভিত্তি নেই বলে রায় দিয়েছে। তবে বেইজিং এই রায় প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ চীন সাগরের দাবিদার অন্যান্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তেওদোরো ২০১৬ সালের সেই রায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি যুক্তি দেন, ওই রায়ের মূল নীতিগুলো আন্তর্জাতিক আইনের অংশ এবং এটি কেবল ফিলিপাইনের বিষয় নয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি-র সঙ্গে আলোচনার সময় উভয় পক্ষই বিতর্কিত জলসীমায় চীনের ‘জোরপূর্বক কর্মকাণ্ড’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তেওদোরো তার দেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্বের নেটওয়ার্কের পক্ষেও কথা বলেন। তিনি এই ধারণা নাকচ করে দেন, এসব অংশীদারিত্ব আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, ফিলিপাইন তার সামুদ্রিক এলাকায় চীনের ‘একতরফা ও অবৈধ দাবির’ মুখোমুখি হয়েছে। শান্তি ও নিরাপত্তার প্রতি নিজের দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তেওদোরো বলেন, যদি আসিয়ানভুক্ত অন্য কোনো দেশ ফিলিপাইনের মতো একই মাত্রার পরিস্থিতির সম্মুখীন হতো, তবে নিশ্চিতভাবেই তারাও তাদের সাধ্যমতো এর প্রতিরোধ করত। সূত্র: রয়টার্স।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream