রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

পারভেজ হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এডিস মশার প্রাদুর্ভাব রোধে সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউটসহ সব অংশীজনকে সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার জন্য রংপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream