কানাডার পার্লামেন্টারি ডিনারে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক পরিবেশনা
কানাডার রাজধানী অটোয়ায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে হাজির হন এক অভিনয়শিল্পী। মঞ্চে উঠে ট্রাম্পের কথা বলার ধরন, অঙ্গভঙ্গি এমনকি তাঁর পরিচিত শক্ত করমর্দনের ভঙ্গিও নকল করেন তিনি। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়েও একের পর এক মজার মন্তব্য করেন ওই শিল্পী।শনিবার অটোয়ায় অনুষ্ঠিত হয় বার্ষিক পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার। এতে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিবছর এই আয়োজনে দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদেরা অংশ নেন।অনুষ্ঠানটিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ, কৌতুক ও হাস্যরসের আয়োজন থাকে। এবার ট্রাম্পের ছদ্মবেশে ওই শিল্পীর পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে বেশ হাসির সৃষ্টি করে।মঞ্চে ট্রাম্পের সাজে দাঁড়িয়ে শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দুজন কার্নি আছেন। বিষয়টি কি অবিশ্বাস্য নয়? দুজন কার্নি! তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’চমৎকার অভিনয় ও ট্রাম্পের পরিচিত অঙ্গভঙ্গি নকল করে পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন ওই শিল্পী।
নিজের বক্তব্যে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও তুলে আনেন তিনি। এ সময় মার্ক কার্নির শারীরিক গঠন নিয়েও কৌতুকপূর্ণ মন্তব্য করেন।
শুধু কথাবার্তাই নয়, শারীরিক অঙ্গভঙ্গিতেও ট্রাম্পকে অনুকরণের চেষ্টা করেন ওই অভিনয়শিল্পী। বিশেষ করে করমর্দনের সময় ট্রাম্পের পরিচিত শক্তভাবে হাত মেলানোর ধরনটি মঞ্চে ফুটিয়ে তোলেন তিনি।
উল্লেখ্য, কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। প্রতিবছর এই নৈশভোজে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও হাস্যরসের মধ্য দিয়ে বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়। তথ্যসূত্র : স্কাই নিউজ।