রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ২০ মোটরসাইকেলে আগুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ২০ মোটরসাইকেলে আগুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বর সংলগ্ন এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ২০টি মোটরসাইকেল এবং দুটি খাবারের দোকানে আগুন দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে রোববার সকালে জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলাগুলি ও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে ভাঙচুর চালান এবং অন্তত ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া নাওডোবা গোলচত্বরে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁ ও পাশের অপর একটি খাবারের হোটেলেও আগুন দেওয়া হয়। তবে অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করার নির্দেশনা দেওয়া হয়।সড়ক অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটানোর আশঙ্কায় পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে এবং পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটালে কোনো প্রাণহানি ছাড়াই তাঁদের প্রতিহত করা সম্ভব হয়।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream