সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জাটকা আহরণে আজ মধ্যরাত থেকে ৮ মাসের নিষেধাজ্ঞা

জাটকা আহরণে আজ মধ্যরাত থেকে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বাড়ানো এবং ছোট ইলিশ রক্ষায় আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।নিষেধাজ্ঞা চলাকালে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ, অর্থাৎ জাটকা ধরা, পরিবহন, বিক্রি, কেনাবেচা ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়ন করা হয়। এ সময় ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত ইলিশের পোনা তার বয়সের একটি নির্দিষ্ট সময় (৫-৮ মাস) পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। আর এ সময় ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই নিষিক্ত ইলিশের পোনা রক্ষা করা অত্যাবশ্যকীয়। এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, উক্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তর সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

মোদি-আদানির প্রামাণ্যচিত্র নিয়ে আদালতের কড়া নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে তৈরি একটি বিতর্কিত প্রামাণ্যচিত্র প্রকাশ ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস: হাউ মোদি অ্যান্ড আদানি স্টোল ইন্ডিয়া’ নামের ৩৬ মিনিটের ভিডিওটি নিয়ে আদানি গ্রুপের প্রতিষ্ঠান ‘আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড’ ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছে। গত ৯ অক্টোবর ইন্টারনেট উদ্যোক্তা সাবির ভাটিয়া তাঁর ইউটিউব চ্যানেল ও এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন।ভিডিওতে সাবির ভাটিয়া অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন নিয়ম ভেঙে গৌতম আদানিকে ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছেন। বিমানবন্দর, সড়ক নির্মাণ, কয়লাখনি ও বিভিন্ন অবকাঠামো খাতে আদানির ব্যবসা সম্প্রসারণের বিষয়গুলোও ভিডিওতে তুলে ধরা হয়েছে।মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্ত বলেন, ভিডিওটি সাধারণ কোনো সংবাদ প্রতিবেদন নয়। এতে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর পক্ষে উপযুক্ত প্রমাণ নেই বলেও মন্তব্য করেন তিনি। আদালতের মতে, ভিডিওটি নাটকীয়ভাবে তৈরি করা একটি রূপক হিসেবে উপস্থাপনা করা হয়েছে। প্রামাণ্যচিত্রের শিরোনাম চুরি বা আত্মসাতের ইঙ্গিত দেয়। প্রামাণ্যচিত্রের ভেতরের তথ্য ও দৃশ্যগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সেগুলো চূড়ান্ত সত্য। কিন্তু এমন দাবির সপক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ ওই প্রামাণ্যচিত্রে দেখা যায়নি। তবে পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছেন, প্রমাণসহ গঠনমূলক সমালোচনা বা সত্য প্রকাশে কোনো বাধা নেই। আদালত আরও লক্ষ করেছেন, ভিডিওটি একবার মুছে দেওয়ার পরও সাবির ভাটিয়া সেটি আবার আপলোড করেছেন। বিচারপতি দত্তের মতে, এই আচরণ প্রথম দর্শনে সদ্ভাবের অভাব প্রকাশ করেছে। ইন্টারনেটে এ ধরনের কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে যে সুনামহানি হয়, তা কেবল আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মেটানো সম্ভব নয়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমকে সংশ্লিষ্ট ভিডিওটি মুছে ফেলা এবং এর সব লিঙ্ক ও শেয়ার বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইউটিউব, এক্স ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে ওইসব অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস এবং সাবস্ক্রাইবার সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে। যেসব অ্যাকাউন্টের মালিকদের চিহ্নিত করা যায়নি, তাঁদের প্রাথমিক তথ্য দুই সপ্তাহের মধ্যে সিলমোহরযুক্ত খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। অন্যদিকে আদালতের এই আদেশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবির ভাটিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আদানি তাঁর ক্ষতির পরিমাণ ৫০ কোটি রুপি ধার্য করলেও তিনি নিজে এই সুনামের মূল্য শূন্য রুপি বলে মনে করেন। সাবিরের দাবি, অন্যায়ভাবে অর্জিত ধনসম্পদ কখনো সুনাম এনে দেয় না। তাঁর যুক্তি, সুনামহানির মূল্য যদি শূন্য হয়, তবে ক্ষতিপূরণের পরিমাণও শূন্য হওয়াই উচিত।

মোদি-আদানির প্রামাণ্যচিত্র নিয়ে আদালতের কড়া নির্দেশ

ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুর রহমান অভিযোগসংশ্লিষ্ট ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে একটি কারাগারে আটক রয়েছেন। আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন। উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে। এরপর থেকে সে দেশটির কারাগারে আটক রয়েছেন। 

ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড

১৬ বছরের কম বয়সী শিশুদের নিউজিল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, তাঁর দল এই বিষয়ে সংসদে একটি বিল উত্থাপন করবে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আইন অমান্য করলে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রস্তাবিত বিলে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে হবে। এ জন্য বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের কথা বলা হয়েছে। এক বিবৃতিতে সোমবার (২৪ আগস্ট) লাক্সন বলেন, নিউজিল্যান্ডের একটি প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। তিনি মত দেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি তৈরি করা প্রযুক্তি এবং এমন নানা চাপের মুখে ফেলছে, যা সামাল দেওয়ার মতো প্রস্তুতি তাদের নেই। এর প্রভাব তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও শিক্ষার ওপর পড়ছে। তবে বিলটি সংসদে পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লাক্সনের জোটসঙ্গী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ইতিমধ্যে প্রস্তাবটির বিরোধিতা করেছে। দলের নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, এই ধরনের আইন দেশকে ভুল পথে নিয়ে যেতে পারে। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার দায়িত্ব মূলত অভিভাবকদের বলেও মন্তব্য করেন তিনি। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। তবে লাক্সন স্বীকার করেছেন, সব শিশুকে পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা সম্ভব নাও হতে পারে। তারপরও বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা জরুরি বলে তিনি মনে করেন।

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘না’ বলছে নিউজিল্যান্ড
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream