রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
যে ভুলে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

যে ভুলে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

ঢাকার জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে তখন অনেকেই ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনছিলেন। ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে গেছে। গ্যালারিভর্তি দর্শকের চিৎকার আর উত্তেজনার মধ্যে সবার মনে একটাই আশা—২১ বছর পর আবারও সাফের ফাইনালে উঠবে বাংলাদেশ। কিন্তু ঠিক সেই সময়ই ঘটে বড় ভুল।গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বল হাতে পাওয়ার পর দ্রুত থ্রো করতে যান। কিন্তু তাঁর সেই থ্রো গিয়ে পড়ে সরাসরি পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। বদলি খেলোয়াড় হিসেবে নামা হাইয়ান খাট্টাকের তৈরি করা সুযোগ থেকে আবদুল সামাদ আরশাদ নিচু শটে গোল করেন। মুহূর্তেই ভেঙে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। অন্যদিকে, সাফের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে পাকিস্তান।১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন গোলকিপার শ্রাবণ। অনেকেই এই হারের জন্য তাঁকেই দায়ী করছেন। তবে পুরো ম্যাচের দিকে তাকালে দেখা যায়, শুধু শ্রাবণের একটি ভুলেই বাংলাদেশের বিদায় ঘটেনি। বরং পুরো দল ও টিম ম্যানেজমেন্টের ব্যর্থতাও এই হারের পেছনে বড় কারণ।ফুটবলে গোলকিপারের ভুল সহজেই সবার চোখে পড়ে। কারণ, গোলপোস্টের সামনে তাঁর পেছনে আর কোনো খেলোয়াড় থাকেন না। অথচ ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত শ্রাবণই ছিলেন বাংলাদেশের অন্যতম ভরসা। ম্যাচের দ্বিতীয় মিনিটে আলী উজাইরের দূরপাল্লার শট ঠেকান তিনি। এরপর ৭৬ মিনিটে আদিল নবীর ফ্রি-কিক এবং আলী খানের নিশ্চিত গোলের সুযোগও আটকে দেন। গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচেও গোলপোস্ট আগলে রেখেছিলেন তিনি।কিন্তু সেমিফাইনালের শেষ দিকে তাঁর একটি ভুলেই সব হিসাব বদলে যায়। তবে এখানে বড় প্রশ্ন হলো, ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ কেন পাকিস্তানের জালে একবারও বল পাঠাতে পারল না? গোল করার সুযোগ তৈরি ও কাজে লাগাতে কেন ব্যর্থ হলো দলের আক্রমণভাগ? বাংলাদেশের এই বিদায়ের পেছনে গোলকিপারের ভুলের পাশাপাশি দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও তাই প্রশ্ন উঠছে। এখানেই কোচ টমাস ডুলির কৌশলে বড় ধরনের গলদ চোখে পড়েছে। ম্যাচে ৬০ শতাংশের বেশি বলের দখল বাংলাদেশের পায়ে ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল অনেকটাই উদ্দেশ্যহীন। কোচ সম্ভবত পাকিস্তানের শক্তির দিকটা সঠিকভাবে পড়তে পারেননি বা অতি আত্মবিশ্বাসে পড়ার চেষ্টা করেননি। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে আসা পাকিস্তান দলটির সামর্থ্য সম্পর্কে ডুলির স্পষ্ট ধারণা ছিল বলে মনে হয় না। সেমিফাইনালের আগে পাকিস্তান যে ৫ জন ইউরোপীয় প্রবাসী ফুটবলার যুক্ত করে দলের শক্তি বাড়িয়েছে এবং পেরুর কোচ নলবার্তো সোলানোর অধীন তারা যে ঢাকার মাঠে বাংলাদেশকে এভাবে রুখে দিয়ে জিতে যেতে পারে, তা নিয়ে দলের ভেতর পর্যাপ্ত কাজ হয়েছে সেটা বিশ্বাস করা কঠিন। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তান জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সোলানো দলটিকে বেশ গোছানো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছেন। বিশেষ করে প্রবাসী ও তরুণ ফুটবলারদের দলে ভিড়িয়ে এবং রক্ষণভাগ শক্তিশালী করে পাকিস্তানের খেলায় স্পষ্ট উন্নতি এনেছেন এই কোচ। সোলানো বাস্তববাদী ফুটবলে বিশ্বাস করেন। পাকিস্তানের মতো তুলনামূলক দুর্বল দলের দায়িত্ব নেওয়ার পর মূলত ৫-৩-২ ফরমেশনে রক্ষণ সামলে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলাতে পছন্দ করেন। বাংলাদেশের বিপক্ষে ঠান্ডা মাথায়, অঙ্ক কষে তারা সেই প্রতি আক্রমণের ছকেই সফল হয়েছে। দলটি যখন অধিনায়ক আবদুল্লাহ ইকবাল ও ঈসা সুলাইমানদের গড়া শারীরিক সামর্থ্যনির্ভর লো ব্লক দারুণ কার্যকর করে তুলেছিল, সেই প্রাচীর ভাঙার কোনো বিকল্প পরিকল্পনা বাংলাদেশ কোচের হাতে ছিল বলে মনে হয়নি। সাফের সেমিফাইনালের মতো এত বড় ম্যাচে একজন কোচের বিকল্প পরিকল্পনা না থাকলে শেষ পর্যন্ত জেতা কঠিনই। হ্যাঁ, গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হামজা চৌধুরীকে কিছুটা ওপরে খেলিয়ে কোচ সফল হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের মতো শারীরিকভাবে শক্তিশালী ও দীর্ঘদেহী দলের বিপক্ষে হামজাকে ওপরে রাখায় মাঝমাঠের রক্ষণাত্মক সুরক্ষা ভেঙে পড়ে। ফলে প্রতি আক্রমণে পাকিস্তান বারবার বিপজ্জনক হয়ে ওঠে। প্রথমার্ধেই পাকিস্তানের আবদুল সামাদ আরশাদের একটি শট পোস্টে লেগে ফিরে এসেছিল, যা ছিল বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। এ ছাড়া সাদ উদ্দিনের ইনজুরির পর রক্ষণভাগে অভিজ্ঞ তপু বর্মণকে বেঞ্চে বসিয়ে রেখে রহমত মিয়াকে খেলানো এবং দ্বিতীয়ার্ধে খেলায় গতি আনতে দেরিতে বদলি নামানো কোচের কৌশলগত দুর্বলতাকেই ফুটিয়ে তোলে। তিন বছর আগের সাফের যাঁর আবির্ভাব, সেই শেখ মোরছালিন কোথায়? জামাল ভূঁইয়া আর ফাহামিদুলকে নামানো হলো যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। ওই সময়ে নেমে তাঁরা কী করবেন? ভুটান ম্যাচের নায়ক ইব্রাহিম এলেন ৬২ মিনিটে। এরপর বিশ্বনাথ ঘোষ। এসব বদল বাংলাদেশের খেলায় কোনো প্রভাবই ফেলেনি। ব্যক্তিগত নৈপুণ্যে অধিনায়ক হামজা চৌধুরী পুরো টুর্নামেন্টেই দলের সেরা সম্পদ অবশ্যই। সেমিফাইনালেও তিনি নিখুঁত পাস ও দূরপাল্লার শটে খেলা তৈরির চেষ্টা করেছেন। কখনো আক্রমণ ও কখনো রক্ষণে সহায়তা করে বরাবরের মতোই অবদান রাখতে চেয়েছেন। কিন্তু পাকিস্তানের কড়া মার্কিং এবং টানা ম্যাচ খেলার ক্লান্তি তাঁকে শেষ দিকে কিছুটা নিষ্প্রভ করে দেয়। অন্যদিকে শমিত সোম মাঠজুড়ে প্রচুর দৌড়েছেন এবং প্রথমার্ধে তাঁর হেড থেকেই ২৭ মিনিটে রাকিব হোসেন ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিলেন যা পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট দারুণ দক্ষতায় রুখে দেন এবং পোস্টে লেগে ফিরে আসে। তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও উচ্চতায় পিছিয়ে থেকেও ব্যক্তিগত চেষ্টায় সুযোগ তৈরির লড়াই করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর অমন চোখধাঁধানো গোল দেখে অনেকেই ভেবেছিলেন ফারহান বড় কিছু করতে পারবেন। তাঁর প্রতিভা নিশ্চয়ই আছে। কিন্তু পাকিস্তানের রক্ষণ তাঁকে ভালোভাবে সামলাতে যা যা করা দরকার, সবই করেছে। ৫ ডিফেন্ডার নিয়ে পাকিস্তানের রক্ষণের প্রশংসা করতেই হবে, প্রতিপক্ষকে কোনো বাজে ফাউল না করে এবং কোনো ফ্রি–কিক না দিয়ে নিজেদের কাজটা ভালোভাবে করে যাওয়া ছিল দেখার মতো। বাংলাদেশের মূল সমস্যাটা ছিল দলীয় বোঝাপড়ায়। হামজা, শমিত, কাজেমরা ইউরোপীয় ধাঁচের দ্রুতগতির পাসিং ফুটবল খেলতে চাইলেও ফরোয়ার্ডদের অব দ্য বল মুভমেন্ট এবং ফিনিশিংয়ের দুর্বলতার কারণে প্রবাসী মিডফিল্ডারদের তৈরি করা সুযোগগুলো ফাইনাল থার্ডে গিয়ে বারবার নষ্ট হয়েছে। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের শারীরিক ফুটবলের সামনে মাঝমাঠের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে বাংলাদেশ। ডুলির উইং ব্যাকদের খুব একটা উঠতে দেখা যায়নি, তাই বক্সে ক্রসও খুব একটা হয়নি। পরিসংখ্যান বলছে এই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে ১৭টি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ৭টিতে আর পাকিস্তান ৬টিতে, ড্র বাকি ৪টিতে। সর্বশেষ ২০১৩ সালে কাঠমান্ডু সাফে পাকিস্তানের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৩ বছর তাদের বিপক্ষে অপরাজিত ছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকের সামনে ২০০৩ সালের সেই সোনালি স্মৃতি ফিরিয়ে আনার আকাশছোঁয়া প্রত্যাশার চাপ খেলোয়াড়েরা সামলাতে পারেননি। ২০১৮ সালে এই মাঠেই নেপালের বিপক্ষে যেভাবে চাপের মুখে ভেঙে পড়েছিল দল, এবারও সেই একই মানসিক দুর্বলতার পুনরাবৃত্তি ঘটল। শ্রাবণের ভুলের পরও আরশাদ যখন বক্সে ঢুকে শট নেন, তখন জিদান ও জায়ানদের মতো ডিফেন্ডাররা তাঁকে ব্লক করতে ব্যর্থ। ম্যাচ শেষে অধিনায়ক হামজা চৌধুরী নির্দিষ্ট কাউকে দোষারোপ না করে এই ব্যর্থতাকে দলগত হার হিসেবেই মেনে নিয়েছেন। বাস্তবতাও তা–ই। শ্রাবণের ভুলটি শুধুই কফিনে শেষ পেরেক ঠুকেছে মাত্র। কিন্তু তার আগে ৮৫ মিনিট ধরে ফরোয়ার্ডদের গোল করতে না পারা এবং প্রতিপক্ষের নতুন শক্তিকে বুঝতে না পারা এবং চাপের মুখে কোচের কৌশলের অভাবই মূলত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। গ্যালারির হতাশ দর্শকদের দীর্ঘশ্বাস নিয়ে তাই আরও একবার সাফের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো লাল–সবুজের প্রতিনিধিদের। ২০০৩ ঘরের মাঠে একমাত্র সাফ জয়ের পর ২৩ বছরেও অপেক্ষা ফুরোল না। ফিরে এল না আরেকটা ২০০৩। এর দায় গোটা বাংলাদেশ দলেরই, একা শ্রাবণের নয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream