সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির একজন সংসদ সদস্য। শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরা জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি তাসনিমকে বলেন, ‘পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে।’ তিনি বলেন, ইরানের জবাব কোনো হামলার ব্যাপ্তি বা অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই এই জবাব হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’। এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেন এই সংসদ সদস্য।  তিনি সতর্ক করে বলেন, ‘উপযুক্ত সময়ে’ ইরানি বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

যুদ্ধ বন্ধের আশায় ব্যারেলপ্রতি কমল তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এ খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইরান ও কাতারের সরকারি কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে।সোমবার দুপুর ১২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০৯ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম নেমে আসে ১০০ ডলার ৫০ সেন্টে। অয়েলপ্রাইস ডটকম ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত অক্টোবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই মাসের শেষ কার্যদিবস ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে ওঠে। পুরো অক্টোবরে ব্রেন্টের দাম বেড়েছিল ১৩ দশমিক ৬ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ১৫ দশমিক ২ শতাংশ। আগামীকাল ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। আশঙ্কা ছিল, এই নির্বাচন সামনে রেখে ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হবে। ফলে তেলের বাজারে বাড়তি চাপ তৈরি হয়। নির্বাচন শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক পদক্ষেপ আরও জোরালো হতে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে গত সপ্তাহের মূল্যবৃদ্ধির পর কূটনৈতিক আলোচনার খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, গত সপ্তাহে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পর বাজারে কিছুটা সংশোধন হয়েছে। তবে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ও অবস্থান আরও কঠোর হলে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি যেতে পারে বলে সতর্ক করেছেন ওয়াটারার। তবে এবার তেলের দাম এতটা যে বাড়েনি, বিশ্লেষকদের মতে তার মূল কারণ হলো চীনের চাহিদা কমে যাওয়া। চীনের প্রবৃদ্ধির গতি অনেক দিন ধরেই শ্লথ। সেই সঙ্গে তাদের বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়েছে। আরও অনেক দেশের চীনের পথ অনুসরণ করে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াচ্ছে। ফলে বিশ্ববাজারে তেলের চাহিদা অনেকটা কমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার বলেছেন, কাতারের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতেই আলোচনা হচ্ছে। আলোচনায় অগ্রগতিও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ইরান প্রতিরক্ষা ও কূটনীতি—উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বন্ধে কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেলেও যুদ্ধের অবসান নিয়ে এখনো নিশ্চিত সমঝোতা হয়নি। ফলে তেলের বাজার দুটি বিষয়ই বিবেচনা করছে। একদিকে কূটনৈতিক অগ্রগতি হতে পারে, আরেক দিকে সংঘাত বেড়ে যাওয়ারও আশঙ্কা আছে। তেলের দাম বাড়বে না কমবে, সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওপেক ও সহযোগী দেশগুলো। সাধারণত দেখা যায়, এই জোট উৎপাদন বাড়ালে তেলের দাম কমার সম্ভাবনা সৃষ্টি হয়, উৎপাদন কমালে উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়। তবে তেলের দাম শুধু উৎপাদনের ওপর নির্ভর করে না। চাহিদা, মজুত, ভূরাজনৈতিক ঝুঁকি, পরিবহন ব্যয় ও ডলারের বিনিময়মূল্যও গুরুত্বপূর্ণ। চলমান অনিশ্চয়তার মধ্যে ডিসেম্বর মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে ওপেক প্লাস। গতকাল সৌদি আরব, রাশিয়াসহ সাতটি গুরুত্বপূর্ণ সদস্যদেশের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় উৎপাদন হ্রাস–বৃদ্ধির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে এই জোট। ২৯ নভেম্বর ওপেক প্লাসের পরবর্তী বৈঠকে ২০২৭ সালের উৎপাদন নিয়ে আলোচনা হতে পারে।

যুদ্ধ বন্ধের আশায় ব্যারেলপ্রতি কমল তেলের দাম

সংঘাত কমার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের দাম নিম্নমুখী হয়। সংঘাত নিরসনে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে এ পরিবর্তন দেখা গেছে। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে ১০১ ডলার ৭৪ সেন্ট হয়েছে। তবে সংঘাতের কারণে সরবরাহে অনিশ্চয়তা থাকায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে উদ্বেগ কাটেনি। এ দরপতনের ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির একটি অংশ কমে এসেছে। তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, শান্তি আলোচনার সম্ভাবনা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে সংঘাত আরও বাড়লে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে পারে, যা বিশ্ববাজারে তেলের দামকে আবারও প্রভাবিত করতে পারে।

সংঘাত কমার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার আভাসে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সোমবার (২৬ অক্টোবর) তেলের দাম কমে আসে। এর আগে গত সপ্তাহে দাম বেড়ে প্রায় ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল। তবে সৌদি আরবে ধারাবাহিক হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। তাই সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ৭৬ সেন্ট কমে যায়। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০১ ডলার ৫১ সেন্টে। দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১ ডলার ৪৯ সেন্ট। ১ দশমিক ২৮ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১১৫ ডলার ২৩ সেন্টে।শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর ফলে সেদিন তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। সপ্তাহ শেষে ব্রেন্টের দাম বেড়েছিল ৬ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ২ দশমিক ৩ শতাংশ।এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। এ লক্ষ্যে রোববার কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের রাজধানী তেহরানে যান। পরিস্থিতি সম্পর্কে অবগত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া মক্কা চুক্তিভুক্ত দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সোমবার তেহরানে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবে হামলা বৃহত্তর সংঘাতে চাপের জায়গা হয়ে ওঠার পর এটিই তাদের প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। ফিলিপ নোভার বাজার বিশ্লেষণপ্রধান প্রিয়াঙ্কা সচদেব বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে সরবরাহ ঝুঁকি দৃঢ়ভাবে রয়ে গেছে। বর্তমান পতন মূলত অবস্থান সমন্বয় ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন, অন্তর্নিহিত সরবরাহ পরিস্থিতিতে অর্থপূর্ণ কোনও উন্নতির নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল সোমবার সিঙ্গাপুরে এক শিল্প সম্মেলনে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আবারও তুলে ধরেন। তিনি বলেন, ২০২৭ সালে জ্বালানি বাজার ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে তিনি আশা করেন না।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার আভাসে কমল তেলের দাম

আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলারে উঠল তেলের দাম

আবার ১১০ ডলার হলো আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। এই অপরিশোধিত তেলের দাম তিন–চার দিন ধরেই বাড়তি আছে। গত সপ্তাহেও তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছিল। পরে অবশ্য ১০৬-১০৭ ডলারে নেমে আসে। মে মাসের পর ব্রেন্টের দাম এই পর্যায়ে ওঠেনি। গত ১৯ মে ব্রেন্টের দাম ছিল ১১১ দশমিক ২৮ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আজ ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮১ ডলার হয়েছে। বাজার এখনো চলমান। অয়েলপ্রাইসডটকম থেকে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা চলছে। যুদ্ধের প্রথম দিকে তেলের দাম দ্রুত বেড়ে যায়। পরে যুদ্ধবিরতির খবরে দাম কমলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে দেখা যায়, চলতি বছরের মে মাসে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলারের ওপরে থাকলেও জুনের শেষে তা কমে ৭৩ ডলারে নেমে আসে। এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তখন বাজারে প্রত্যাশা তৈরি হয়, সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। তবে জুলাই থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেই সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। দাম আবার বাড়তে থাকে। তেলের বাজারে প্রকৃত সরবরাহের পাশাপাশি ভূরাজনৈতিক ঝুঁকির বড় প্রভাব রয়েছে। হরমুজ প্রণালি ও সৌদি আরবের অবকাঠামোতে হামলার ঝুঁকিতে থাকলে তেলের দাম আরও বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলারে উঠল তেলের দাম

এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

এলপিজির বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দাবি আদায়ে ধর্মঘটের মাধ্যমে সরবরাহে বিঘ্ন ঘটিয়ে বারবার দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তারা।  বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী এসব কথা বলেন। সারা দেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ কর্মসূচির মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, ‘জ্বালানি খাতে বৈশ্বিক সংকটের কারণে এলপিজি আমদানি ও সরবরাহে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও আমদানির উৎস নিয়ে অনিশ্চয়তার মধ্যেও ভোক্তাদের জন্য সহনীয় দামে এলপিজি সরবরাহের চেষ্টা করছে সরকার।’ যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের বেসরকারি আমদানিকারকদেরও বিকল্প উৎস খুঁজতে হচ্ছে। দীর্ঘ মেয়াদে সরবরাহে ঘাটতি এড়ানো ও আগামী বছর পর্যাপ্ত এলপিজি সরবরাহ নিশ্চিত করার কৌশল নিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে।’ সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের বিষয়েও আলোচনা চলছে। ৩০ অক্টোবর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনা হবে।’ বাজারে ডিলার পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনকে সক্রিয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’  প্রতিবেশী দেশ ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার বিষয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ভারতে সরকার ভর্তুকি দিয়ে এলপিজির দাম কম রাখে। নির্দিষ্ট কর্মসূচির আওতায় সুবিধাভোগী ব্যক্তিরা সেখানে এলপিজি পান। বাংলাদেশে এ ধরনের ভর্তুকি নেই। বেসরকারি আমদানিকারকেরা এলপিজি আমদানি করে উন্মুক্ত বাজারে বিক্রি করেন। ফলে আন্তর্জাতিক বাজারের দামের প্রভাব দেশের বাজারেও পড়ে।’  একই সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এলপিজির সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে সরকার। তবে দাবি আদায়ে ধর্মঘটের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করা হলে তা বরদাশত করা হবে না।’ তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলো এলপিজি আমদানি করে। সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। তবে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে।’ ব্যবসায়ীদের লাভ-লোকসান, কমিশনসহ বিভিন্ন বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কথা শুনতে ও যৌক্তিক সমস্যার সমাধান করতে প্রস্তুত। তবে কেউ নিজের স্বার্থে বাজারব্যবস্থার অপব্যবহার করলে বা জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার তা মেনে নেবে না।’ প্রসঙ্গত, ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। গত সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সেলিম খান এ ঘোষণা দেন। তিনি জানান, দাবি পূরণ না হলে দুই দিনের কর্মসূচির পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এই পরিস্থিতিতে আজ বুধবার এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করে সরকার। 

এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

জ্বালানির দাম বৃদ্ধি, রুশ ডিজেল কেনা নিয়ে ট্রাম্পকে ঘিরে বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং রুশ ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। এ খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। কমিটির ডেমোক্র্যাট সদস্যদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস পেট্রল ও ডিজেলের দাম বাড়ার জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন। তিনি বলেন, তার বিপর্যয়কর ইরান যুদ্ধ গ্যাস ও ডিজেলের দাম আকাশচুম্বী করেছে এবং আমেরিকানরা এর মূল্য দিচ্ছেন। শুক্রবার ট্রাম্পের রুশ জ্বালানি কেনার ঘোষণারও সমালোচনা করেন মিকস। তার ভাষ্য, রুশ জ্বালানির ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আইনে প্রেসিডেন্ট সই করার কয়েক সপ্তাহের মাথায় এ ঘোষণা এল। মিকস বলেন, আমি এই নীতি উল্টে ফেলার নিন্দা জানাই। ইউক্রেনে আগ্রাসনের জন্য পুতিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির বদলে ট্রাম্প তাকে তোষণ করেই যাচ্ছেন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। নভেম্বর ও তার পরে আরও চালান পাঠানোর পরিকল্পনা রয়েছে।

জ্বালানির দাম বৃদ্ধি, রুশ ডিজেল কেনা নিয়ে ট্রাম্পকে ঘিরে বিতর্ক

অর্লেনের ভেনেজুয়েলা তেল কাণ্ডে ‘বিশ্বের সামনে লজ্জিত’ পোল্যান্ড

পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ‘অর্লেন’ (Orlen)-এর ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল কেনার চেষ্টা করতে গিয়ে অন্তত ২৩ কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) লোকসান হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর এক সাম্প্রতিক প্রতিবেদনের সূত্র ধরে তিনি মন্তব্য করেছেন, এই ঘটনা পোল্যান্ডকে ‘সারা বিশ্বের সামনে লজ্জিত’ করেছে। অনিরাপদ প্রক্রিয়ায় অর্থ লেনদেন, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্যবহার এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের ফলে রাষ্ট্রীয় এ বিপুল অর্থের ক্ষতি হয়েছে বলে দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে দেশের ইতিহাসের ‘অন্যতম বড় কেলেঙ্কারি’ হিসেবে আখ্যা দিয়ে এর জন্য পূর্ববর্তী ‘ল অ্যান্ড জাস্টিস’ (পিআইএস) সরকার ও তাদের নীতিকে দায়ী করেছেন। ঘটনার সময় অর্লেনের প্রধান নির্বাহী পদে ছিলেন দানিয়েল ওবায়েতেক। তিনি বর্তমানে ইউরোপীয় পার্লামেন্টে বিরোধী দল পিআইএসের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে অর্লেন প্রথম প্রকাশ করে যে তাদের সুইজারল্যান্ডভিত্তিক সাবসিডিয়ারি ‘অর্লেন ট্রেডিং সুইজারল্যান্ড’ (ওটিএস) ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম সামগ্রী আমদানির জন্য অগ্রিম হিসেবে প্রায় ৪০ কোটি ডলার দিয়েছিল। কিন্তু পুরো টাকাটাই জলে গেছে। প্রতিশ্রুতি অনুযায়ী ওই তেল কখনোই সরবরাহ করা হয়নি। পোল্যান্ডের তৎকালীন পিআইএস সরকারের পতনের পর টাস্ক সরকার অর্লেনের প্রধান নির্বাহীর পদ থেকে ওবায়েতেক বরখাস্ত করে নতুন ব্যবস্থাপনা নির্দেশক নিয়োগ দেয়। অনুসন্ধানে দেখা যায়, হারানো অর্থের মধ্যে প্রায় ২৪ কোটি ডলার দুবাইভিত্তিক এক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, যা পরিচালনা করতেন হংকংয়ের ২৫ বছর বয়সী এক তরুণ। পরবর্তীতে পোলিশ প্রসিকিউটররা এই লেনদেনের বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেন। তদন্ত সূত্রে জানা যায়, ২০২৩ সালে ওটিএস-এর তৎকালীন প্রধান সামের এ. (আইনি সীমাবদ্ধতার কারণে যার পুরো নাম প্রকাশ করা হয়নি) মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভেনেজুয়েলার তেল আমদানির উদ্যোগ নেন। কোনো ধরনের জামানত বা নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই এসব মধ্যস্থতাকারীদের ২৩ কোটি ডলার অগ্রিম দেওয়া হয়েছিল। সেই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভেনেজুয়েলার তেলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করলেও দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পিডিভিএসএ’ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ছিল। ফলে এই লেনদেন সম্পন্ন করতে ক্রিপ্টোকারেন্সির আশ্রয় নেওয়া হয়। অর্লেনের ভাড়া করা জ্বালানিবাহী জাহাজ মাসের পর মাস সাগরে অলস বসে থাকলেও শেষ পর্যন্ত তেল পৌঁছায়নি, আর অগ্রিম অর্থও গায়েব হয়ে যায়। পোল্যান্ডের মন্ত্রিসভার বৈঠকের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ‘ফিন্যান্সিয়াল টাইমসে যা প্রকাশ পেয়েছে তা সারা বিশ্বের সামনে আমাদের লজ্জিত করেছে। এটি আমাদের দেশের ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি।’ টাস্ক সরাসরি বিরোধী দল পিআইএসকে লক্ষ্য করে বলেন, ‘এই ঘটনায় পিআইএস সরকারের আমলের সব অপকর্মের রূপ ফুটে উঠেছে—যার মধ্যে নোংরা লেনদেন থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার অন্তর্ভুক্ত।’ প্রধানমন্ত্রী টাস্ক আরও অভিযোগ করেন, সরকারের প্রতি বিরূপ ভাবাপন্ন বর্তমান প্রেসিডেন্ট কারোল নাভরোকি সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিলে বাধা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা সম্ভবত একটি অত্যন্ত বিপজ্জনক ও নোংরা লেনদেন চক্রের মুখোমুখি হয়েছি।’ এদিকে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অর্লেনের সাবেক সিইও দানিয়েল ওবায়েতেক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রতিবেদনে ওটিএস মামলার একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে। আমি চাই বিষয়টি পোল্যান্ডের আদালতে পুরোপুরি স্পষ্ট হোক।’ তিনি উল্টো বর্তমান পরিচালনা পর্ষদের সমালোচনা করে দাবি করেন, নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খুব তাড়াহুড়ো করে চুক্তিটি বাতিল করেছে, নতুবা তেল পোল্যান্ডে পৌঁছাত। ওবায়েতেকের দাবি, দেশের বর্তমান জ্বালানির রেকর্ড মূল্য বৃদ্ধি থেকে জনগণের মনোযোগ সরাতে টাস্ক সরকার এই পুরোনো মামলাটিকে আবার সামনে আনছে। ওবায়েতেকের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে অর্লেনের বর্তমান প্রেস অফিস। সামাজিক যোগাযোগমাধ্যমে ওবায়েতেকের পোস্টের নিচে তাদের পক্ষ থেকে লেখা হয়, ‘ফিন্যান্সিয়াল টাইমসের মূল খবরটি ছিল কীভাবে আপনার সময়ে দুবাইয়ের এক ২৫ বছরের তরুণের সংস্থায় পোল্যান্ডের কোটি কোটি ডলার স্থানান্তর করা হয়েছিল। সে ওই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে ইউএসবি ড্রাইভে নেয় এবং রেস্তোরাঁয় বসে তেল ব্যবসায়ী সেজে থাকা ব্যক্তিদের হাতে তুলে দেয়...এই নাটকে কেবল অর্লেনের খোয়া যাওয়া টাকাটাই সত্যি।’ ওয়ারশর আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ওটিএসের তৎকালীন প্রধান সামের এ.-কে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পোল্যান্ডে প্রত্যর্পণের আইনি চেষ্টা অব্যাহত রয়েছে। যদিও গত বছর ইউএই পোল্যান্ডের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। প্রসিকিউটররা আরও জানান, পোল্যান্ড ও ওটিএসের সম্পত্তি সুরক্ষায় ব্যর্থ হয়ে কোম্পানির ৩৭ কোটি ৮০ লাখ ডলার আর্থিক ক্ষতির মুখোমুখি করায় গত মাসে অর্লেনের সাবেক তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়েছে। উল্লেখ্য, গ্রামাঞ্চলের একজন সাধারণ মেয়র থেকে মাত্র তিন বছরের মধ্যে পোল্যান্ডের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সিইও হয়ে ওঠা দানিয়েল ওবায়েতেকের বিরুদ্ধে আগেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত বছর ইউরোপীয় পার্লামেন্ট তাঁর আইনি সুরক্ষার অধিকার (ইমিউনিটি) বাতিল করে, যার ফলে তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার পথ উন্মুক্ত হয়।

অর্লেনের ভেনেজুয়েলা তেল কাণ্ডে ‘বিশ্বের সামনে লজ্জিত’ পোল্যান্ড

হরমুজে উত্তেজনা, ১০০ ডলারের পথে তেল

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে মারাত্মক ব্যাঘাতের কারণে ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে ঊর্ধ্বমুখী রয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৭ ডলারের কাছাকাছি অবস্থান করার তথ্য নিশ্চিত করা হয়েছে।গত সপ্তাহে তেলের বাজারের দর জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়। তেলের বাজার বিশ্লেষণে আন্তর্জাতিক বাজারে সরবরাহের অনিশ্চয়তাই তেলের মূল্যে অতিরিক্ত ঝুঁকি বা প্রিমিয়াম যুক্ত রাখছে। আজ সকাল সাড়ে আটটার বাজার চিত্র অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৬৯ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়ে ৯২ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। তবে মারবান ক্রুড ১ দশমিক ৩৬ শতাংশ কমে ১০৩ দশমিক ৩০ ডলার এবং প্রাকৃতিক গ্যাসের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ২ দশমিক ৯২৯ ডলারে নেমেছে। বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এক প্রতিবেদনে রয়টার্স জানায় যে একটি নির্দিষ্ট সময়ে মাত্র চারটি জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পেরেছে, যা সাধারণ ১০ দিনের গড়ে দৈনিক ১৩টির তুলনায় অনেক কম। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে একদিনে সর্বোচ্চ ১৭ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ ঝুঁকির মুখোমুখি হয়ে ব্রেন্ট ক্রুড বর্তমানে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের চেয়ে ব্যারেল প্রতি প্রায় ৪ দশমিক ৬৬ ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত বাড়লে বা জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এই মূল্যের পার্থক্য আরও বাড়তে পারে। সূত্র: গালফ নিউজ

হরমুজে উত্তেজনা, ১০০ ডলারের পথে তেল

বিশাল তেলবাহী কিকু পাড়ি দিল হরমুজ প্রণালি

গ্রিসের মালিকানাধীন বিশাল তেলবাহী জাহাজ কিকু ২৫ জুলাই বিকেলে কাতারের মেসাইয়েদ তেল রপ্তানি টার্মিনালে পৌঁছায়। ৩০টি জাহাজ একসঙ্গে দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত এই বিশাল বন্দরে নোঙর করতে পারে। দোহার প্রায় ২৫ মাইল দক্ষিণে এই বন্দরটি। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বোঝাই করে কিকু চার দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করে। এটি ছিল ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির জাহাজ, অর্থাৎ সবচেয়ে বড় ধরনের তেলবাহী ট্যাংকার। ১ হাজার ফুটেরও বেশি এর দৈর্ঘ্য। পারস্য উপসাগর পেরিয়ে যাওয়ার সময় জাহাজটি ঘণ্টায় ১৩ নট গতিতে চলছিল, যা এর সর্বোচ্চ গতির কাছাকাছি। এরপর ৩১ জুলাই দুপুর ২টার কিছু পর দুবাই উপকূলের কাছে হঠাৎ কিকু উধাও হয়ে যায়। তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম–এআইএস ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল জাহাজটি। এই সামুদ্রিক রেডিও ডিভাইসের মাধ্যমে একটি জাহাজের পরিচয়, গতি, গতিপথ ও অবস্থান জানা যায়। বিশ্বজুড়ে সামুদ্রিক যানবাহন পর্যবেক্ষণকারী ট্র্যাকিং পরিষেবাগুলোর কাছে মনে হলো, কিকু যেন হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। কিন্তু ১ আগস্ট সকাল ১০টায় আবারও কিকুকে খুঁজে পাওয়া গেল। তবে এবার সেটি হরমুজ প্রণালির অন্য পাশে। এটি তেল শিল্পের নতুন কৌশলের অংশ—রাতে ‘ডার্ক’ বা গোপন অবস্থায়, অর্থাৎ ট্রান্সপন্ডার বন্ধ রেখে, মার্কিন সামরিক বাহিনীর পাহারায় হরমুজ প্রণালি পার হওয়া। লক্ষ্য হলো ইরানের ড্রোন হামড়া এড়ানো। এক মাস আগেও কিকুকে একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেই ড্রোনটি বিস্ফোরিত না হওয়ায় জাহাজটি রক্ষা পায়। মার্কিন নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানিগুলো এখন এমন তেলবাহী জাহাজ ভাড়া করছে, যেগুলো ট্রান্সপন্ডার বন্ধ করে পারস্য উপসাগর থেকে তেল নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে যাচ্ছে। সেখানে অপেক্ষমাণ ক্রেতাদের মালিকানাধীন অন্য ট্যাংকারে তেল তুলে দিয়ে তারা আবার প্রণালি পেরিয়ে ফিরে আসছে। এর ফলে ইরানের হামলার ঝুঁকি ও বিমার অতিরিক্ত খরচের বোঝা বাণিজ্যিক জাহাজ পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরে গিয়ে পড়ছে মার্কিন সরকার ও তেল উৎপাদকদের ওপর। মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের মতে, এই কৌশল কার্যকর প্রমাণিত হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৮০ লাখ থেকে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এটি বিপুল পরিমাণ। ট্রান্সপন্ডার সংকেতের ওপর নির্ভর করা ওয়াল স্ট্রিটের তেল বিশ্লেষক এবং কেপলারের মতো শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ তেল পরিবহনের হিসাব দেয়, তার প্রায় দ্বিগুণ। এই গোপন বা ‘ডার্ক’ যাতায়াত মধ্যপ্রাচ্যের তেল শিল্পের হিসাব-নিকাশই বদলে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দুই দিনে ওমান উপসাগরে এক ডজনেরও বেশি জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর প্রত্যক্ষ করেছে। এসব তেলবাহী জাহাজ পরে চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশের দিকে রওনা হয়েছে। এটি ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল একটি কৌশল। তবে আপাতত এটি তেলের বাজারকে কিছুটা স্বস্তি দিচ্ছে। যুদ্ধের আপাত সমাপ্তি এবং হরমুজ প্রণালির জন্য দীর্ঘমেয়াদি কোনো স্থায়ী পরিকল্পনা এখনও অধরা। ফলে এই বিকল্প ব্যবস্থা অন্তত কিছুটা সময় কিনে দিচ্ছে। কিকুর সাম্প্রতিক যাত্রার মতো ‘ডার্ক ট্রানজিট’ বেড়ে যাওয়ার ঘটনা জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে। ইরান যুদ্ধ অনেকের ধারণার চেয়ে অনেক বেশি সময় ধরে চলছে। গত ছয় মাসে এটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত করেছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। বাণিজ্যিক মজুত থেকে কয়েক বিলিয়ন ব্যারেল তেল ও জ্বালানি উধাও হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুত ১৯৮০-এর দশকের শুরুর পর আর কখনও এত কম ছিল না। তেলের দাম ১৫০ ডলারে পৌঁছানো ঠেকাতে চীনের বিশাল তেল মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু সেই মজুতও চিরকাল ব্যবহার করা সম্ভব নয়। একই সঙ্গে বন্ডবাজারের বিনিয়োগকারী ও ভোটাররাও উচ্চ দামের কারণে ধৈর্য হারাচ্ছেন। এই দুঃস্বপ্নের পরিস্থিতির মুখে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরা গত কয়েক সপ্তাহে নতুন কৌশলটি ব্যবহার শুরু করেছে। তবে এটি কোনো নিখুঁত সমাধান নয়। হরমুজ প্রণালি অত্যন্ত সরু, কোথাও কোথাও এর প্রস্থ মাত্র ২৩ মাইল। সেখানে লুকিয়ে থাকার জায়গাও খুব বেশি নেই। ট্রান্সপন্ডার বন্ধ থাকলেও রাডারে একটি জাহাজ ধরা পড়তে পারে। চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। তারপরও কেপলারের হিসাব অনুযায়ী, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজের প্রায় ৮০ শতাংশই ‘ডার্ক’ অবস্থায় চলেছে। এসব জাহাজ ইরানের যতটা সম্ভব দূরে থেকে ওমানের উপকূল ঘেঁষে প্রণালি অতিক্রম করছে। তবে আঞ্চলিক সংঘাতের কারণে কিছু ট্র্যাকিং ডেটায় জিপিএস জ্যামিং হয়েছে। ফলে প্রকৃত পরিস্থিতি নির্ভুলভাবে মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। এই নতুন কৌশল ব্যবহারকারী অনেক জাহাজের মতো কিকুও ট্রান্সপন্ডার বন্ধ করার এক দিন পর আবার সংকেত দেয়। তখন সেটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরনগরী ফুজাইরার কাছে নোঙর করা ছিল। ট্রান্সপন্ডার আবার চালু হওয়ার পর কিকু আরেকটি গ্রিক মালিকানাধীন সুপারট্যাংকার নেভ ইলেকট্রনের পাশে নোঙর করে। নেভ ইলেকট্রন তার এক দিন আগে ওমান উপসাগরে পৌঁছেছিল। দুটি জাহাজ সেখানে এক সপ্তাহ পাশাপাশি অবস্থান করে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর করে। ৮ আগস্ট তারা আলাদা হয়ে যায়। নেভ ইলেকট্রন তেলবোঝাই অবস্থায় উপসাগর ছেড়ে আরব সাগরের দিকে যায়। তার গন্তব্য ছিল চীনের নিংবো। অন্যদিকে কিকু ফুজাইরার উপকূলে প্রায় ১৪ আগস্ট পর্যন্ত অবস্থান করে। এরপর আবার সেটি ‘ডার্ক’ হয়ে যায়। পরদিন বিকেল ৪টার কিছু আগে কিকুর সংকেত আবার দেখা যায়। এবার সেটি পারস্য উপসাগরের দিকে ফিরে কাতারের দিকে যাচ্ছিল। মার্কিন সামরিক পাহারায় এই ‘ডার্ক ট্রানজিট’ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকদের নতুন কৌশলের সর্বশেষ উদাহরণ। এর মাধ্যমে তারা বিশ্ববাজারে ক্রেতাদের কাছে আরও বেশি তেল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ, কৌশলের দিক থেকে ইরানকেই পাল্টা চাপে ফেলা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সৌদি আরব। দেশটি প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালিতে অপেক্ষমাণ ট্যাংকারে পাঠানোর পরিবর্তে অন্য পথে পাঠাচ্ছে। এই তেল ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরে যাচ্ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরা প্রতিদিন আরও ২০ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালি এড়িয়ে অন্য পথে পাঠাচ্ছে। বিশ্বের অন্যান্য স্থানেও তেল উৎপাদন বাড়ানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে। ব্রাজিল, গায়ানা ও ভেনেজুয়েলা মিলিয়ে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি অতিরিক্ত তেল উৎপাদন যোগ করেছে। যুক্তরাষ্ট্রও প্রতিদিন আরও কয়েক লাখ ব্যারেল তেল বাজারে যোগ করেছে। এ ছাড়া আরও অনেক কম সমন্বিত এবং সামরিক সুরক্ষা ছাড়া ‘ডার্ক ট্রানজিট’ও কয়েক মাস ধরে চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার জরুরি তেল মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছেড়েছে। এতে দেশটির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত তেল মজুত ব্যাপকভাবে কমে গেছে। চীনও তার বিশাল তেল মজুতের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। একই সময়ে দেশটি অপরিশোধিত তেল আমদানিও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। বিশ্বব্যাপী তেলের চাহিদাও উল্লেখযোগ্যভাবে কমেছে। দাম বাড়ার কারণে মানুষ ও প্রতিষ্ঠান কম তেল ব্যবহার করছে। এটিও তেলের বাজারে ভারসাম্য আনতে এবং প্রয়োজনীয় ক্রেতাদের কাছে তেল পৌঁছাতে সাহায্য করছে। অর্থাৎ, বাজার কোনো না কোনো পথ খুঁজে নিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার সময় বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরাও যে মাত্রার জটিলতা ও নমনীয়তা আশা করেছিলেন, বাস্তবে তেলের বাজার তার চেয়েও অনেক বেশি জটিল এবং নমনীয় বলে প্রমাণিত হয়েছে। রাডার ও স্যাটেলাইটের ছবি হরমুজ প্রণালির এমন একটি চিত্র তুলে ধরছে, যা শুধু ট্রান্সপন্ডার ডেটা দেখে বোঝা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, ১৪ আগস্টের স্যাটেলাইট ছবিতে ওমানের উপকূল ঘেঁষে হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাঁক নিয়ে যাওয়া সারি সারি বিন্দু দেখা যায়। কিন্তু ওই বিন্দুগুলো একই সময়ের জাহাজ-ট্র্যাকিং ডেটার সঙ্গে মেলে না। কারণ ওই ‘বিন্দু’গুলো ছিল এমন জাহাজ, যেগুলো ডার্ক হয়ে গিয়েছিল। আবার ৭ আগস্ট, ট্রান্সপন্ডার ডেটায় দুটি গ্রিক মালিকানাধীন ট্যাংকারকে ওমান উপসাগরে পাশাপাশি দেখা যায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায়, নিসোস কিথনস নামের একটি শাটল ট্যাংকার, যেটি ডার্ক অবস্থায় হরমুজ প্রণালি অতিক্রম করেছিল, ফ্রন্ট ওত্রার পাশে অবস্থান করছে। ১৪ আগস্ট ফ্রন্ট ওত্রাকে আরব সাগরে তাইওয়ানের দিকে যেতে দেখা যায়। অন্যদিকে নিসোস কিথনস তখন আবার পারস্য উপসাগরে ফিরে গেছে। তবে এই ব্যবস্থা চিরকাল চালিয়ে যাওয়া সম্ভব নয়। যুদ্ধ চলাকালে বিশ্বব্যাপী তেলের মজুত প্রায় ১৯০ কোটি ব্যারেল পর্যন্ত কমে গেছে। বাজার যদি আবার ভারসাম্যে ফিরতে পারে, তাহলে পরবর্তী সংকট ঠেকাতে এই মজুতগুলো পুনরায় পূরণ করতে হবে। আর যদি বাজার ভারসাম্যে ফিরতে না পারে, তাহলে মজুত একসময় এত নিচে নেমে যাবে যে বিশ্বব্যাপী তেলের চাহিদা মেটাতে আর সেগুলোর ওপর নির্ভর করা যাবে না। তখন পরিস্থিতি এমন এক বিন্দুতে পৌঁছাবে, যেখানে চাহিদা আরও কমিয়ে আনার জন্য তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোই হবে একমাত্র উপায়। অর্থাৎ দাম এত বাড়াতে হবে যে মানুষ ও প্রতিষ্ঠান বাধ্য হয়ে আরও কম তেল ব্যবহার করবে। জ্বালানি বাজারেও ইতিমধ্যে একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের চারটি প্রধান রিফাইনিং হাবের মধ্যে তিনটি গুরুতর সংকটে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে এবং ওই অঞ্চল থেকে পরিশোধিত জ্বালানি রপ্তানি কমিয়ে দিয়েছে। আরেকটি বড় জ্বালানি সরবরাহকারী রাশিয়াও ইউক্রেনের সঙ্গে চলমান আরেক যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে। একই সময়ে দেশের অভ্যন্তরে জ্বালানি সংকট দেখা দেওয়ায় মস্কো তার জ্বালানি রপ্তানি কমিয়ে দিয়েছে। চীনও নিজ দেশে জ্বালানি সংকট এড়াতে পরিশোধিত জ্বালানি রপ্তানি সীমিত করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন সাধারণত বিশ্ববাজারে একটি বড় জ্বালানি রপ্তানিকারক। ফলে বৈশ্বিক চাহিদার বড় অংশের চাপ এখন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের শোধনাগারগুলোর ওপর পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলোও চিরকাল সর্বোচ্চ সক্ষমতায় চালানো সম্ভব নয়। বিশেষ করে গ্যাস, ডিজেল ও জেট ফুয়েলের চাহিদা এত বেশি, অথচ এগুলো উৎপাদনের জন্য পরিশোধন ক্ষমতা এত সীমিত যে এসব জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। দাম এতটাই বেড়েছে যে অপরিশোধিত তেলের দামের তুলনায় পরিশোধিত জ্বালানির দাম যে মাত্রায় থাকার কথা, তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে আলোচনায় বড় ধরনের অগ্রগতি আসছে বলে আশ্বাস দিয়ে তেলের দাম কম রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর পরিকল্পনা বদলেছে। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হলো ইরানকে অর্থনৈতিকভাবে চেপে ধরা। এর অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর দীর্ঘমেয়াদি নৌ অবরোধ চালিয়ে দেশটির বিরুদ্ধে একটি ‘দুমড়ে মুচড়ে দেওয়া অর্থনৈতিক অভিযান’ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার কারণে কয়েক সপ্তাহ ধরে তেলের দাম ধীরে ধীরে বাড়ছে। দাম এখন প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি চলে যাচ্ছে। দুই দেশ যখন যুদ্ধের এমন এক জটিল ও অচলাবস্থার মধ্যে আটকে আছে, যার সহজ সমাধান দেখা যাচ্ছে না, তখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই তেলের পাশাপাশি বিশেষ করে গ্যাস, ডিজেল ও জেট ফুয়েলের দাম অস্বস্তিকরভাবে উচ্চ পর্যায়ে। এর ফলে ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়ছে এবং তাদের হাতে খরচ করার মতো অর্থ কমে যাচ্ছে। তবে একই সঙ্গে বাজারের এই সংঘাতকে অন্তত আংশিকভাবে পাশ কাটিয়ে যাওয়ার অসাধারণ সক্ষমতা তেলের দামকে আরও ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়া থেকে ঠেকিয়েছে। অর্থাৎ, ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটগুলোর একটি যে মাত্রায় দাম বাড়িয়ে দেওয়ার কথা ছিল, বাজারের নানা বিকল্প পথ তৈরি করার ক্ষমতা সেই বিস্ফোরণকে এখনো অনেকটাই ঠেকিয়ে রেখেছে।

বিশাল তেলবাহী কিকু পাড়ি দিল হরমুজ প্রণালি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream