চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একজন নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ দামুড়হুদা থানায় নিয়েছে। শুক্রবার রাতে দামুড়হুদা কার্পাসডাঙ্গা মুচি বটতলা নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মধু বিশ্বাস দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, মধু বিশ্বাসের ছেলে শামীম হোসেন দর্শনা দুর্গাপুর গ্রামের সোহাগের কাছ থেকে একটি পুরাতন মোবাইল ফোন ক্রায় করে। শামীম এর কাছে সোহাগ মোবাইলের বকেয়া ৫০০ টাকা চাইতে আসে। পাওনা টাকা শামীম এক সপ্তাহ পর দিতে চায়। মুচি বটতলায় কদবেল বিক্রেতা মাদকাসক্ত যুবক কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থান পাড়ার মামুন ছুটে এসে শামীমের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পাশে থাকা শামীমের বাবা ছুটে এসে ঠেকাতে গেলে তাকে মামুন ছুরিকাঘাত করে বুকে ও পেটে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামসুজ্জোহা মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শনিবার।