গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক, সরাসরি দেখাবে বিটিভি
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তি–তর্ক উপস্থাপন করেন। পরে বুধবার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ যুক্তি–তর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এরপর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস, মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ও সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি তুলে ধরেন।
এদিন যুক্তি–তর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন।
হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো। সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপরাধের ঘটনা তুলে ধরেন তিনি।
একপর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি তার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছেন। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখেননি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। কতটা নৃশংস ছিল এসব।
চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। সাক্ষীদের বর্ণনামতে মনে হয়েছে ১৫০ থেকে ২০০ লোককে বিভিন্ন সময়ে নির্বিচারে হত্যা করেছেন তিনি। তবে তারা ১১৫ জনের মতো শনাক্ত করতে পেরেছেন। এত অপকর্মের পরও বারবার পদোন্নতি পেয়েছেন জিয়াউল আহসান। মাতৃবাহিনীতে না গিয়ে স্বৈরাচারী কায়দায় তৎকালীন র্যাবে দীর্ঘদিন কাটিয়েছেন তিনি। সেনাপ্রধান নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন তিনি। এ ছাড়া তিনি ডিপ টেস্টের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল।
এ দিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জিয়াউল হাসান তার সহযোগী কমান্ডার সোহায়েল এবং আজ্ঞাবহ কিছু সাংবাদিককে নিয়ে বিভিন্ন অপারেশনে যেতেন। পরে সেই সাংবাদিকেরা এসে তাদের ভাষ্যমতে সংবাদ প্রচার করতেন। প্রকৃত সংবাদ তারা গোপন করতেন। জিয়াউল আহসান ছিলেন একজন কুখ্যাত সামরিক কর্মকর্তা।
এ ছাড়া অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আজকে যার বিচার হচ্ছে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা প্রধান ও তাঁর সহযোগী সেনা কর্মকর্তারাও। যুক্তি উপস্থাপন করতে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে অবস্থান–সেখানে প্রকারান্তরে পাবলিকলি মিডিয়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের যে প্রচণ্ড আস্থা এবং সম্মান সেটা কিন্তু দু-একজন ব্যক্তির কারণে হানি ঘটেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ধরনের অপরাধের বিচার। এমন দৃশ্যমান বিচার, যাতে ভবিষ্যতে কেউ তার পদ পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারেন।