ডোমারের চিলাহাটিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিশুরা
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজার ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। বিশেষ করে রাতে দলবদ্ধ কুকুরের চলাচল ও পথচারীদের তাড়া করার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্কুলগামী শিশুদের চলাচলও।স্থানীয়রা জানান, চিলাহাটি বাজারসহ আশপাশের বিভিন্ন সড়কে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় বেওয়ারিশ কুকুর। বিশেষ করে রাতের বেলায় পথচারীদের পিছু নেওয়া ও তাড়া করার ঘটনায় অনেকেই আতঙ্কের মধ্যে চলাচল করেন। এতে শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। পাশাপাশি কয়েকটি গৃহপালিত প্রাণীও কুকুরের আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।কিছুদিন পূর্বে একজন স্কুলপড়ুয়া কিশোর সন্ধ্যাবেলা বাসা যাওয়ার পথে তার হাতে কিছু খাবার থাকায় আক্রমণ করে বসে কুকুরের দল। শিশুটি ভয় পেয়ে তার হাতে থাকা খাবারগুলো ফেলে দিয়ে দৌড় দিলে অল্পের জন্য আক্রমণ থেকে বেঁচে যায় ।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের দাবি, জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে স্কুলগামী শিশু, নারী ও রাতে চলাচলকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।